সাঁতারে সুখের চাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নিয়মিত সাঁতার কাটলে মানসিক প্রশান্তি ও ইতিবাচকতা বাড়ে। এতে ঘুম ভালো হয়, শারীরিক উদ্যম বেড়ে যায় এবং কর্মক্ষমতাও বাড়ে। প্রতীকী ছবিটি রয়টার্স থেকে নেওয়া।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নিয়মিত সাঁতার কাটলে মানসিক প্রশান্তি ও ইতিবাচকতা বাড়ে। এতে ঘুম ভালো হয়, শারীরিক উদ্যম বেড়ে যায় এবং কর্মক্ষমতাও বাড়ে। প্রতীকী ছবিটি রয়টার্স থেকে নেওয়া।

সারা দিন আরও ঝরঝরে, তরতাজা ও খোশমেজাজে থাকতে চান, রাতে ভালো ঘুম চান? এ সবকিছুরই সমাধান হতে পারে সাঁতারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত সাঁতার কাটলে মানসিক প্রশান্তি ও ইতিবাচকতা বাড়ে। এতে ঘুম ভালো হয়, শারীরিক উদ্যম বেড়ে যায় এবং কর্মক্ষমতাও বাড়ে। যুক্তরাজ্যে পরিচালিত গবেষণার বরাত দিয়ে দেশটির নারী সাময়িকী ফিমেলফার্স্ট ডটকম এ খবর জানিয়েছে।

একদল প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর দুই সপ্তাহ ধরে এ গবেষণা চালানো হয়। এ সময়ে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে সাঁতার কাটা অংশগ্রহণকারীদের সাক্ষাত্কার নেওয়া হয় এবং তাঁদের প্রাত্যহিক রুটিনসহ ঘুম ও অন্যান্য বিষয়ের তথ্য সংগ্রহ করা হয়। সুইমব্রিটেনের জন্য মাইন্ডল্যাব ইন্টারন্যাশনাল এ গবেষণাটি চালায়।

এতে দেখা গেছে, নিয়মিত সাঁতার কাটার ফলে অংশগ্রহণকারীদের বিভিন্ন বিষয়ে ইতিবাচক মানসিকতা বেড়েছে প্রায় ৩৫ ভাগ। তাঁদের ভালো ঘুম হয়েছে এবং আগের তুলনায় ঘুমের মান বেড়েছে প্রায় ৪০ ভাগ। প্রাত্যহিক জীবনে তাঁদের উদ্যম বেড়েছে প্রায় ৫১ ভাগ এবং শারীরিক সক্ষমতা বেড়েছে প্রায় ১৫ ভাগ।

গবেষক দলটির প্রধান জুলিয়ান শুলজ বলেন, ‘সাঁতার শরীরচর্চা বা ব্যায়ামের সবচেয়ে সেরা রূপগুলোর একটা—এটা প্রায় সবাই জানেন। তবে, মাত্র এক-দুই সপ্তাহ নিয়মিত সাঁতারেই কতটা উপকার পাওয়া যায় তার একটা নমুনা পাওয়া গেছে এই গবেষণায়। শারীরিক অবস্থার উন্নতির পাশাপাশি সাঁতারে মানসিক ইতিবাচকতা বাড়ার বিষয়টিও দারুণভাবে উঠে এসেছে এই গবেষণায়।’