গ্রীষ্মের ছুটিতে সপ্তাহ খানেকের জন্য গ্রামের বাড়ি গিয়েছিল রৌদ্র। গ্রামের পুকুরে চাচা-মামাদের কোলে ভেসে সাঁতার শেখার চেষ্টা চালায় কয়েকটা দিন। যদিও সাঁতার শেখার আগেই ঢাকায় ফিরে আসে। ভর্তি হয় মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে। কিন্তু সাঁতার শিখতে গিয়ে জানতে পারে, এটি শেখার জন্য বিশেষ পোশাক ও অনুষঙ্গ লাগবে।যা যা লাগবেঢাকা বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলের সাঁতার প্রশিক্ষক উম্মে সালমা বলেন, ওজন ও উচ্চতার ওপর নির্ভর করে সাঁতারের পোশাক কিনতে হয়। সাঁতার শেখার সময় ঢিলেঢালা পোশাকের বদলে একটু আঁটোসাঁটো পোশাক পরা ভালো। ফিতা-লেইসযুক্ত পোশাক পরে সাঁতার শেখার সময় বিপত্তি ঘটতে পারে। সুইমিংপুলের পানিতে ক্লোরিন মেশানো থাকে। তাই ক্লোরিন থেকে চোখ বাঁচাতে বিশেষ চশমা (গগলস) ব্যবহার করতে হয়। বিভিন্ন আকার ও রঙের চশমা কিনতে পাওয়া যায়। এসব চশমার দাম হবে ৬০০ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। স্পিডো, নাইকি, অ্যাডিডাস, স্পোর্টি, টিওয়াইআরসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের গগলস পাওয়া যায়। বিশেষ চশমার গ্লাস পরিষ্কারের জন্য অ্যান্টি-ফগ ব্র্যান্ডের লেন্স ক্লিনারের দাম পড়বে ২০০ টাকা।ইয়ার প্লাগ, নোজ ক্লিপসাঁতারের সময় নাকে ও কানে পানি প্রবেশ রোধে নোজ ক্লিপ ও ইয়ার প্লাগ ব্যবহার করতে হয়। কেনার সময় কানের আকারের ওপর নির্ভর করে ইয়ার প্লাগ কিনতে হয়। একজনের প্লাগ আরেকজন ব্যবহার করা উচিত নয়। নোজ ক্লিপ কেনার সময় খেয়াল রাখুন যেন তা আপনার নাকের ওপর বা স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের ওপর প্রভাব না ফেলে। বিভিন্ন সাইজের ইয়ার প্লাগের দাম পড়ে ১০০ থেকে ২৫০ টাকা, নোজ ক্লিপের দাম ১০০ থেকে ২০০ টাকা।সাঁতারের অন্যতম অনুষঙ্গ হলো সুইমস্যুট বা সাঁতারের বিশেষ পোশাক। বিভিন্ন রঙের বিভিন্ন আকারের বেশ কটি ব্র্যান্ডের সুইমস্যুট কিনতে পাওয়া যায়। ব্র্যান্ডভেদে বিভিন্ন সুইমস্যুটের দাম পড়ে ২৫০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া বাথিং ক্যাপ কিনতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের বাথিং ক্যাপের দাম পড়ে ১৫০ থেকে ৭০০ টাকা। অন্যান্য জিনিসপত্রসাঁতার শিখতে আরও বিভিন্ন জিনিসপত্র যেমন কিকবোর্ড, পুলবয়েজ, ফিন, কাঁধব্যাগ কিনতে পারেন। সাঁতারের সময় পায়ের দিকে লাগানো হয় কিকবোর্ড। এটি পানিতে ভেসে থাকতে সহায়তা করে, এর দাম পড়ে ৫৫০ থেকে এক হাজার ৭০০ টাকা। দ্রুতগতিতে ও সাবলীলভাবে সাঁতার কাটার জন্য ফিন ব্যবহার করতে হয়। সাঁতারুর পায়ে মাছের পাখনার মতো ফিন লাগানো হয়। বিভিন্ন সাইজের ফিনের দাম পড়ে এক হাজার ২০০ থেকে আট হাজার টাকা। সাবলীলভাবে সাঁতারের জন্য পুলবয়েজ ব্যবহার করা হয়, এর দাম পড়ে ৩০০ থেকে এক হাজার ২০০ টাকা। হ্যান্ড প্যাডেলের দাম পড়ে ৬০০ থেকে আড়াই হাজার টাকা।কোথায় পাবেন ঢাকার গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ কাঠের স্পোর্টস মার্কেট, গুলশান ১ মার্কেট, তেজগাঁও লিংক রোডের বিভিন্ন দোকান এবং মিরপুর স্টেডিয়ামের আশপাশের বিভিন্ন স্পোর্টস দোকানে সাঁতারের এসব অনুষঙ্গ কিনতে পাওয়া যায়।