সাংগ্রাংয়ের জন্য তৈরি রাখাইন তরুণ-তরুণীরা
জল দিয়ে ভিজিয়ে আনন্দ করা হয় বলে উৎসবের নাম জলে ভেজা সাংগ্রাং। সাংগ্রাং হচ্ছে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। প্রতিবছর বাংলা নববর্ষের তিন দিন পর অর্থাৎ ১৭ এপ্রিল শুরু হয় রাখাইন অব্দের নতুন দিন। তাই রাখাইনরা নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে সাংগ্রাং উৎসবে মেতে ওঠেন। তার জন্য এখন তরুণ-তরুণীদের প্রস্তুতি চলছে। শহরের টেকপাড়া, বৌদ্ধমন্দির সড়কসহ জেলার বিভিন্ন স্থানে মণ্ডপ তৈরি হচ্ছে। কক্সবাজারসহ সারা দেশে রাখাইন-অধ্যুষিত এলাকায় ১৭-১৯ এপ্রিল পর্যন্ত তিন দিনের এ উৎসব পালিত হবে। জলের এ উৎসব পানিখেলা নামে পরিচিত।রাখাইনরা বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল থেকে নানা কর্মসূচি পালন করে। এবারও বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে রাখাইনেরা শোভাযাত্রা, মন্দির-প্যাগোডায় গিয়ে ধর্মীয় প্রার্থনা, খাবার পরিবেশন করবেন। বিশেষ করে নতুন বছরের সুখ-শান্তি ও উন্নতি কামনা এবং পুরোনো বছরের সব পাপ-পঙ্কিলতাকে ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করবেন। শহরের টেকপাড়া, টেকনাফ, উখিয়া, চৌফলদণ্ডি, হারবাং, মহেশখালী, চকরিয়াসহ দেশের বিভিন্ন স্থানের রাখাইনেরা মহাধুমধামে এ ধর্মীয় উৎসব পালন করে। ঐতিহ্যবাহী পোশাক পরে রাখাইন তরুণ-তরুণী একে অপরের প্রতি জল ছুড়ে মারে। এটাই সাংগ্রাং বা পানিখেলার প্রধান আকর্ষণ। এ উপলক্ষে ফুল, বেলুন ও পত্র-পল্লবে শোভিত মণ্ডপ তৈরি করা হয়। মণ্ডপের মাঝখানে জলভর্তি পিপে কিংবা কাঠের নৌকা, তার দুই পাশে তরুণ-তরুণীরা মুখোমুখি হয়ে জল ছিটানোর ভিন্ন রকম প্রতিযোগিতা চালান। তরুণেরা নেচে গেয়ে মণ্ডপে ঢোকেন এবং তরুণীদের সামনে এসে দাঁড়ান। এরপর পছন্দের তরুণীকে বেছে নিয়ে জল ছুড়ে মারেন তরুণ। আহ্বান জানান তরুণীকে, তাঁর সঙ্গে জলকেলিতে অংশ নিতে। তরুণী তাৎক্ষণিকভাবে জল ছুড়ে তরুণের আহ্বানে সাড়া দেন। এভাবে পছন্দের পাত্রের সঙ্গে পাত্রীর দীর্ঘক্ষণ চলে পানিখেলা। এটিকে অনেকে পাত্রপাত্রী নির্বাচনের উপলক্ষ বলে ধরে নেন। পানিখেলায় কোনো তরুণের সাড়া না পেলে তরুণীর কপাল বা ভাগ্য খারাপ বলে ধরে নেওয়া হয়। জলকেলির পাশাপাশি চলে গান-বাজনা ও নৃত্য। হাসিঠাট্টা চলে সমান তালে। কেউ কেউ গান-বাজনা ও নৃত্যে বেসামাল হয়ে পড়েন। আত্মীয়-অনাত্মীয় সবাই একসঙ্গে মিলিত হয়ে সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করেন। এ সময় ঘরে ঘরে চলে ভালো খাবারের আয়োজন। বয়সে একটু প্রবীণেরা মণ্ডপে অংশ না নিলেও বিভিন্ন কাজে সাহায্য-সহযোগিতা করে উৎসবের আনন্দ বাড়িয়ে দেন। রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা উ মং ছেন হ্লা রাখাইন জানান, ‘এবারও নানা সাজে সাংগ্রাং উৎসব পালিত হবে। এ উপলক্ষে মণ্ডপ তৈরি ও মণ্ডপ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উৎসবের আকর্ষণ বাড়াতে অ্যাসোসিয়েশন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীতের আয়োজন করেছে।’