সাংবাদিকতা ছিল যাঁর রাজনীতিরই অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান আমলে জেলখানা ও সংবাদ অফিসের ফারাক ছিল খুবই কম। ভৌগোলিক ও রাজনৈতিক উভয় অর্থে। অনেকে জেলখানা থেকে সরাসরি বংশালে সংবাদ অফিসে এসে আস্তানা গাড়তেন। আবার কেউ কেউ সকালে সংবাদ-এ কাজ করলেও বিকেলে লোটা-কম্বল নিয়ে জেলখানায় যেতেন। সে সময় যে কজন সাংবাদিক রাজনৈতিক কারণে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, কে জি মুস্তাফা তাঁদের একজন। মৃত্যুর আগে টিভি চ্যানেলে এক সাক্ষাত্কারে বলেছিলেন, তিনি আজীবন কমিউনিস্ট পার্টি করতেন, পার্টির নির্দেশেই সংবাদপত্রে কাজ করতেন। পাকিস্তান আমলের বেশির ভাগ সময় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। নেতারা জেলে ছিলেন। ফলে পার্টির কার্যক্রম চালু রাখতে কর্মীদের অন্য দলে গিয়ে কাজ করতে হতো। আবার অনেকে রাজনৈতিক পরিচয় লুকিয়ে সংবাদপত্রে কাজ করতেন, বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মিশতেন।পাকিস্তান আমলে সাংবাদিকতা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত পেশা। বেতন-ভাতা ছিল সামান্য, তা-ও নিয়মিত পাওয়া যেত না। রাজনৈতিক উদ্দেশ্যে পত্রিকা বের হত, আবার রাজনৈতিক কারণে তা বন্ধও হয়ে যেত। আরও অনেকের মতো কে জি মুস্তাফা পার্টির নির্দেশে সাংবাদিকতায় এলেও সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছিলেন নিজের গুণেই। তিনি পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের তিনবার সাধারণ সম্পাদক ও একবার সভাপতি হয়েছিলেন। ছিলেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্বেও। কে জি মুস্তাফার সাংবাদিকতার শুরু কলকাতায়, দেশ বিভাগের আগে। পরে ঢাকায় আসেন এবং দৈনিক আজাদ-এ যোগ দেন। তবে আজাদে বেশি দিন কাজ করেননি। সহকর্মীদের বেতন-ভাতা নিয়ে কথা বলতেই কর্তৃপক্ষের বিরাগভাজন হন। সেই থেকে সাংবাদিকতার পাশাপাশি ইউনিয়নের নেতৃত্ব এসে পড়ে তাঁর ওপর। বারবার তিনি কর্মস্থল বদলেছেন, বেকার হয়েছেন। কিন্তু মালিক কর্তৃপক্ষের চণ্ডনীতির কাছে আপস করেননি। সাংবাদিকতা তার কাছে নিছক পেশা ছিল না, ছিল রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার। পঞ্চাশের দশকের শুরুতে কে জি মুস্তাফা ও তাঁর সহযাত্রীরা যে স্বপ্ন নিয়ে সংবাদ-এ গিয়েছিলেন, তা পূরণ হয়নি। মুসলিম লীগের মুখপত্র হিসেবে পত্রিকাটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়। একপর্যায়ে তিনি সংবাদ ছেড়ে পাকিস্তান অবজারভার-এ ফিরে যান। ১৯৭১ সাল পর্যন্ত সেখানেই ছিলেন। পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা হিসেবে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ষাটের দশকে এ দেশে সাংবাদিকদের জন্য যে প্রথম বেতন বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন এবং আইয়ুব খানের প্রেস অ্যান্ড পাবলিকেশন্স অধ্যাদেশের বিরুদ্ধে সাংবাদিক সমাজ যে আন্দোলন গড়ে তোলে, তাতেও তাঁর ভূমিকা ছিল অগ্রণী। রাজনীতিতে কে জি মুস্তাফা বামপন্থার অনুসারী হলেও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করতেন। গেল বার শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অতি উৎসাহী