সাংবাদিকতা বিভাগের অন্য রকম একটি দিন
সবার মাথায় উঁচু লম্বা টুপি। পরনে সাদা টি-শার্ট। হাতে রঙিন কাগজে বানানো ফুল-পাখি। মুখে প্রাণবন্ত-অমলিন হাসি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘বিভাগ দিবস এবং নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’ গত সোমবার উদ্যাপিত হয়েছে।দিবসটি উদ্যাপন উপলক্ষে বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী একসঙ্গে শোভাযাত্রায় অংশ নেন। সবার মাঝেই ছিল অন্য রকম উত্তেজনা। আর তা থাকবে না কেন—প্রতিষ্ঠার ১৭ বছরে এবারই যে প্রথমবারের মতো পালিত হয়েছে বিভাগ দিবস! শিক্ষক-শিক্ষার্থীর ব্যবধান ঘুচে গিয়েছিল। হইহুল্লোড় করে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন সবাই। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন, কলা ভবন ও চাকসু ভবন হয়ে জড়ো হয় সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে। দিনব্যাপী অনুষ্ঠানসূচিতে ছিল আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ, পুরোনো শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা পর্যন্ত চলে নাচ, গান আর আড্ডা।বিভাগের সভাপতি মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন এবং দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বের হয়ে শিক্ষার্থীরা সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে এটাই আশা রাখি।’ আলোচনা অনুষ্ঠানের পর দেয়ালিকা ‘মনন’-এর উদ্বোধন করেন অতিথিরা।মধ্যাহ্নভোজের পর বিভাগের নতুন-পুরোনো শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগের শিক্ষার্থী ফাহমিদা এবং শিমুলের উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই ‘আয়, কে কে যাবি আয়, কে মন হারাবি’ গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ পরিবেশন করেন বিভাগের নবীন শিক্ষার্থী সাদিয়া, ইরানা ও ইফফাত জাহান। এয়াকুব রাসেল পরিবেশন করেন একক রম্যনাটক। আলাউদ্দিন মজুমদার আবৃত্তি করে শোনান কবি আল মাহমুদের ‘বিপাশার চোখ’ কবিতাটি। রবীন্দ্রনাথের ‘আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন’ গেয়ে শোনান তৃতীয় বর্ষের ছাত্রী শোভন শাহমিন। রম্যকথন পরিবেশন করে রীতিমতো সবার পেটে খিল ধরিয়ে দিয়েছেন রাতুল হাসান। বাদ যায়নি ফ্যাশন শো। বাহারি রঙের পোশাকে ক্যাটওয়াকে অংশ নেন শিক্ষার্থীরা। ফ্যাশন শোর পর ব্যান্ড ‘স্পার্ক’ মঞ্চ জমিয়ে তোলে। তাদের গানের সঙ্গে অংশ নেন বিভাগের শিক্ষক, নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। একদিকে নবীন শিক্ষার্থীর মুখে ক্যাম্পাসজীবন শুরুর উচ্ছ্বাস, অন্যদিকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে স্মৃতিকাতরতা। ফেলে আসা দিনগুলোর কথা মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন অনেকে।