সাঁতারে সরব মৌনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁতরে বাংলা চ্যানেল জয় করে সেন্ট মার্টিন পৌঁছালেন মৌনতা আফরিন, তাঁর সঙ্গে একজন স্বেচ্ছাসেবক।
ছবি: মনন মাহমুদ

‘আমি মৌনতা আফরিন। এসেছি রাজশাহীর আলমগীর সুইমিং ক্লাব থেকে।’ পাশে দাঁড়ানো ভদ্রলোককে দেখিয়ে বললেন, ‘উনি আলমগীর হোসেন মিয়া, আমার কোচ এবং স্বামী।’ মৌনতার সঙ্গে এসব কথা হচ্ছিল টেকনাফের শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের পাশে দাঁড়িয়ে। গত ৩০ নভেম্বর, সময় তখন সকাল নয়টার কাছাকাছি। একটু পরেই শুরু হবে ১৫তম ফরচুন বাংলা চ্যানেল ২০২০। ৪৩ জন সাঁতারু নামবেন বঙ্গোপসাগরে। বাংলা চ্যানেল ধরে তাঁদের সাঁতারের গন্তব্য ১৬ কিলোমিটার দূরের সেন্ট মার্টিন দ্বীপ।
সাঁতারের পোশাক পরে তৈরি মৌনতা। চোখে–মুখে একটা দৃঢ়প্রতিজ্ঞার ছাপ। বাংলা চ্যানেলে এই প্রথম? ‘জি, আশা করি পারব।’ জানালেন তাঁর স্বামী আলমগীর হোসেন মিয়া সাঁতারের কোচ। অনুপ্রেরণা, সাঁতারের কৌশল, চর্চা—সবই শেখান মৌনতাকে। আলমগীর নিজে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন দুবার—২০০৭ ও ২০০৮ সালে।
৯টা ২৫ মিনিটে সাঁতারুরা নেমে পড়লেন নীল জলে। প্রত্যেকের পাশে একটি করে উদ্ধারকারী নৌকা। পাশাপাশি আমরাও চললাম গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত নৌকায়। বঙ্গোপসাগরের ইতিউতি তখন দেখা যাচ্ছে অনেক নৌকা আর দূরপাল্লার সাঁতারুদের হাতের সঞ্চালন, মাথার টুপি।
সেন্ট মার্টিনে আমরা আগেই চলে এলাম। ফিনিশ লাইনে প্রস্তুতি নিলাম। একে একে সাঁতার সম্পন্ন করে উঠে আসছেন সাঁতারু। ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা আয়োজিত এবারের ফরচুন বাংলা চ্যানেল সাঁতারে অংশ নেওয়া দুই নারীর মধ্যে প্রথমে উঠে এলেন মৌনতা আফরিন। তখন ঘড়িতে ১টা ৫৫ মিনিট। ৪ ঘণ্টা ৩০ মিনিট সময় লেগেছে তাঁর বাংলা চ্যানেল পাড়ি দিতে। সেদিন ৪৩ জনের মধ্যে ৪০ জন সাঁতারু সাঁতার সম্পন্ন করতে পেরেছিলেন।

পেছনে ছিল প্রচণ্ড জেদ

অন্য সাঁতারুদের মতো ছোটবেলা থেকে সাঁতার কাটা শুরু হয়নি মৌনতার। ব্যাডমিন্টন, টেনিস খেলতেন। তবে খেলাধুলার বিষয়ে পরিবারের সমর্থন তেমন ছিল না। ২০১৬ সালে মৌনতা এসএসসি পরীক্ষার পর দেখলেন ছোট ভাই সাঁতার শিখছে। তার সঙ্গে তিনিও চললেন রাজশাহীর আলমগীর সুইমিং ক্লাবে। সেই থেকে শুরু। ‘আমি একটু বেশি বয়সে সাঁতার শুরু করি। এ কারণে ছোটদের থেকে আমাকে বেশি পরিশ্রম করতে হতো। কষ্টও হতো। আমার প্রচণ্ড জেদ ছিল, তাই আমি চর্চা চালিয়ে যেতে থাকলাম।’
২০১৭ সালেই ট্রায়াথলন খেলোয়াড় হিসেবে বাংলাদেশের হয়ে নেপালে গেলেন মৌনতা। সেখানে ১৫০০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং এবং ১০ কিলোমিটার দৌড়ের এই ইভেন্টে মৌনতা হলেন চতুর্থ। এই সাফল্যের পরও পরিবারের বাধা ছিল। তবে তা তিনি উতরে গেছেন নিজের মনোবল আর কোচ আলমগীরের অনুপ্রেরণায়।
মূলত ফ্রি স্টাইল সাঁতার করেন মৌনতা। জেলা পর্যায়ে নানা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। গত জানুয়ারিতে স্বামী আলমগীর হোসেন মিয়া বাংলা চ্যানেল সাঁতারের বিজ্ঞাপন দেখে মৌনতাকে অংশ নিতে বলেন। কক্সবাজারের বাঁকখালী নদীতে গত ফেব্রুয়ারিতে বাংলা চ্যানেল সাঁতারের বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। ‘এটায় আমি সবার আগে সাঁতার শেষ করি। আত্মবিশ্বাসী হয়ে উঠি। এরপর বাংলা চ্যানেলে আপনারা তো দেখলেনই।’ বলেন মৌনতা।
মৌনতার বাবা খায়রুল হাসান রাজশাহীর আদালতের পেশকার, মা মোসাম্মৎ আয়েশা সিদ্দিকা গৃহিণী। এক ভাই, এক বোনের মধ্যে তিনিই বড়। সাঁতারে সফলতার পেছনে আলমগীর হোসেন মিয়ার অদম্য ইচ্ছার কথাই বললেন বারবার। শুধু তা–ই নয়, ২০১৮ সালে বিয়ের পর লেখাপড়াও চালিয়ে গেছেন মৌনতা। এখন রাজশাহী কোর্ট কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ছেন। তবে স্বামীর সঙ্গে থাকছেন কক্সবাজারে। স্নাতক হওয়ার পর বিসিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা তাঁর।
মৌনতা নিজে আরও বেশি দূরপাল্লার সাঁতার দিতে চান। শুধু একা নয়, নারীদের প্রশিক্ষণ দিয়ে সাঁতারে তাঁদের এগিয়ে নেওয়ার ইচ্ছাও আছে। মৌনতা বললেন, ‘বাংলা চ্যানেল সাঁতারে আরও বেশি নারী অংশ নিক, এটা আমার ইচ্ছা।’
করোনাকালে মার্চ থেকে সাঁতারের আয়োজন বন্ধ। তবে এ মাস থেকে বিভিন্ন প্রতিযোগিতা শুরু হবে, সেগুলোতে অংশ নেবেন। ফিন সুইমিং নামে পানির নিচের নতুন এক সাঁতার প্রতিযোগিতার জন্য চর্চা শুরু করেছেন। আশা করছেন, এটাতেও ভালো করবেন মৌনতা আফরিন। নতুন সাঁতারেও থাকবে মৌনতার সরব উপস্থিতি।