
মুখের কথা, ইশারা—এসব ছাড়া কি মনের কথা বোঝানো যায়? যায় তো বটেই। তবে আরও কিছু মজার সাংকেতিক ভাষার নমুনা আমার জীবনে আমি দেখি।
ছোটবেলায় বাসায় গৃহশিক্ষকের কাছে পড়তাম। সকাল আর সন্ধ্যা দুবেলা। পড়া শেষ হলেই তাঁর খাবার আসত। কিছুদিন পরেই স্যার একটা ভাষা আবিষ্কার করলেন। পড়া শেষ হওয়ার মিনিট দশেক আগে জোরে খুক খুক করে দুই-তিনটা কাশি দিতেন। যাঁর মানে আমরা সবাই বুঝতাম। স্যারের খিদে পেয়েছে, খাবার তৈরি করতে হবে। এই কাশি অবশ্য টয়লেটের ছিটকিনি না থাকলেও অনেকে ব্যবহার করেন।
আমার এক জাঁদরেল চাচা বাসায় এলেই দরজার কাছে দাঁড়িয়ে স্যান্ডেলসহ দুই পা দিয়ে মেঝেতে আঘাত করতেন। শব্দ শুনে মনে হবে, জুতার ধুলা ঝাড়ছেন। তবে আমাদের কাছে এর অনুবাদ ছিল ‘হুঁশিয়ার, সাবধান, শাহানশাহ হাজির হচ্ছেএএএএন...।’
স্কুলে মফিজ স্যার নিজের অজান্তেই হয়তো একটা কাজ করতেন। যেদিন তিনি ফুল শার্ট ইন করে আসতেন, সেদিন মেজাজ মোটামুটি। হাফ শার্ট ইন করলে উড়ু উড়ু মন। আর ইন ছাড়া মানে ক্লাসের ওপর নির্ঘাত বেতের টর্নেডো। ব্যাপারটা আমি ধরি বুড়ো বয়সে। মানে ক্লাস টেনে।
এবার কলেজজীবন। মেসে এক বন্ধুর মুঠোফোনে হিন্দি ‘পেহলা নেশা’ গানের টোন বেজে উঠত বারবার। ও দূরে পড়ছে। ফোন ধরছে না। কারণ জিজ্ঞেস করলে যা বলল, শুনে আমি অবাক। এটা ছিল ওর মেয়ে–বান্ধবীর জন্য ঠিক করা টোন। লম্বা টোন মানে, কুসুম কুসুম মিস করছে, তাই কল করেছে। এটা ধরতে মানা। দরকার হলে ছোট ছোট তিনটা মিসড কল দেবে। প্রেমের এমন ভাষা শুনে আমার ভাষা হারিয়ে গেল।
এবার নিজের কথা বলি। আমি দুইটা সাংকেতিক ভাষা ব্যবহার করি। প্রথমটা চেম্বারে। রোগী দেখা শেষ হলে চেয়ারটা শব্দ করে সামনে-পেছনে ঘষি। আর ফার্মেসির লোকটা বুঝে নেয়, স্যার উঠবেন। ভিজিটের টাকা দিতে হবে। দ্বিতীয়টা আমার গাড়িচালকের জন্য। আমার বাসা পাঁচতলায়। আর গাড়ি থাকে কিছু দূরে একটা গ্যারেজে। চালক তার বাসা থেকে এসে গাড়ির কাছে এসে মিসড কল দেয়। মানে আমি এসেছি। আমি প্রস্তুত হয়ে আরেকটা মিসড কল দিই। অর্থাৎ বাড়ির সামনে আসো। বাড়ির সামনে এসে আবার মিসড কল। আমি এসেছি, নামুন।
এই লেখাটা যদি কোনো মুঠোফোন কোম্পানির কর্মকর্তার চোখে পড়ে, তাহলে হয়তো আমার জন্য মিসড কলেও চার্জ বসিয়ে দেবেন নির্ঘাত।
আহাদ আদনান
মাতুয়াইল, ঢাকা।