সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা চেরাগির মোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রামে টিএসসির মতো প্রাতিষ্ঠানিক কোনো মিলনকেন্দ্র নেই, তাই চেরাগিপাহাড় মোড় বিকল্প সাংস্কৃতিককেন্দ্রে পরিণত হচ্ছে। তরুণরাই প্রাণের তাগিদে এ স্থানকে খুঁজে নিয়েছে।’ সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হওয়া চেরাগিপাহাড় নিয়ে এমন মন্তব্য করেন কবি আহমেদ মুনির। নিজের অনুভূতির কথা বলেন এভাবে—‘যেদিন চেরাগিতে আসতে পারি না সেদিন খুব নিঃসঙ্গ লাগে। ঈদের দিনও প্রথমেই আমি চেরাগিতে ছুটে আসি।’ প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা এমনকি গভীর রাত পর্যন্ত নানান শ্রেণীর মানুষ আড্ডা দেন চেরাগিপাহাড় মোড়ে। তবে সৃষ্টিশীল মানুষের সমাগম হয় বেশি। কবি, গল্পকার, ছোটকাগজকর্মী, সাংবাদিক, চলচ্চিত্রকর্মী, আবৃত্তি ও সংগীতশিল্পীরা মাতিয়ে তোলেন এই এলাকা। বাম ধারার রাজনৈতিক কর্মীরাও আসেন এখানে। আড্ডাটা শুরু হয় মূলত সংবাদপত্র কার্যালয়কে কেন্দ্র করে। ক্রমে গড়ে ওঠে গ্রন্থাগার, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, ছাপাখানা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়। আগে সংস্কৃতিকর্মীদের বড় আড্ডাস্থল ছিল জেলা শিল্পকলা একাডেমী। নানা কারণে সেখানকার আড্ডায় ভাটা পড়ে। বিকল্প হিসেবে জমে ওঠে চেরাগি। চলচ্চিত্রকর্মী দেবাশীষ রায় বলেন, ‘বাতিঘর হওয়ার পর থেকে আমার আড্ডাটা হয়ে ওঠে চেরাগিকেন্দ্রিক। শিল্প, সাহিত্য, রাজনীতি, সাম্প্রতিক সময়ের ঘটনাবলি—এসব বিষয় নিয়ে আড্ডা দিই। নাটক, চলচ্চিত্র কিংবা অনুষ্ঠান দেখে এসে তা নিয়ে আলোচনা-সমালোচনা করি।’ চেরাগি পাহাড় মোড়ের বিভিন্ন ভবনে আছে অনেক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যালয়। উদীচী, বোধন আবৃত্তি সংসদ, অবসর সাংস্কৃতিক গোষ্ঠী ও দৃষ্টির কার্যালয়ে সংগঠনের সদস্যদের আনাগোনা থাকে। মনিরুজ্জামান ইসলামাবাদী ও চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে থাকে নিয়মিত অনুষ্ঠান। এ ছাড়াও আছে দুটি বইয়ের দোকান বাতিঘর ও নন্দন। ভালো কয়েকটা খাবারের দোকানও হয়েছে। এসবই আড্ডার অনুষঙ্গে এনেছে নতুন মাত্রা। আড্ডা জমে নানা রঙে, কয়েকজন জটলা করে দাঁড়িয়ে কথার তুবড়ি ছোটান। একদল বসে বাঁশিতে সুর তোলেন। কারও হাতে থাকে হাওয়াই গিটার। নন্দনের সামনে হঠাত্ বসে গানের আসর। বাউলগানের ভাবে মজে যান অনেকে। গত রোববার তেমনই এক আসরে গাইছিলেন কুষ্টিয়ার বাউল বজলু শাহ ও গোলাপী। আর তাঁদের সঙ্গে হারমোনিয়াম-সংগত করছিলেন চিকিত্সক দীপংকর দে।