সাংসদ বদির ভাগ্য খারাপ?
অনেকেই ধরে নিয়েছিলেন কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার বিশাল জনসমাবেশ দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে সাংসদ আবদুর রহমান ওরফে বদিকে আগামীবারের জন্যও প্রার্থী ঘোষণা দেবেন। কিন্তু শেখ হাসিনা তা না করে শুধু দলের প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়েছেন। ভোট দেওয়ার জন্য জনগণকে হাত তুলে ওয়াদা করিয়েছেন। প্রধানমন্ত্রী বদির ব্যাপারে কিছুই না বলায় উপস্থিত জনতার মুখে মুখে রটে যায় ‘বদির ভাগ্য খারাপ!’
৩ সেপ্টেম্বর উখিয়ার জনসভায় সাংসদ বদির চেষ্টায় বিপুল মানুষের সমাগম ঘটে। সমাবেশে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বদি বলেন, ‘বুবু (আপা), আমি আপনার কাছে নমিনেশন চাই না। মাঠে যাঁরা (জনগণ) বসে আছেন, তাঁরা যদি আমার জন্য মনোনয়ন চান, তখন বিষয়টি একটু ভেবে দেখতে পারেন।’ এরপর তিনি জনগণকে উদ্দেশ্য করে স্থানীয় ভাষায় বলেন, ‘তোঁয়ারা আঁরে ছঅ কি না হাত তুলি দেহও। বুবুরে হাত তুলি দেহও।’ (তোমরা আমাকে চাও কি না আপাকে হাত তুলে দেখাও)। কিন্তু এ সময় কেউ হাত তোলেননি।
উপস্থিত কারও কারও মতে, বদির কথার মর্মার্থ লোকজন সম্ভবত বুঝতে পারেননি, তাই হাত তোলেননি। তবে শেখ হাসিনা নৌকা প্রতীকের জন্য ভোট চাইলে সবাই হাত তুলে সম্মতি জানান। এ জন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য লোকসমাগম বাড়াতে সাংসদ বদি কোটি টাকা খরচ করেছেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে উখিয়া ও টেকনাফে ১০ লাখ টাকা দামের ১০টি গরু দান করেন। রোজার ঈদে ৭০ হাজার মানুষের মাঝে থামি, লুঙ্গি, চাল, সেমাই ও দুধ বিতরণ করেন। সাহায্য পাওয়া এসব মানুষ জনসভায় এলেও বদির জন্য কিছু করল না। মনে হয় তাঁর ভাগ্যটাই খারাপ। তবে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, দলীয় জনসভা হিসেবে এখানে শেখ হাসিনা বিশেষ কাউকে প্রার্থী ঘোষণা না করে ভালোই করেছেন। নইলে বিশৃঙ্খলা দেখা দিত। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরীও একই কথা বলেন। এ দুই নেতাও দলের মনোনয়নপ্রত্যাশী। বদির পাশাপাশি তাঁরাও উখিয়ার প্রধান সড়কে শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে অসংখ্য তোরণ নির্মাণ করেন। গত ২৯ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘উখিয়ায় শেখ হাসিনার জনসভা-সাংসদ বদির ভাগ্য পরীক্ষা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।