সাইকেল এত সুন্দর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌন্দর্য নানা আকারে আসতে পারে। প্রকৌশল বা কারিগরি বিষয়টি একটু কাঠখোট্টা হিসেবেই দেখে থাকেন অনেকে। ভাবেন হয়তো লোহালক্কড়ের কাজ কি আর সুন্দর হতে পারে! কিন্তু প্রকৌশলবিদ্যা ব্যবহার করে তৈরি নানা জিনিসও সুন্দর হয়ে উঠতে পারে। সংবাদ সংস্থা বিবিসি তেমনই কিছু বাইসাইকেলের খবর জানিয়েছে, যেগুলো দেখলেই চালানোর জন্য আগ্রহী হয়ে উঠবেন যে–কেউ। আসুন, জেনে নেওয়া যাক তেমনই কিছু বাইসাইকেলের খবর–

আর্কন্ট

আর্কন্ট
আর্কন্ট

ওনো বাইক নামের কোম্পানি তৈরি করেছে এই সাইকেল। এটি প্রায় তিন মিটার লম্বা। আর্কন্ট সাইকেল তৈরিতে মেশিন ব্যবহার হয় না বললেই চলে। দক্ষ শ্রমিকেরা নিজেদের হাতে তৈরি করেন প্রতিটি সাইকেল। বিশেষ করে ক্রেতার চাহিদা অনুযায়ী এই সাইকেল তৈরি করা হয়। প্রকারভেদে এর দাম পড়বে দুই হাজার থেকে ১০ হাজার ৫০০ ডলার।

সুপার ৭৩

সুপার ৭৩
সুপার ৭৩

ক্যালিফোর্নিয়াভিত্তিক সাইকেল প্রস্তুতকারক কোম্পানি লিথিয়াম সাইকেলস এটি তৈরি করেছে। বিদ্যুৎ–চালিত বাইসাইকেলের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে সুপার ৭৩। এতে এক হাজার ওয়াটের বিদ্যুৎ–চালিত মোটর আছে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ২৭ মাইল গতিতে চলতে পারে। এ ছাড়া এতে আছে লিথিয়াম আয়ন ব্যাটারি, যা একবার চার্জ করে নিলে ২০ মাইল টানা চলতে পারবে। আর প্যাডেল তো আছেই। সুপার ৭৩ কিনতে গুণতে হবে ২ হাজার ৯৯৯ ইউরো।

ভোলাটা

ভোলাটা
ভোলাটা

ভোলাটা সাইকেলস কোম্পানি নিজেদের ব্র্যান্ডের নামেই এই সাইকেল তৈরি করেছে। একবিংশ শতাব্দীর সব চাহিদার কথা মাথায় রেখেই তৈরি এটি। ইলেকট্রনিক শিফটিং, জিপিএস সুবিধা, স্বয়ংক্রিয় আলো—কী নেই এতে! বিশেষ করে যেসব রাস্তায় ধুলা বেশি ও নোংরা, সেখানে এটি স্বচ্ছন্দে চলতে পারে। আরোহী চাইলে একটি মোবাইল অ্যাপ দিয়েই নিজের সাইকেলের দেখভাল করতে পারবেন। কারণ, সেই অ্যাপ দিয়ে জিপিএস অ্যান্টি–থেফট ব্যবস্থা চালু করা যাবে। তাই সাইকেল চুরি ঠেকানো যাবে। ভোলাটার দাম পড়বে ৩ হাজার ৪৯৯ ডলার।

ইলেকট্রিক জাগারনট

ইলেকট্রিক জাগারনট
ইলেকট্রিক জাগারনট

এটি তিন চাকার ট্রাইসাইকেল। বিদ্যুৎ–চালিত এই সাইকেল ঘণ্টায় সর্বোচ্চ ২০ মাইল গতিতে চলতে পারে। আর ব্যাটারি একবার চার্জ দিলে সাইকেলটি পাড়ি দিতে পারবে ২০ মাইল পথ। রুঙু কোম্পানি সাইকেলটি তৈরি করেছে। এর দাম ৪ হাজার ২৯৯ ডলার।

জি৩

জি৩
জি৩

ভাঁজ করা যায়, এমন ই–বাইক নতুন কিছু নয়। কিন্তু গোসাইকেল কোম্পানির তৈরি জি৩ এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। ব্যক্তিগত উড়ুক্কু যান কেনার আগ পর্যন্ত এটি হতে পারে যে–কারও দ্রুত যাতায়াতের অবলম্বন। জি৩ ঘণ্টায় ২০ মাইল গতিতে চলতে পারে। এর সঙ্গে প্যাডেলের শক্তি যোগ করলে আরও দ্রুতগতিতে চলতে পারবে জি৩। কিন্তু এই সাইকেলের মূল সৌন্দর্য এর নকশায়। ব্যাটারি, তার, চেইন—সবকিছুই ম্যাগনেশিয়ামের তৈরি কাঠামোর ভেতর ঢোকানো আছে। বাইরে থেকে বোঝার উপায় নেই তা। আছে হেডলাইট ও নানা কাজে ব্যবহারের উপযোগী আধুনিক ড্যাশবোর্ড। এর দাম পড়বে সাড়ে চার হাজার থেকে ৪ হাজার ৯০০ ডলার।