‘চার বছর ধরে সাংসদের দিকে চেয়ে আছি। এ ধরনের একটি সেতু সরকার কেন সাংসদ চাইলে নিজের টাকা দিয়ে তৈরি করে দিতে পারেন। কিন্তু তাঁর এলাকা হলেও আমাদের সেতুটির প্রতি তাঁর নজর নেই।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর নিজ এলাকা শোভনদণ্ডী ইউনিয়নের হাতিরঘোনা গ্রামের কৃষক জাফর আলম।সরেজমিনে দেখা গেছে, পটিয়া-চন্দনাইশ সীমানার চামুদরিয়া-শোভনদণ্ডী-আশাতা সড়কের ডোমখালী খালের মাঝখানে ভাঙা সেতুর পিলার। তীরের সঙ্গে পিলারের ওপর তৈরি বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন আশপাশের কৃষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। স্থানীয় লোকজন জানান, ডোমখালী খালের ওপর পাকিস্তান আমলে একটি পাকা সেতু নির্মাণ করা হয়। সেতুটি প্রায় সাত-আট বছর আগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সংস্কারের অভাবে সেতুটির একাংশ তিন বছর আগে ভেঙে পড়ে। ফলে ওই সড়ক দিয়ে পটিয়ার সঙ্গে চন্দনাইশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকার কৃষক আবদুস ছবুর বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় খালের দুই পাশের দুই শতাধিক কৃষক ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। খালের পারের বাসিন্দা গৃহবধূ কুলসুম বেগম বলেন, ‘ছোট্ট শিশুদের কোলে করে বাঁশের সেতু পার করে স্কুলে দিয়ে আসতে ভয়ে অস্থির থাকি।’ এলাকাবাসী জানান, সেতুটি পুনর্নির্মাণ করার জন্য গ্রামবাসী বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন করেছেন। কিন্তু কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত এলাকাবাসী চাঁদা তুলে বছরে একবার বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে যাতায়াতের ব্যবস্থা করেছেন। এই সাঁকোটিও যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। অথচ এই সেতু থেকে সাংসদের বাড়ির দূরত্ব এক কিলোমিটার। তাঁরা সেতুটি অবিলম্বে পুনর্নির্মাণের দাবি জানান। সাংসদ সামশুল হক চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ এহসান সাংসদের উদ্ধৃতি দিয়ে জানান, সেতুটি নির্মাণে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা প্রয়োজন। একটি সেতুতে এত বেশি টাকা খরচ না করে এই টাকায় অন্য এলাকায় আরও দুটি উন্নয়ন প্রকল্পের কাজ করার চিন্তা থেকে এটি করা হয়নি। আগামীবার আবার সাংসদ নির্বাচিত হলে সেতুটি পাকা করে দেবেন বলে তিনি (সাংসদ) জানিয়েছেন। আপাতত চলাচলের জন্য বাঁশের বদলে গাছ দিয়ে সাঁকোটি মজবুত করে তৈরি করে দেওয়া হবে। যোগাযোগ করা হলে পটিয়া স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের উপসহকারী প্রকৌশলী শংকর নন্দী প্রথম আলোকে বলেন, এলাকার জনগুরুত্বপূর্ণ সেতু হিসেবে এটি সংস্কারের প্রস্তাব এক বছর আগে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন তৈরির সময় জানা গেছে, সাঁকোটি বাঁশের পরিবর্তে গাছ দিয়ে তৈরির কাজ চলছে।