সাঁতার শেখার বিকল্প নেই
পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধের একমাত্র উপায় সাঁতার শেখা। বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ড্রাউনিং রিসার্চ সেন্টার বাংলাদেশের (আইডিআরসিবি) তথ্য অনুযায়ী, শুধু সাঁতারের মাধ্যমেই ৯৬ শতাংশ মৃত্যু রোধ করা সম্ভব।বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে (বিএইচআইএস) ২০০৫ সালে পানিতে ডুবে শিশুমৃত্যু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন প্রকাশের পর সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) শিশুমৃত্যু প্রতিরোধে কাজ শুরু করে। এ ছাড়া পানিতে ডুবে শিশুমৃত্যুর ভয়াবহতা উপলব্ধি করে সিআইপিআরবি চালু করে ঢাকা ইন্টারন্যাশনাল ড্রাউনিং রিসার্চ সেন্টার বাংলাদেশ (আইডিআরসিবি)। এই প্রতিষ্ঠান বাংলাদেশে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছে।সিআইপিআরবি ২০০৬ সালে ইউনিসেফের অর্থায়নে ঝুঁকিপূর্ণ তিনটি জেলার তিনটি উপজেলায় প্রিসাইজ নামের একটি সাঁতার শেখার প্রকল্প চালু করে। প্রকল্পে শিশু সুরক্ষার বিভিন্ন বিষয়ে এলাকার লোকজনকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ওইসব এলাকায় পানিতে ডুবে শিশুমৃত্যুর হার প্রায় ৩০ শতাংশ কমে যায়। এর পাশাপাশি এ প্রকল্পের আওতায় সুইমিং টিচিং নামের একটি কর্মসূচি ছোট আকারে চালু হয়। এখানে প্রশিক্ষকের মাধ্যমে শিশুদের হাতে-কলমে সাঁতার শেখানো হয়। শুরুতে প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, নরসিংদীর মনোহরদী ও শেরপুরের সদর উপজেলায় সীমাবদ্ধ ছিল। এখানে পুকুরে বাঁশ দিয়ে মাচা করে সাঁতার শেখানো হয়েছে।তিন বছর পর দেখা যায়, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সুইমিং টিচিং দারুণ ফলপ্রসূ। প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা দ্রুত সাঁতার শিখে ফেলে। এমনকি এই শিশুরা কখনো পানিতে ডুবে দুর্ঘটনার শিকার হয় না।এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে সিআইপিআরবি ‘জীবনের জন্য সাঁতার’ স্লোগান দিয়ে সুইম সেইফ নাম নিয়ে সাঁতার শেখার প্রকল্পটি বড় আকারে শুরু করে। প্রকল্পে শিশু সুরক্ষার বিভিন্ন বিষয়ে এলাকায় লোকজনকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত ইউনিসেফের অর্থায়নে সিআইপিআরবি, ব্র্যাক, সিএমইএসের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এতে আরও অর্থায়ন করছে সুইম সেইফ প্রোগ্রাম, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওভারসিজ এইড প্রোগ্রাম (এইউএসআইডি), প্ল্যান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন।সিআইপিআরবি জানায়, সুইম সেইফ প্রকল্পের আওতায় চার থেকে ১০ বছরের শিশুদের সাঁতার শেখানো হয়। মূলত যেসব এলাকা পানিতে শিশু ডোবার ক্ষেত্রে অধিক ঝুঁকিপূর্ণ এবং যেখানে পুকুর আছে, সেসব স্থানে সাঁতার শেখার স্থান নির্ধারণ করা হয়। কমিউনিটিতে বৈঠক করে এবং প্রাথমিক বিদ্যালয়ের সাঁতার শেখার প্রয়োজনীয়তার বিষয়ে ধারণা ও বিভিন্ন তথ্য দেওয়া হয়। এতে শিশু ও অভিভাবক উভয়ের পক্ষ থেকেই দারুণ সাড়া মেলে। ধনী-গরিবনির্বিশেষে তারা শিশুদের বেশ আগ্রহ নিয়েই সাঁতার শেখাতে নিয়ে আসে।