সাংগ্রাইয়ে মাতবে কক্সবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংগ্রাই উৎ​সবে জলকেলিতে রাখাইন তরুণীরা l ফাইল ছবি
সাংগ্রাই উৎ​সবে জলকেলিতে রাখাইন তরুণীরা l ফাইল ছবি

নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়েছে কক্সবাজারের আদিবাসী রাখাইনপল্লিতে। শহরের টেকপাড়া, রাখাইনপল্লি, বৌদ্ধমন্দির সড়ক, বড়বাজার, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, হারবাং, রামু, চৌফলদণ্ডীসহ জেলার বিভিন্ন স্থানে মণ্ডপ তৈরির কাজ চলছে। এখানে ১৭ এপ্রিল থেকে মহাধুমধামে পালিত হবে তিন দিনব্যাপী এই ‘সাংগ্রাং’ উৎসব।
সাজানো মণ্ডপে ঐতিহ্যবাহী পোশাকে তরুণ-তরুণীরা মেতে ওঠেন উৎসবে। তঁারা একে অপরকে মঙ্গলজল ছিটিয়ে স্বাগত জানান নতুন বছরকে। দেশি-বিদেশি পর্যটকেরা মণ্ডপ ঘুরে রাখাইনদের বর্ষবরণ ও বিদায়ের এই জলকেলি উৎসব উপভোগ করেন।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি উ মং ছেন হা জানান, গত বছরের মতো এবারও শহরের ১২টি এবং টেকনাফ, উখিয়া, মহেশখালী, রামু, চৌফলদণ্ডী, চকরিয়া, হারবাংসহ জেলার বিভিন্ন স্থানের অন্তত ৪০টি মণ্ডপে জলকেলি উৎসব চলবে। জলকেলি ছাড়াও উৎসবের প্রথম দিন সড়কে শোভাযাত্রা এবং সমাপনী দিনে বৌদ্ধবিহারে গিয়ে সমবেত প্রার্থনার মাধ্যমে রাখাইনরা সবার মঙ্গল কামনা করবেন।
রাখাইন তরুণী উ চিং মং বলেন, ‘আমরা এই উৎসবের জন্য অপেক্ষায় থাকি। ঐতিহ্যবাহী পোশাকে সেজে জল ছিটিয়ে পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করে নিই। সবার জন্য সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি। শিশু-কিশোরেরা ঢাকঢোল পিটিয়ে আনন্দ–উল্লাসে মেতে ওঠে।’
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং জানান, রাখাইন অব্দের ১৩৭৫ সালকে বিদায় এবং নতুন ১৩৭৬ বছরকে বরণ করে নিতেই মূলত এই ‘সাংগ্রাং’ পোয়ে উৎসব।