‘এমপি সাহেবের জন্ম আমাদের দক্ষিণ সলিমপুর গ্রামে। তিনি একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছেন। ভেবেছিলাম প্রত্যাশার চেয়েও বেশি উন্নয়ন হবে এলাকার, কিন্তু তা হয়নি।’ সীতাকুণ্ড আসনের সাংসদ আবুল কাশেম মাস্টারকে উদ্দেশ করে সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ কবির কথাগুলো বলেন। উন্নয়নবঞ্চনার এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবুল কাশেম মাস্টার ১২ মে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘অভিযোগ প্রত্যাখ্যান করছি আমি। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ নানা ক্ষেত্রে এলাকার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। শহরের পাশের জনপদ হলেও সলিমপুর এখন শহর এলাকার চেয়েও উন্নত।’ চেয়ারম্যান মোহাম্মদ কবিরের উদ্দেশে সাংসদ বলেন, ‘উনি (চেয়ারম্যান) এলাকার কী উন্নয়ন করেছেন তাঁকে সে প্রশ্ন করুন।’ সরেজমিনে দেখা যায়, সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের পাশেই লতিফপুর ও সলিমপুর এলাকা। সলিমপুরের বিভিন্ন এলাকার লোকজনের অভিযোগ, শহরতলি হলেও যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান তেমন বাড়েনি। সলিমপুর ইউনিয়নে বর্তমানে পানীয়জলের সংকট চলছে, কিছু এলাকায় মাদকের ছড়াছড়ি, আছে বেকারত্ব। বাল্যবিবাহ ও বহুবিবাহের প্রবণতাও দেখা গেল।জানা যায়, সলিমপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৫২ হাজার। আয়তন ২০ দশমিক ৩৫ বর্গকিলোমিটার। এখানে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চারটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আরও আছে একটি বালিকা বিদ্যালয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজ ছাড়া আর কোনো উচ্চমাধ্যমিক কলেজ নেই। একমাত্র সরকারি বক্ষব্যাধি হাসপাতাল ছাড়া চিকিৎসার জন্য উল্লেখ করার মতো আর কোনো প্রতিষ্ঠান নেই। সূত্র জানায়, গত অর্থবছরে (২০১০-১১) উন্নয়ন খাতে সলিমপুর ইউনিয়নে ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।স্থানীয় লোকজন জানান, সলিমপুর ইউনিয়নের শতকরা ৭০ ভাগ সড়কের অবস্থা তেমন ভালো নয়। ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কবির জানান, ছলিমপুর সড়ক, রাম গৌবিন্দ সড়ক, ফকিরহাট সড়কের অবস্থা মোটামুটি ভালো। তবে বাংলাবাজার সড়ক, নীলাম্বর তালুকদার সড়কসহ পাঁচ-ছয়টি প্রধান সড়কের অবস্থা খুবই করুণ। এসব সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নীলাম্বর তালুকদার সড়ক খুবই অপ্রশস্ত। যোগাযোগব্যবস্থার চিত্র কতটা ভয়াবহ তার প্রমাণ পাওয়া গেল দক্ষিণ সলিমপুরে সাংসদ আবুল কাশেম মাস্টারের বাড়িসংলগ্ন বাড়ির সীমানাপ্রাচীর ঘেঁষা সড়কটি কাঁচা। এ সড়ক দিয়ে জাফর কলোনিসহ আশপাশের অসংখ্য মানুষ চলাচল করে। কলোনির বাসিন্দা গৃহবধূ পলাশী রায় বলেন, ‘আমরা কত কষ্টে আছি তা তো দেখতেই পাচ্ছেন। অথচ আমাদের পাশেই এমপি সাহেবের আলিশান বাড়ি।’ ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে শতকরা ৭০ ভাগ শিক্ষিত বলে দাবি করেন। তবে ৫০ শতাংশ মানুষ নিরক্ষর বলে জানান স্থানীয় লোকজন। এ ব্যাপারে সাংসদ আবুল কাশেম মাস্টার বলেন, ‘সলিমপুর ইউনিয়নে আরও একটি কলেজ করার চিন্তা-ভাবনা চলছে।’ আলীরহাট এলাকার বুলবুল আহমেদ বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও ১০-১২টি বড় শিল্পকারখানা গড়ে উঠলেও এখানকার মানুষের জীবনযাত্রার মান বাড়েনি।’ জানা যায়, এ ইউনিয়নে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লাক্সো, বিএসআরএম, আফতাব অটো মোবাইলস, বেঙ্গল ব্রিকস, ছমদা ড্রাম কারখানার পাশাপাশি কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, পল্লী বিদ্যুতায়ন পণ্যগারসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। অথচ এলাকায় বেকারত্ব কমছে না বলে জানান চেয়ারম্যান মোহাম্মদ কবির। তিনি বলেন, ‘গত পাঁচ বছরে নানা অব্যবস্থাপনার কারণে বেশ কয়েকটি শিল্পকারখানা গুদামে পরিণত হয়েছে। এসব কারখানায় এলাকার মোট জনগোষ্ঠীর ২০ শতাংশের কর্মসংস্থান হয়েছিল।’ জানা যায়, লতিফপুরের আলীরহাট এলাকায় পানিসংকট নিরসনে গভীর নলকূপ বসানো হলেও এটি দিয়ে পানি ওঠে না। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘গভীর নলকূপ স্থাপনের জন্য আমি জায়গা দিয়েছি। এটি ৬০ ফুট গভীরে বসানোর কথা থাকলেও ২০ ফুটের নিচে যাওয়া হয়নি, উপজেলা প্রকৌশল বিভাগের লোকজনও নীরব ছিলেন। নলকূপে পানি উঠলেও পানের উপযোগী নয়।’ কালু (র.) নগর এলাকার বাসিন্দা ফারুক আহমদ বলেন, ‘এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। বেশির ভাগ সড়ক নিচু হওয়ায় বর্ষায় জলাবদ্ধতা হয়। ইমামনগরের মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না।’ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের এক স্বাস্থ্যকর্মী নাম প্রকাশ না করে জানান, ‘সলিমপুর ইউনিয়নে বহিরাগত কিছু লোক বাস করেন। এঁরা বেশির ভাগ পোশাককারখানার শ্রমিক। এঁদের মধ্যে রয়েছে বাল্যবিবাহ ও বহু বিবাহের প্রবণতা।’ ইউনিয়নে কোনো মাতৃসদন নেই। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চাহিদা অনুপাতে ওষুধ সরবরাহ করা হয় না বলে জানান রোগীরা। স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মমতাজ বেগম বলেন, ‘চাহিদা অনুযায়ী ওষুধ পাচ্ছি না। প্রতিদিন অর্ধশত নারী ও শিশু এখানে স্বাস্থ্যসেবা নিতে আসেন। সবাইকে ওষুধ দিতে পারি না। স্বাস্থ্যকেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে একজন চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও সরকারিভাবে তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে না।’ এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘সরকার পরিবার কল্যাণকেন্দ্রকে (এফডব্লিউসি) স্বাস্থ্য বিভাগের সঙ্গে একীভূত না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।’