সাংগ্রাই উৎসবে মুখর কাপ্তাই
বাংলা নববর্ষে সাংগ্রাই জল উৎসবকে ঘিরে কাপ্তাইয়ের প্রত্যন্ত জনপদ ছিল মুখর। উপজেলার আদিবাসী বাসিন্দারা তিন দিনের এ উৎসব পালন করেন। এ উপলক্ষে তিন দিনের চৈত্রসংক্রান্তি মেলারও আয়োজন করা হয়। চিংম্রং বৌদ্ধবিহার মাঠে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন বান্দরবান বোমাং সার্কেলের প্রতিনিধি রাজপুত্র চংহলাপ্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বাশির উদ্দিন আহমেদ, ডিজিএফআই কাপ্তাইয়ের অধিনায়ক মেজর রেজাউল করিম এবং ৪ বিজিবির (ওয়াগ্গাছড়া জোন) অধিনায়ক মেজর আতিকুজ্জামান। এ সময় মারমা তরুণ-তরুণীরা নেচে গেয়ে উৎসব করেন এবং একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দ করেন। সাংগ্রাই জল উৎসব ও চিংম্রংয়ে চৈত্রসংক্রান্তির মেলা উপভোগ করার জন্য কাপ্তাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছাড়াও বিলাইছড়ি, রাজস্থলী, রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ আসেন। আদিবাসী ছাড়াও অনেক বাঙালি জল উৎসব উপভোগ করতে আসেন। রাতে নাটক মঞ্চস্থ হয়। উপজেলার রাইখালী ইউনিয়নের ডলুছড়িতে ১৬ এপ্রিল সাংগ্রাই জল উৎসব উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। ডলুছড়ির উৎসবে মহিলাদের রশি টানাটানি, তৈলাক্ত বাঁশে ওঠার প্রতিযোগিতা আয়োজন করা হয় বলে উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আথোয়াই মারমা জানান। কাপ্তাই উপজেলা প্রশাসন ও প্রথম আলো কাপ্তাই বন্ধুসভা যৌথভাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। কর্ণফুলী কাগজ কল (কেপিএম) কর্মকর্তা কল্যাণ সমিতি, ভিউ ক্লাব ও মহিলা ক্লাবের যৌথ উদ্যোগে চন্দ্রঘোনায় বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। কেপিএমের কর্মকর্তারা বর্ষবরণ উৎসবে যোগ দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক।