সাইকেল!

ক্যাসিনো–কাণ্ডের কারণে এখন ক্যাসিনো–সংশ্লিষ্টরা এদিক–সেদিক পালিয়ে বেড়াচ্ছে। কেউ কেউ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাও করছে, ধরাও পড়ছে। সে কারণে এখন সীমান্তে বেশ কড়াকড়ি। এর মধ্যে একদিন দেখা গেল এক লোক সাইকেল নিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছে। ঘটনা কী? তাকে আটকানো হলো।
: কী ব্যাপার?
: না মানে, স্যার...আমি তো নো ম্যানস ল্যান্ড থেকে সামান্য মাটি নিয়ে...
দেখা গেল সাইকেলের পেছনের ক্যারিয়ারে কেজিখানেক মাটি। সীমান্তরক্ষী হুংকার দিল, ‘দেশে মাটির অভাব পড়েছে যে এখান থেকে মাটি নিতে হবে?’
লোকটাকে দু–চারটা চড়–থাপ্পড় দিয়ে ছেড়ে দিল সীমান্তরক্ষী।
কিছুদিন পর আবার একই কাহিনি। আবার সেই লোক সাইকেল নিয়ে সীমান্ত পার হচ্ছে, পেছনের ক্যারিয়ারে কেজিখানেক মাটি। সীমান্তরক্ষী আবার হুংকার দিল, ‘তুমি আবার মাটি নিচ্ছ? দেশে মাটির এতই অভাব পড়েছে যে এখান থেকে মাটি নিতে হবে?’
আবার দু–চারটা চড়–থাপ্পড় দিয়ে ছেড়ে দিল।
কিছুদিন পর আবার ওই একই কাহিনি। আবার সেই লোক সাইকেল নিয়ে সীমান্ত পার হচ্ছে, পেছনের ক্যারিয়ারে সেই কেজিখানেক মাটি। সীমান্তরক্ষী আবার হুংকার দিল, ‘তুমি আবার?’
তবে এবার বিরক্ত সীমান্তরক্ষী বেশি কিছু বলল না। এমনিই ছেড়ে দিল। রক্ষী ভাবল, এ ব্যাটা নিশ্চয়ই পাগল। মাঝেমধ্যেই সাইকেল নিয়ে কেজিখানেক মাটি নেয়, আচ্ছা নিক।
কিন্তু পাঠক, আসল কাহিনি কী?
আসল কাহিনি পরে বলছি, তার আগে আরেকটা সাইকেলের গল্প।
ছেলে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। বাবা ছেলেকে বলল—
: তোমার সাইকেলের শখ। ঠিক আছে, ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় টিকলে তোমাকে একটা দামি রেসিং সাইকেল কিনে দেব।
: সত্যি?
ছেলে মহা খুশি
: হ্যাঁ সত্যি।
: কিন্তু বাবা...
ছেলে ইতস্তত করে।
: কী বলবে, বলো।
: না মানে, বলছিলাম, যদি ভার্সিটির ভর্তি পরীক্ষায় না টিকি তাহলে?
: টিকলে একটা সাইকেল কিনে দেব আর না টিকলে ২০টা সাইকেল কিনে দেব।
: কী বলছ?
ছেলে হতভম্ব, ‘না টিকলে ২০টা সাইকেল?’
: হ্যাঁ, না টিকলে ২০টা সাইকেল।
: কিন্তু কেন?
: কেন আবার, কিছু একটা করে খেতে হবে তো, নাকি? তখন ২০টা সাইকেল দিয়ে দোকান সাজিয়ে দোকানে সাইকেল বেচাকেনা করবে!
এবার প্রথম ঘটনায় আসি। সেই যে লোকটা কিছুদিন পরপর সাইকেলে করে কেজিখানেক মাটি নিয়ে আসত। সেই লোক আসলে সাইকেল স্মাগলিং করত, একটা একটা করে!
সবশেষে একটা ইনফোজোক, আগে মানুষ সাইকেল চালাত দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য। আর এখন সাইকেল চালায় দ্রুত জ্যামে আটকানোর জন্য!