‘যেখানে বৃক্ষ নেই, যেখানে ফুল নেই, ফল নেই, প্রজাপতির রং নেই, ভালোবাসায় প্রাণ নেই, এমন স্বদেশ মোরা চাই না।’ গানের সুর আর লাল-সবুজ পোশাকে একদল শিশু-কিশোরের নাচে স্বদেশের প্রকৃতিকেই যেন সবাই খুঁজে ফিরছিলেন মনে মনে। মঞ্চের সেই মোহময়তা থেকে দর্শকের দৃষ্টি কেড়ে নেওয়ার সাধ্য ছিল না কারও। গতকাল শনিবার শ্রাবণের প্রথম দিনে লালদীঘি মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী দিনের আয়োজনটি এমনই। এই উদ্বোধনী নাচের পর শুরু হয় মূল অনুষ্ঠান। উদ্যোক্তা ছিল চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও জেলা প্রশাসন। ১৫ দিনের এ বৃক্ষমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশকে সবুজে ভরিয়ে রাখতে অনেক উদ্যোগ নিয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে মুক্ত রাখার জন্য বাসযোগ্য আবাসস্থলের বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।’মন্ত্রী বলেন, ‘সরকার গাছ লাগাতে সাধারণ জনগোষ্ঠীকে যেমন উদ্বুদ্ধ করে চলেছে তেমনি জনপ্রতিনিধিদের মধ্যে এর গুরুত্ব অনুধাবনের জন্য তাঁদের নামে গাছের বিশেষ বরাদ্দ বাতিল করে দিয়েছে। এমনকি মন্ত্রী, সাংসদ ও বন কর্মকর্তাদের জন্য অনুরূপ বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে সাংসদদের বিনা মূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এ বছর তাঁদের মধ্যে ৪০ হাজার গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর দেওয়া হয়েছিল ২০ হাজার চারা।’ বর্তমান সরকার বৃক্ষরোপণ এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রণোদনামূলক পদক্ষেপ হাতে নিয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমরা ২০০৯ সাল থেকে জাতীয় পরিবেশ পদক চালু করেছি। গত বছর থেকে চালু হয়েছে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’ পদক। এ ছাড়া পরিবেশের ভারসাম্য বজায় রাখার স্বার্থে গত বছর যেখানে সারা বিশ্বে ৩০০ কোটি গাছের চারা লাগানোর তাগিদ দেওয়া হয়, সেখানে শুধু বাংলাদেশে ১০ কোটি চারা উৎপাদন করা হয়।’ জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা উত্তম কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, উপপুলিশ কমিশনার আমেনা বেগম ও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী। এর আগে বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের ডিসি হিল থেকে শুরু হয়ে লালদীঘিতে গিয়ে শেষ হয়। মেলায় ৫০টি স্টল রয়েছে।