সাংবাদিক জালাল উদ্দীন আহমদের মতো সৎ, ত্যাগী ও নির্লোভ ব্যক্তি বর্তমান সমাজে খুবই কম আছে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন।তাঁর নিরলস প্রচেষ্টার ফসল পটিয়া পৌর সদরের খলিলুর রহমান শিশুনিকেতন ও মহিলা ডিগ্রি কলেজ। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সাংবাদিক জালাল উদ্দীন আহমদের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। ২২ এপ্রিল বিকেলে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মান্নানের সভাপতিত্বে পটিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ চেমন আরা তৈয়ব। প্রধান আলোচক ছিলেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। বিশেষ আলোচক ছিলেন কবি অরুণ দাশগুপ্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাংবাদিক শওকত বাঙালি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, অধ্যাপক আবু নোমান, সিটি করপোরেশনের কাউন্সিলর আনজুমান আরা বেগম, রাশেদ মনোয়ার, কামরুন্নাহার বেগম, দিপীকা বড়ুয়া, সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী প্রমুখ।প্রসঙ্গত, জালাল উদ্দীন আহমদ বিভিন্ন সময় পটিয়া মহকুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাসাস) কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।