মিরসরাই উপজেলার দুই বন কর্মকর্তাকে পিটিয়েছিলেন খইয়াছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা জাহেদ ইকবাল। এই দুই বন কর্মকর্তার অপরাধ—তাঁরা বন বিটের একজন মালীর ট্রেনে কাটা পড়ার ঘটনা তদন্ত করতে গিয়েছিলেন ওই ইউপি চেয়ারম্যানের এলাকায়। ‘আমাকে না জানিয়ে কিসের তদন্ত?’—এই বলে হুংকার দিয়েছিলেন জাহেদ ইকবাল। দুই সরকারি কর্মকর্তাকে মারতে মারতে খইয়াছড়া ইউপির কার্যালয়ে নিয়ে গিয়েছিলেন তিনি ও তাঁর সমর্থকেরা। সেখানেও তাঁদের মারধর করা হয়। এসবই ঘটেছে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে। এই সংবাদ ছাপা হয়েছিল পত্র-পত্রিকায়। ঘটনার পর আহত-অপমানিত এক বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ চেয়ারম্যানসহ একজনকে আসামি করে মামলা করেছিলেন। মামলায় সরকারি কাজে বাধা, সরকারি কর্মকর্তাকে মারধর এবং বেআইনি আটক-সংক্রান্ত অভিযোগ আনা হয়। মামলার অগ্রগতি কী? ১১ জনের মধ্যে সবার শেষে যাঁর নাম আছে, তিনি আটক হয়েছেন। বাকিরা অধরা।‘চেয়ারম্যানসহ বাকিদের কখন গ্রেপ্তার করা হবে?’—এই প্রশ্নে পুলিশ কর্মকর্তার চোখে এক অদ্ভুত উদাসীনতা। মুখে অবশ্য একটা দায়সারা গোছের জবাব আছে, ‘চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ আমরা জানি, এই চেষ্টা সফল হবে না। একাদশতম আসামির পর দশম ও নবম আসামিও হয়তো গ্রেপ্তার হতে পারেন, কিন্তু ১ নম্বর আসামি গ্রেপ্তার হবেন না। কেন হবেন না? কারণ, তিনি সরকারি দলের স্থানীয় নেতা। তাঁর ওপরে আরও বড় নেতা আছেন। তাঁরা চান না, তিনি গ্রেপ্তার হোন। জাহেদ ইকবাল যে গ্রেপ্তার হবেন না, তার কারণের একটি সূত্র আমি পাঠকদের ধরিয়ে দিতে পারি। গত ১৫ আগস্ট শোক দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিতে মিরসরাই আসেন সরকারদলীয় সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তাঁর গাড়ি থেকে সদর্পে নেমেছিলেন ইউপি চেয়ারম্যান ও বন কর্মকর্তা প্রহারের আসামি জাহেদ ইকবাল। এ দৃশ্য এলাকাবাসী যেমন দেখেছেন, তেমনি দেখেছে স্থানীয় পুলিশ প্রশাসনও। সাংসদের গাড়ি থেকে আসামিকে নেমে আসতে দেখে পুলিশ প্রশাসন নিশ্চয়ই একটি বার্তা পেয়ে গেছে। সুতরাং পুলিশ শুধুই ‘চেষ্টা চালিয়ে যাবে’, গ্রেপ্তার করতে পারবে না।দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক কিছুই দেখেছেন বর্ষীয়ান নেতা ও সাংসদ মোশাররফ হোসেন। একজন আসামিকে নিজের গাড়িতে তুলে নেওয়ার সময় এলাকাবাসী, প্রশাসন বা সরকারি কর্মকর্তাদের মনে কী প্রতিক্রিয়া হতে পারে, তা তিনি ভেবে দেখলেন না? স্থানীয় আওয়ামী লীগের এক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, ‘বড়তাকিয়া এলাকায় সাংসদের গাড়িবহর থামিয়ে গাড়িতে উঠে পড়েছিলেন জাহেদ ইকবাল। দলের স্থানীয় একজন নেতা গাড়িতে উঠতে চাইলে সাংসদ কী করতে পারেন?’ দলের একজন স্থানীয় নেতাকে বিমুখ করতে পারলেন না সাংসদ। এতে তাঁর নির্বাচনী এলাকার মানুষ বিমুখ হবেন কি না, চিন্তা করলেন না তিনি! নাকি ক্ষমতায় গেলে মানুষের স্বাভাবিক বোধবুদ্ধি লোপ পায়?