সাংবাদিকতা বিভাগের ৪৮ বছর
‘বিশ্বকাপের ভুভুজেলা বাজিয়ে সাংবাদিকতার শিক্ষার্থীরা আজ মাতিয়ে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এ আনন্দ ছড়িয়ে দিতে হবে সারা দেশে। দিলশাদ জাহান, এমসিুেজ নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।’ বিভাগ দিবস উপলক্ষে বিভাগের করিডরে এমনিভাবেই বন্ধুদের সামনে মজা করে পিটিসির অনুশীলন করছিলেন দিলশাদ।২ আগস্ট। বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালু হয়। পরবর্তী সময়ে এর নাম হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। বিভাগ দিবস ও ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় প্রাঙ্গণ সেজেছিল বর্ণিল সাজে। ‘গণমাধ্যম গণমানুষের জন্য’ স্লোগান নিয়ে উদ্যাপিত হয় বিভাগ দিবসের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান। এদিন শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বিভাগের প্রাঙ্গণ।দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রকি তুলে ধরলেন তাঁর অনুভূতি, ‘এ বিভাগের একটি ইতিবাচক দিক হলো, এখানে সিনিয়র-জুনিয়র সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং যেকোনো সময় সবাই সাহায্য করে। শিক্ষকদের কথা আলাদা করে বলতে হয়, শিক্ষকেরা যেকোনো প্রয়োজনে আমাদের সহযোগিতায় এগিয়ে আসেন।’একই বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘এ বিভাগে পড়ার খুব ইচ্ছে ছিল, এখানে পড়তে পেরে মনের একটি ছোট্ট ইচ্ছা পূরণ হয়েছে বলে আমি গর্বিত।’ মাস্টার্সের শিক্ষার্থী মিনহাজ বলেন, ‘গণমাধ্যমের বিকাশের এ যুগে আমাদের বিভাগের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিচ্ছেন। এ বিভাগের সিনিয়ররা যখন ভালো কাজ করেন, তখন তা আমাদের উৎসাহ জোগায়।’ঘোড়ার গাড়িসহ শোভাযাত্রাটি অপরাজেয় বাংলা থেকে শুরু করে পুরো কলাভবন ঘুরে আর সি মজুমদার মিলনায়তনে শেষ হয়।আনন্দ শোভাযাত্রা শেষে বিভাগের শিক্ষার্থী সাইফুল সামিনের কৃত্রিম পা সংযোজন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সম্মানিত অতিথি ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান। বিভাগের চেয়ারপারসন গীতিআরা নাসরীন সভাপ্রধানের ভাষণে বলেন, ‘বিভাগ দিবসের আনন্দ অনুষ্ঠানে সাইফুল আজ আমাদের আনন্দের প্রতীক, উৎসবের প্রতীক। আজ থেকে সাইফুল আবার হাঁটতে পারবে, এর চেয়ে খুশির আর কী হতে পারে!’ প্রধান অতিথি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সবার পক্ষ থেকে সাইফুলের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।