সিআইপিআরবির টিম লিডার মো. জাহাঙ্গীর হোসাইন প্রথম আলোকে জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার স্থানে দুই লাখ ৮৫ হাজার শিশুকে সাঁতার শেখানো হয়েছে। মূলত মে থেকে অক্টোবর পর্যন্ত এই প্রকল্প চালু থাকে। অন্য সময় পুকুরে পানি কমে যাওয়ায় তা সাঁতার শেখানোর অনুপযোগী হয়ে যায়। চলতি বছর এ প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় ২৪০টি এবং ঢাকায় চারটি স্থানে মোট ৬০ হাজার শিশুকে সাঁতার শেখানো হবে বলে তিনি জানান। এ জন্য তাঁদের রয়েছেন ৫০০ জন প্রশিক্ষক। তিনি আরও জানান, প্রয়োজনীয় অর্থ সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে তাঁদের যে কাঠামো ও প্রশিক্ষক আছেন, তাতে বছরে পাঁচ লাখ শিশুকে সাঁতার শেখানো সম্ভব।জাহাঙ্গীর হোসাইন আরও জানান, প্রতিটি সাঁতার শেখানোর স্থানে ছেলে ও মেয়ে শিশুদের আলাদা করে শেখানোর জন্য পুরুষ ও নারী প্রশিক্ষক থাকেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে যারা ভালো করে, তাদের আবার প্রতিযোগিতার মাধ্যমে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।এদিকে আইডিআরসিবির তত্ত্বাবধানে বর্তমানে সিরাজগঞ্জের রায়গঞ্জে আঁচল নামের একটি প্রকল্প চলছে, যেখানে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত শিশুরা সরাসরি তাদের নজরদারিতে থাকছে। যেহেতু এ সময় গ্রামের মায়েরা কাজে ব্যস্ত থাকেন এবং দুর্ঘটনা বেশি ঘটে।আইডিআরসিবির পরিচালক আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরণের প্রকল্পের মাধ্যমে পানিতে ডুবে শিশুর মৃত্যুঝুঁকি প্রায় ৯৬ শতাংশ কমিয়ে আনা সম্ভব। তিনি আরও জানান, আমাদের এ প্রকল্পের আওতায় কমিউনিটির দুই হাজার ৪০০ লোককে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল শেখানো হয়েছে। এ পর্যন্ত তাঁরা প্রায় ১২৪ জন শিশুকে পানি থেকে উদ্ধার করেছেন। এমনকি প্রাথমিক চিকিৎসাসহ তাঁরা কার্ডিওপালমোনারি রিসাসিটেশনও (সিপিআর) দিয়েছেন। পানি থেকে শিশুকে উদ্ধারের পর প্রচলিত ক্ষতিকর প্র্যাকটিসগুলো যাতে না করা হয়, সে ব্যাপারেও প্রশিক্ষণ দেওয়া হয়; যেমন মাথার ওপর তুলে শিশুকে ঘোরানো, পেটে চাপ দেওয়া ইত্যাদি।আমিনুর রহমান আরও বলেন, আঁচল প্রকল্পে পড়াশোনা না-জানা অনেক কিশোর-কিশোরী এবং বয়স্ক ব্যক্তিদের শিক্ষা দেওয়া হয়েছে। দেখা গেছে, পড়াশোনা না-জানা এ ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয়। তারাও কাজটি ভালোভাবে করতে পারছে। তবে অধিকাংশ জায়গায় সারা বছর পানি থাকে না। ফলে সাঁতার শেখানোর কার্যক্রম বছরজুড়ে চালানো সম্ভব হয় না। এ জন্য ঢাকা মহানগরে তিনটি পোর্টেবল বা ভ্রাম্যমাণ সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। সাঁতার শেখায় এটি ফলপ্রসূ হলে দেশজুড়ে এ ধরনের পুল স্থাপন করা হবে।