কিছু সাংবাদিক সংবাদপত্রের জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানালে কে জি মুস্তাফা এর বিরোধিতা করেন। তার যুক্তি ছিল , পেশাদার সাংবাদিকেরা স্বেচ্ছায় সরকারের হাতে এ অস্ত্র তুলে দেবে? কে জি মুস্তাফা বামপন্থী রাজনীতি করলেও জাতীয়তাবাদী নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর ভাই খন্দকার মোহাম্মদ ইলিয়াসও (কত ছবি কত গান ও ভাসানী যখন ইউরোপে বইয়ের লেখক) কমিউনিস্ট পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। স্বাধীনতার পর কে জি মুস্তাফা সাংবাদিকতায় ছেদ ঘটিয়ে কূটনীতিকের চাকরি নিয়ে বাগদাদ চলে যান। তিনি ছিলেন লেবানন ও ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি সাংবাদিকতা করতেন যেমন রাজনৈতিক কারণে, তেমনি ১৯৭৩ সালে বাংলাদেশের দূত হয়ে ইরাকে যান, তাও রাজনৈতিক কারণে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সদ্য স্বাধীন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও স্বার্থ রক্ষাই ছিল এর লক্ষ্য। আবার পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর রাজনৈতিক কারণেই তাঁকে রাষ্ট্রদূতের পদ থেকে সরে যেতে হয়। ইতিমধ্যে ইরাকের তত্কালীন শাসক সাদ্দাম হোসেন ও বাথ পার্টির অন্যান্য নেতার সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে ওঠে এবং তাঁদের অনুরোধে তিনি বাগদাদ টাইমস-এর সম্পাদকীয় উপদেষ্টা পদে কাজ শুরু করেন। কে জি মুস্তাফা আশির দশকে দেশে ফিরলেও ধারাবাহিকভাবে কোথাও কাজ করেননি। স্বল্প মেয়াদে দুটি পত্রিকার সম্পাদক হয়েছিলেন, চট্টগ্রামের পূর্বকোণ ও ঢাকা থেকে প্রকাশিত মুক্তকণ্ঠ-এর। শুনেছি, দুই পত্রিকায় মালিকদের সঙ্গে তাঁর বিরোধও হয়েছিল সহকর্মীদের ন্যায়সংগত দাবি-দাওয়া নিয়ে। মাঝে সংবাদ-এও ফিরে এসেছিলেন অস্থায়ী সম্পাদক হয়ে।কে জি মুস্তাফা সংবাদপত্র ও সাংবাদিকতাকে নিয়েছিলেন রাজনৈতিক দর্শনের হাতিয়ার হিসেবে। পাকিস্তানের বাঘা বাঘা সাংবাদিককে টেক্কা দিয়ে ফেডারেল ইউনিয়নের শীর্ষপদে আসীন হওয়া সহজ ছিল না। রাজনীতিই যে ছিল তাঁর ধ্যান ও জ্ঞান, সেটি স্পষ্ট হয় তাঁর বিভিন্ন লেখায়। ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজিত বিশেষ বক্তৃতামালায় তিনি বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন ‘বিরোধীদলীয় রাজনীতির বিকাশে সংবাদপত্রের ভূমিকা’। এতে তিনি পাকিস্তান আমলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও সংবাদপত্রের বিকাশ যে যুগপত্ অভিন্ন ধারায় চলেছে, সে কথাটিই বিভিন্ন তথ্য-উপাত্তসহ তুলে ধরেছেন। প্রবন্ধটি শেষ করেছেন এই মন্তব্য দিয়ে—‘১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী যখন পূর্ব পাকিস্তানের জনমতকে স্তব্ধ করার জন্য সশস্ত্র আগ্রাসন চালায়, তখন তিনটি সংবাদপত্র অফিস ও জাতীয় প্রেসক্লাব তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়। সংবাদপত্র তিনটি হলো সংবাদ, ইত্তেফাক ও দ্য পিপল। বিরোধী দলের রাজনীতির পক্ষে যাঁদের ভূমিকা সবচেয়ে সুস্পষ্ট, তাঁদের চিনতে পাকিস্তানি সেনাবাহিনী ভুল করেনি।’কে জি মুস্তাফা ছিলেন আমাদের আদর্শস্থানীয় পূর্বসূরি। তাঁর রাজনৈতিক আদর্শ আমাদের প্রেরণা জোগাবে।