সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জাতীয় ঐক্য গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে ৯ আগস্ট পালিত হয়েছে বিশ্ব আদিবাসী দিবস। সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের আন্দোলন অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি আদায়ের জন্য। পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের বাঙালি বানানো হয়েছে। এখন আবার আদিবাসী দিবস পালনেও বাধা দেওয়া হচ্ছে।’ বক্তারা পার্বত্য চট্টগ্রামে সংঘাত বন্ধ করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:দীঘিনালা: বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আদিবাসীদের শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) পক্ষের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কলেজটিলা জেএসএস কার্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য রূপায়ন দেওয়ান। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম্মবীর চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনারতন চাকমা, জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্ব কল্যাণ চাকমা, চাকমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা, সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব তাতিন্দ্র লাল চাকমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক সহসভাপতি মুন্না রাগীব হাসান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা দেওয়ান রশিদ প্রমুখ।বাঘাইছড়ি (রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জনসংহতি সমিতির (এম এন লারমা) উদ্যোগে বাবুপাড়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা সংগঠনের সহসভাপতি চিত্ত বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অংশুমান চাকমা। বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক দেব প্রসাদ দেওয়ান ও লালন কান্তি চাকমা, সংগঠনের বাঘাইছড়ি শাখার সহসভাপতি রাজেন্দ্র লাল চাকমা, স্থানীয় উন্নয়ন সংস্থা এসডিপির নির্বাহী পরিচালক সুমিতা চাকমা, শিক্ষক বনিতা চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্য দয়াসিন্দু চাকমা, জ্ঞানজীব চাকমা, যুব সমিতির সভাপতি জ্যোসি চাকমা, শতসিদ্ধি চাকমা প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘মহাজোট সরকার আদিবাসীদের উৎখাতের ষড়যন্ত্র শুরু করেছে। পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের বাঙালি হিসেবে আখ্যায়িত করে জাতি হিসেবে ক্ষুদ্র-নৃগোষ্ঠী করা হয়েছে। আমরা ক্ষুদ্র-নৃগোষ্ঠীও নই, বাঙালিও নই, আমরা আদিবাসী।’