তবে এলাকায় কিছু বাজে লোকের আনাগোনা চলে বলে অনেকে অভিযোগ করেন। তাদের মধ্যে সাংবাদিক নামধারী চাঁদাবাজ ও কিছু নেশাখোর রয়েছে বলে জানা যায়। নিরাপদ আড্ডার সুযোগ নিয়ে কিছু লোক এখানে প্রকাশ্যে গাঁজা, ফেনসিডিল সেবন করে। এরই মধ্যে একাধিকবার র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা অভিযান চালিয়েছে। এতে নেশাখোরদের উত্পাত একটু কমলেও সময় ও সুযোগমতো তারা তত্পর হয়ে ওঠে বলে জানা যায়। ব্যবসায়ী কামরুজ্জামান বলেন, ‘এক দশক আগেও চেরাগির আড্ডাটা ছিল সংগীতকেন্দ্রিক। লুসাই ভবনে অনেক ব্যান্ডদলের অনুশীলন কক্ষ ছিল। তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ছিল। বর্তমানে ওই সমস্যা নেই।’কবি ওমর কায়সার জানান, ‘বাইরের কিছু ছেলেমেয়ে, যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত নয়, তারা এসে পরিবেশটা নষ্ট করছে। এর ফলে আড্ডা ঘিরে জন্ম নেয় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। বছর কয়েক আগে নিরপরাধ কিছু তরুণ যুবকের সঙ্গে সংঘর্ষ হয় র্যাব-পুলিশের।’ আলোকচিত্রী মউদুদুল আলম বলেন, ‘ওই ধরনের পরিবেশ চেরাগিতে আর তৈরি হবে না বলে মনে হচ্ছে।’আড্ডার ইতিবাচক ভূমিকা সম্পর্কে সাংবাদিক আজাদ মঈনুদ্দিন বলেন, ‘আমরা সংবাদপত্রের নানা বিষয় নিয়ে আলোচনা করি। কে কোন সংবাদ ভাল করেছেন, কে বা কারা প্রতিষ্ঠান বদল করছেন এমন কি বন্ধুদের বিয়ে বা আড্ডা নিয়ে রসালো আলোচনাও বাদ যায় না।’ তাঁর কথা সমর্থন করলেন সাংবাদিক তপন চক্রবর্তী, রশীদ মামুন।‘চেরাগিতে কেন আসেন?’ প্রশ্নের উত্তরে রাজনৈতিককর্মী শহীদ শিমুল বলেন, ‘আমাদের দলের কার্যালয় (গণসংহতি আন্দোলন) এখানে। তা ছাড়া এখানে যাঁরা আসেন তাঁদের সঙ্গে চিন্তাগত ঐক্য থাকে। এ ছাড়া এখানে আলোকিত মানুষের সংস্পর্শে আসা যায়।’ প্রতিদিন আসতে না পারলেও সপ্তাহে অন্তত একবার চেরাগিতে আসেন কবি এজাজ ইউসুফী। তিনি বলেন, ‘আগে আড্ডা বললে বাবা-মারা ভয় পেতেন। এখন কিন্তু ধারণা পাল্টেছে। আড্ডা থেকে অনেক ভালো কিছু বেরিয়ে আসছে। এখানে কিছু তরুণ লেখককে কাছে পাই। তাঁদের সঙ্গে ভাবনা ভাগাভাগি করি।’ চিত্রশিল্পী গৌতম পাল বলেন, ‘নতুন কী ছোটকাগজ বেরোল, কার কোন কাব্য ও গল্পগ্রন্থ বেরোল, নতুন কী ছবি এল—এসব চেরাগিতে এলে জানতে পারি।’ ‘আড্ডার বিষয়বস্তু কী?’ ‘নির্দিষ্ট কোনো বিষয় নেই। কখনো সাহিত্য, রাজনীতি, ধর্ম ও মার্কসবাদ। সাম্প্রতিক ঘটনাবলি, গান, চলচ্চিত্র, নাটক—সবকিছুই থাকে। বিচিত্রমুখী চিন্তায় সমৃদ্ধ থাকে চেরাগির আড্ডা। বললেন দ্য ডেইলি স্টার-এর আলোকচিত্রী জোবাইর হোসাইন সিকদার। বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ বলেন, ‘মুক্তচিন্তার কেন্দ্রে পরিণত হয়েছে চেরাগি।’