
ভালো ব্যায়ামগুলোর একটি হলো সাঁতার। শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গকে একই সঙ্গে চালাতে হয় সাঁতারের সময়। ফলে, বলা হয় এক সাঁতারেই সব ব্যায়াম। আর এই গরমে যাঁরা সাঁতার কাটেন, তাঁরা ভালোই জানেন কিছুক্ষণ পানির ভেতর থাকার মজাটাই অন্য রকম। ব্যায়াম এবং শরীর ঠান্ডা—এক ঢিলে দুই পাখি মারা হয়। আবার পানিতে নিরাপদ থাকার জন্যও সাঁতার জরুরি।
জাতীয় পর্যায়ে সাঁতারে সোনার পদক বিজয়ী, বর্তমানে প্রশিক্ষক রায়হান উদ্দীন আহমেদ বলেন, ‘কেউ যদি একই সঙ্গে ফিজিক্যাল ফিটনেস এবং অনেক জটিল রোগ থেকে মুক্ত হতে চান, তবে তাঁর নিয়মিত সাঁতার কাটা উচিত। প্রতিদিন এক ঘণ্টা সাঁতার একদিক থেকে যেমন শরীরকে রোগমুক্ত ও সুঠাম রাখে, তেমনি মনকেও করে চাঙা। যেকোনো বয়সেই সাঁতার শেখা যায়।’
গ্রামের মতো শহরে পুকুর নেই, ফলে সাঁতার শেখা একটু কষ্টকর। তবে রাজধানীতে সরকারি-বেসরকারি কিছু সুইমিংপুলে সাঁতার কাটা ও সাঁতার শেখা যায়। এসব পুলে নির্দিষ্ট ফির মাধ্যমে প্রশিক্ষকের কাছ থেকে সাঁতার শেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও যে কেউ নির্দিষ্ট ফি দিয়ে সাঁতার শিখতে পারবেন। সাত বছর বয়স থেকে ভর্তি হওয়া যাবে। শুরুতে ভর্তি ফি দুই হাজার টাকা। পরের মাস থেকে মাসিক ফি এক হাজার টাকা। ফোন: ০১৭১৯৮৭৮৯৪৮।
হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও
শুক্র থেকে সোমবার ছেলে-মেয়েদের আলাদাভাবে সাঁতার শেখানো হয়। ১৬টি ক্লাসের জন্য যেকোনো বয়সীদের জন্য ভর্তি ফি ২১ হাজার ৫০০ টাকা। ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য ১৭ হাজার ৫০০ টাকা। একই পরিবারের দুজন একসঙ্গে শিখলে প্রতিজনের জন্য দুই হাজার টাকা ছাড়। ফোন: ০১৭১২৫৭৬৩৫৪।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুল
এই সুইমিংপুলে বর্তমানে শুধু ছেলেরা সাঁতার শিখতে পারবেন। সাত বছরের ওপরে যেকোনো বয়সী ভর্তি হতে পারবেন। প্রথম মাসে দুই হাজার টাকা দিতে হবে। পরের মাস থেকে মাসিক দেড় হাজার টাকা। এই সুইমিংপুলে সপ্তাহে পাঁচ দিন সাঁতার শেখানো হয়। ফোন: ০১৭১২৬০৪৯৫২।
মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্স
মিরপুর স্টেডিয়ামের ঠিক পাশেই রয়েছে সাঁতার শেখার একটি দারুণ জায়গা। রবি ও সোমবার বাদে প্রতিদিন খোলা। এখানে ছেলে, মেয়ে যে কেউ সাঁতার শিখতে পারবেন। ভর্তি ফি ২ হাজার ৫০০ টাকা। পরের মাস থেকে নিয়মিত সাঁতার শিখতে ২ হাজার টাকা। আর দৈনিক ৫০ টাকা দিয়ে যে কেউ সাঁতার কাটতে পারবেন। যোগাযোগ: ০১৯১২০৫৭৪৯৭।
গুলশান ইয়ুথ ক্লাব
রাজধানীর গুলশান ২ নম্বরে এই ক্লাবের অবস্থান। বৃহস্পতি, শুক্র ও শনিবার বিকেলে মেয়েদের এবং শুক্র, শনি, সোম ও বুধবার সাত বছরের বেশি বয়সীদের সাঁতার শেখার সুযোগ আছে। ১২টি ক্লাসে সাঁতার শেখানো হয়। ফি ৩ হাজার টাকা। ফোন: ০১৮৪৪০২৭৩৯৭।
