কক্সবাজারের পেকুয়ায় এক সাংবাদিককে মারধর করে ঘরছাড়া হয়েছেন উপজেলার বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন। তাঁকে ধরার জন্য ইতিমধ্যে তাঁর বাড়িসহ বিভিন্ন স্থানে হানা দিচ্ছে পুলিশ। পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে প্রধান শিক্ষক নাসির উদ্দিন ভোরের কাগজ ও দৈনিক সাঙ্গু পত্রিকার পেকুয়া প্রতিনিধি শেখ মো. হানিফকে (২৫) মারধর করে আহত করেন এবং এ সময় ওই শিক্ষকের নেতৃত্বে একদল সন্ত্রাসী হানিফের একটি ক্যামরা ও ল্যাপটপ ভেঙে ফেলেন। ওই দিন সাংবাদিক হানিফ বাদী হয়ে পেকুয়া থানায় ওই প্রধান শিক্ষকসহ পাঁচ সন্ত্রাসীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।এর সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, হামলাকারী ওই শিক্ষকসহ অভিযুক্ত সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে। কিন্তু তাঁরা আত্মগোপন করায় ধরা যাচ্ছে না। অভিযোগ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও শিক্ষক নাসির উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ রয়েছে।