সাংসদ বদির ভাগ্য পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান ওরফে বদি। জনসভায় আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারে শেখ হাসিনা কী ঘোষণা দিচ্ছেন, এ নিয়ে আলোচনায় সরগরম উখিয়া-টেকনাফ। আগামী ৩ সেপ্টেম্বর বিকেলে উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, দলের সভানেত্রী শেখ হাসিনা জনসভায় আগামী সংসদ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন। এ ক্ষেত্রে বর্তমান সাংসদ আবারও মনোনয়ন পাবেন কি না তার ধারণা পাওয়া যাবে। যদি তাঁর নাম ঘোষণা করা না হয়, তাহলে বেকায়দায় পড়বেন তিনি। নেতা-কর্মীরা এই জনসভা সাংসদের ভাগ্য পরীক্ষা হিসেবেই দেখছেন বলে জানান।
দলীয় সূত্র জানায়, গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন টেকনাফের চৌধুরীপাড়ার বাসিন্দা আবদুর রহমান। এর আগে তিনি টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। সাংসদ নির্বাচিত হওয়ার পর ব্যাংক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, আইনজীবী, শিক্ষকসহ নানা পেশার লোকজনকে মারধর করে ব্যাপক সমালোচিত হন তিনি। তাঁর এসব কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন দলের বেশির ভাগ নেতা-কর্মী। এদিকে, কক্সবাজার-৪ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী আরও তিনজন মাঠ চষে বেড়াচ্ছেন। তাঁরা হলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম চৌধুরী। তাঁরা বিভিন্ন সময় সভা-সমাবেশে সাংসদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে আসছেন।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, লোকজনের গায়ে হাত তুলে সাংসদ বদি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাঁকে যদি দলীয় জনসভায় প্রার্থী ঘোষণা করা হয়, নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে। আবার প্রার্থী হিসেবে ঘোষণা না দিলেও তাঁর জন্য বিপদ। মূল কথা হচ্ছে, শেখ হাসিনার জনসভা সাংসদ বদির জন্য এক রকম ভাগ্য পরীক্ষা। উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শেখ হাসিনার জনসভা হচ্ছে দলের উদ্যোগে।
এতে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশা করছি। এ রকম একটি সমাবেশে বিশেষ কাউকে প্রার্থী ঘোষণা করা হলে সমস্যা দেখা দেবে।’
জানা যায়, সাংসদ আবদুর রহমান ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উখিয়া ও টেকনাফে ১৫টি গরু দিয়ে কাঙালিভোজ দেন। যা আগের কোনো ১৫ আগস্টের সময় করেননি। এ ছাড়া এবারের ঈদের আগে দুই উপজেলায় প্রায় দুই কোটি টাকার চাল, সেমাই, লুঙ্গি-থামি বিতরণ করেন।
এসব বিষয়ে সাংসদ আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গরু দিয়ে কাঙালিভোজ দিয়েছি বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনার জন্য। তা ছাড়া ঈদের আগের দিন উখিয়া-টেকনাফে নানা সামগ্রী ও নগদ টাকা দিয়েছি গরিব মানুষকে খুশি করার জন্য।’
ভোজ ও ত্রাণ তৎপরতার বিপুল টাকা কোথায় পেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘টেকনাফ স্থল বন্দরের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে আমার ব্যবসা-বাণিজ্য রয়েছে। গত বছর সর্বোচ্চ আয়কর দিয়ে সিআইপি নির্বাচিত হয়েছি। আয়ের টাকা দিয়েই আমি গরিব মানুষকে সাহায্য করছি। তবে তা ভোটের জন্য নয়।’ জনসভায় ভাগ্য পরীক্ষা প্রসঙ্গে বলেন, ‘আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। সেখানে ভাগ্য পরীক্ষার কোনো ব্যাপার নেই। দল যাঁকে যোগ্য মনে করে মনোনয়ন দেবে তাঁর পক্ষে কাজ করব।’