অফিসার্স ক্লাব
ঢাকা অফিসার্স ক্লাবে পাঁচ বছর বয়স থেকে যে কেউ সাঁতার শেখার জন্য ভর্তি হতে পারবেন। ভর্তি ফি পাঁচ হাজার টাকা। সাঁতারের পোশাক নিতে চাইলে ছেলেদের অতিরিক্ত ৭০০ টাকা এবং মেয়েদের ১১০০ টাকা দিতে হবে। বুধবার ছাড়া সপ্তাহের অন্য ছয় দিন ছেলে ও মেয়েদের আলাদা কোর্সে সাঁতার শেখানো হয়। ফোন: ০১৯১৩৮৫৫১৮১।
সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স
মূলত মেয়েরা এখানে সাঁতার শিখতে পারেন। তবে সাড়ে সাত বছরের কম বয়সী ছেলেরাও এখানে সাঁতার শিখতে পারবে। ভর্তি ফি দুই হাজার টাকা এবং প্রতি মাসে দিতে হবে দেড় হাজার টাকা করে।
এ ছাড়া ওয়েস্টিন ঢাকা হোটেল, লেকশোর হোটেল, গুলশানের ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড, তেজগাঁও শিল্প এলাকার ম্যানপাওয়ার সুইমিংপুল, বাংলাদেশ সুইমিং ফেডারেশন, রামপুরার আশরাফি সুইমিংপুল অ্যান্ড ফিটনেস, সীমান্ত স্কয়ারের বর্ডার গার্ড বাংলাদেশ সুইমিং কমপ্লেক্স, পুরানা পল্টনের আইভি রহমান সুইমিং কমপ্লেক্সসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সুইমিং শেখা ও নিয়মিত সাঁতার করার সুযোগ রয়েছে।
সাঁতারের পোশাক
সাঁতার কাটার আলাদা পোশাক আছে। সাঁতার প্রশিক্ষক রশিদুজ্জামান জানালেন, সাঁতার শেখার সময় ঢিলেঢালা পোশাক বাদ দিয়ে আঁটসাঁট পোশাক পরতে হয়। সাঁতারের সময় ফিতা-লেইসযুক্ত পোশাক পরা যাবে না।
সুইমিংপুলের পানিতে মেশানো ক্লোরিন থেকে চোখ বাঁচাতে চশমা (গগলস) ব্যবহার করতে হয়। এগুলোর দাম ৪০০ টাকা থেকে শুরু। সাঁতারের সময় নাকে ও কানে পানি প্রবেশ রোধে নোজ ক্লিপ ও ইয়ার প্লাগ ব্যবহার করেন অনেকে। দাম ১০০ থেকে ৪০০ টাকা। সুইম স্যুট বা সাঁতারের বিশেষ পোশাকের দাম ৪০০ থেকে ৩ হাজার টাকা।
ঢাকার মিরপুর স্টেডিয়ামের পাশের মার্কেট, বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, গুলশান ১ মার্কেটসহ যেকোনো ভালো খেলার পণ্যের দোকানে সাঁতারের পোশাক পাওয়া যায়।
কিছু নিয়ম
সাঁতার শেখা ও নিয়মিত সাঁতার অনুশীলনের সময় সুইমিংপুল ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মের কথা সব সময় মাথায় রাখতে হবে। এগুলো যেকোনো দুর্ঘটনা এবং সমস্যা থেকে দূরে রাখতে সহায়তা করে।
*পাঁচ বছরের কম বয়সী কাউকে একলা সুইমিংপুলে নামানো যাবে না।
*সাঁতার শেখার শুরুতেই একা একা সুইমিংপুলে না নামাই ভালো।
*পুলে নামার আগে গোসল করে নিতে হবে।
*কোথাও ডাইভিংয়ের সুবিধা না থাকলে সেই পুলে ডাইভ দেওয়া যাবে না।
*সাঁতার কাটার সময় পানিরোধী সানস্ক্রিম ব্যবহার করুন।
*সাঁতারের শেষে অবশ্যই গোসল করবেন।