সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে রামুতে স্মারকলিপি
টেকনাফে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে কক্সবাজারের রামু উপজেলার কর্মরত সাংবাদিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছেন। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রামু প্রেসক্লাব ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে ১৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ও তাঁর সন্ত্রাসী বাহিনীর সদস্যদের হামলার শিকার হন পাঁচ সাংবাদিক। এটি একটি ন্যক্কারজনক ঘটনা। এ ঘটনায় জড়িত সব ইয়াবা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, সাংবাদিক খালেদ শহীদ, অর্পণ বড়ুয়া, ওবাইদুল হক, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মোহাম্মদ জুবাইদ প্রমুখ। এর আগে ১৬ মে সকালে রামু চৌমুহনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। কর্মসূচিতে রামুতে কর্মরত সাংবাদিক, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।