চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংসদ এম এ লতিফের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বন্দর বিশেষজ্ঞের মতামত তুলে ধরা হলো। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক ও মাসুদ মিলাদসাংসদ ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভালো চলছে চট্টগ্রাম বন্দর। বন্দরে গতিশীলতা এসেছে। এখন দিনের পর দিন একটি জাহাজকে বসে থাকতে হয় না। এটা তো বর্তমান সরকারের বিরাট সফলতা। তবে নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে মহিউদ্দিন চৌধুরী ও সাংসদ এম এ লতিফের বিরোধে জড়ানো নিয়ে আমার বলার কিছু নেই। আমি এই দুজনের মধ্যে কারোর কাছের লোক নই। বন্দরের নিউমুরিং টার্মিনালের বিষয়ে গভীরে ঢোকারও চেষ্টা করিনি আমি। কারণ, বন্দর নিয়ে মাথা ঘামাবে সরকার। এখানে আমার তো কাজ নেই।তিনি আরও বলেন, তবে নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে বৃহস্পতিবার চেম্বার ভবনের সামনে একজন সাংসদের ওপর যেভাবে হামলা হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা আমার নেই। আজ সাংসদ লতিফের গায়ে হাত তোলা হয়েছে। কাল আরেকজন সাংসদের গায়ে হাত তোলা হবে। এটা তো আসলে অসুস্থ রাজনীতির লক্ষণ। ঘটনার সময় সেখানে নাকি পুলিশ ছিল। তারা কেন এই সাংসদকে রক্ষা করতে পারেনি?