সাংবাদিক যখন শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের ছয়জনের সবাই গড়ে অন্তত দেড় যুগ আগে বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়েছি। আর তাই শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পাশাপাশি যখন বসলাম, তখন কারও কারও মনে হচ্ছিল, ফিরে গেছি বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলোয়। আমার জন্য এটাই দেশের বাইরে কোনো বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে আসন গ্রহণ করা। ওটা ছিল সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের একটা ক্লাস। বিষয়টি ছিল—আমেরিকার সংবিধানে বাকস্বাধীনতা। প্রজেক্টর ও স্লাইডের মাধ্যমে অধ্যাপক ছাত্রছাত্রীদের বোঝাচ্ছিলেন। এর আগে অবশ্য তিনি জানিয়ে দিয়েছিলেন যে ছয় দেশের ছয়জন অর্থনৈতিক সাংবাদিক পর্যবেক্ষক হিসেবে তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন। তাতে ছাত্রছাত্রীদের স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় কোনো ছেদ পড়েছে বলে মনে হলো না। দেখলাম, দু-তিনজন ছাত্রছাত্রী অধ্যাপকের সঙ্গে প্রশ্ন ও পাল্টা প্রশ্নে যোগ দিলেন। দু-একজন আবার নিজের মতটাই বললেন।বাইরে থেকে ট্রেনের হুইসেলের মতো ভেঁপু বেজে উঠল। চঞ্চল হয়ে উঠলেন ছাত্রছাত্রীরা। বুঝলাম, এটা ক্লাস শেষ হওয়ার সংকেত। বিষয়টি চমকপ্রদই বটে। এটাই নাকি এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। মানে কানসাস ইউনিভার্সিটির। আমরা গিয়েছিলাম সাংবাদিকতা বিভাগে। আনুষ্ঠানিক নাম উইলিয়াম অ্যালেন হোয়াইট স্কুল অব জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন। অধ্যাপক জেমস গেনট্রি আমাদেরকে সঙ্গ দিচ্ছিলেন। তিনিই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন বিভাগের কার্যক্রম। নিয়ে গেলেন ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত ক্যাম্পাসভিত্তিক টেলিভিশন কেন্দ্রে। ছাত্রছাত্রীরা প্রকাশ করে থাকেন দ্য ইউনিভার্সিটি ডেইলি কানসাস। মূল ক্যাম্পাসটা কানসাস অঙ্গরাজ্যের ষষ্ঠ বৃহত্তম শহর লরেন্সে।মধ্য সেপ্টেম্বরের ওই দিনটায় হঠাৎ করে বেশ ঠান্ডা পড়ায় বেশ ভালোই লাগছিল। বিশাল এলাকাজুড়ে ক্যাম্পাসটা যেন ছোটখাটো একটা শহর। মধ্যাহ্নভোজের জন্য আমরা গেলাম স্টুডেন্ট ইউনিয়নে। এখানে সবকিছুই পরিচালনা করেন ছাত্রছাত্রীরা। খাবার বা বই বিক্রির খণ্ডকালীন কাজ করেন তাঁরা।‘এ জন্যই কম দামে খাওয়া গেল,’ পিৎজায় কামড় বসিয়ে বললেন লিয়াম ড্যান। তিনি নিউজিল্যান্ড হেরাল্ড-এর বিজনেস এডিটর।‘বইটাও পেলাম একটু কম দামে। অবশ্য ব্যবহূত বই।’ যোগ করলাম আমি।আসলে এই সফরকালে আমেরিকার একাধিক নামকরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ ঘটে আমাদের। কানসাসে অন্য চারজন ছিলেন দ্য সিরিয়া রিপোর্ট-এর (ওয়েব পত্রিকা) প্রধান সম্পাদক জিহাদ ইয়াজিগি, সুদানের সাংবাদিক আম্মার ইব্রাহিম, মেসিডোনিয়ার ড্যানিয়েলা মিহাজলোভসকা এবং রুয়ান্ডার গারট্রুড মেজামবেরে। যথারীতি আমাদের সঙ্গ দিচ্ছিলেন স্টেট ডিপার্টমেন্টের মনোনীত কর্মকর্তা গ্লোরিয়া স্কট।ওয়াশিংটনে ১৫ দেশের ১৫ জন সাংবাদিক মিলে গিয়েছিলাম আমেরিকান ইউনিভার্সিটির স্কুল অব কমিউনিকেশনে। সেখানে অধ্যাপক ওয়েন্ডেল আমাদেরকে আমেরিকার সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে কিছু ধারণা দিলেন। নিজে সাংবাদিক হিসেবে জীবন শুরু করলেও বেশি দিন তাতে থাকতে হয়নি। সে জন্য অবশ্য আফসোস নেই তাঁর। তবে প্রযুক্তির কল্যাণে সাংবাদিকতায় যে বিরাট পরিবর্তন এসেছে, এটা তাঁর কাছে খানিকটা অভাবনীয় বলেই মনে হয়।এই ১৫ জনের দলই মাঝখানে তিন দলে ভাগ হয়ে তিনটি পৃথক স্থানে গিয়েছিলাম। আমরা ছয়জন কাটিয়েছিলাম কানসাস সিটিতে, যেটি আবার সেন্ট লুইস অঙ্গরাজ্যে। আমরা এসব বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের অংশ হিসেবে। নিউইয়র্কে ১৫ জন আবার একত্র হই। সেখানে আমাদের এক বিকেলে নিয়ে যাওয়া হয় নিউইয়র্ক ইউনিভার্সিটির আর্থার এল কার্টার জার্নালিজম ইনস্টিটিউটে অর্থ ও বাণিজ্য সাংবাদিকতা বিভাগে। অধ্যাপক স্টিফেন সলোমন আমাদের ঘণ্টা খানেকের বেশি সময় দেন। অর্থনৈতিক মন্দা ও আর্থিক সংকট নিয়ে বিতর্ক জমে ওঠে।