সাইকেল চালিয়ে সুস্থ থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুৎ​ফুন নাহার ঢাকায় এসেও সাইকেল চালান
লুৎ​ফুন নাহার ঢাকায় এসেও সাইকেল চালান

যাঁরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে বসে কাজ করে মুটিয়ে যাচ্ছেন, জিমে গিয়ে ব্যায়াম করার সময় নেই, তাঁদের জন্য সাইকেল চালানো হচ্ছে সারা দিনের আদর্শ ব্যায়াম। এটা ব্যায়ামের সবচেয়ে সহজ উপায়। প্রয়োজন শুধু একটি দ্বিচক্রযান, আধঘণ্টা সময় ও একটু আত্মবিশ্বাস। এটি আমি আমার নিজের জীবন থেকে শিখছি।
আমি ১৯৮৪ সালে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের চর্ম রোগ বিভাগে পিএইচডি করার সুযোগ পাই। রোটারি ইন্টারন্যাশনালের বৃত্তি নিয়ে দীর্ঘ পাঁচ বছর চর্ম রোগের ওপর গবেষণা করে ১৯৮৯ সালে চর্ম রোগ বিশেষজ্ঞ হয়ে দেশে ফিরে আসি।
কিন্তু পাঁচ বছরের এই দীর্ঘ পথপরিক্রমা মোটেই সহজ ছিল না। প্রতিদিন হাসপাতালে যাওয়া, শিশু দিবাযত্ন (ডে কেয়ার) কেন্দ্রে মেয়েকে রাখা এক বিরাট সমস্যা। বাসে কিংবা পাতালরেলে গেলে সময় যেমন নষ্ট হয়, খরচও তেমনি বাড়ে। সবাই এখানে সাইকেল চালায়, প্রতিটি বাড়িতে ছোট-বড় নানান আকারের বেশ কয়েকটি সাইকেল থাকে।
তাই জাপানি বন্ধুদের পরামর্শে সাইকেল চালানো শেখার সিদ্ধান্ত নিই। আমাদের ছেলেবেলায় বাচ্চাকে ছোট সাইকেল কিনে দেওয়ার রেওয়াজ ছিল না বিধায় জীবনে সাইকেলে চড়া হয়নি। প্রথমবারের মতো সেই ২৯ বছর বয়সে বড় সাইকেল দিয়ে চালানো শিখতে শুরু করি বাসার কাছের ‘সুরুমাই পার্কে’। জাপানি বান্ধবী উসামি পেছন থেকে ধরে থাকলেন প্রথম দিন। ‘গামবাত্তে কুদাসাই’ পার্কে বেড়াতে আসা বুড়ো-বুড়িরা হাততালি দিয়ে উৎসাহিত করলেন। ‘পায়ের দিকে না তাকিয়ে শুধু সামনে তাকাও’—জাপানি ভাষায় বলতে থাকলেন তাঁরা। দেখতে দেখতে মাত্র পাঁচ দিনের মাথায় একা পার্কে ঘুরে ঘুরে সাইকেল চালাতে পারদর্শী হয়ে উঠলাম। কী যে আনন্দ হয়েছিল তা ভাষায় বোঝাতে পারব না। নিজের মধ্যে এক নতুন সত্তার জন্ম হলো।
প্রথম দিকে সাইকেল নিয়ে রাস্তায় বের হতে ভয় লাগত। কারণ, জাপানে ফুটপাতে সাইকেল চালাতে হয়। সেখানে আছে আরও শত শত সাইকেল এবং হাজার হাজার পথচারী। সবদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে সাইকেল চালাতে হবে। কারও গায়ের ওপর হামলে পড়া চলবে না। ধীরে ধীরে সব ভয় কেটে গিয়ে নাগোয়া শহরের এ মাথা থেকে ও মাথা সাইকেল চালিয়ে যেতাম আমি এবং আমার স্বামী। কী যে আনন্দময় ছিল সেই দিনগুলো। সকালে ছেলেমেয়েকে ডে কেয়ারে পৌঁছে দিয়ে আমি নাগোয়া মেডিকেল ইউনিভার্সিটিতে যেতাম। ফেরার পথে ছেলেমেয়েকে তুলে সুপারমার্কেট থেকে বাজার করে সাইকেলের পেছনের বাস্কেটে নিতাম। ছেলেকে আমার পিঠে বেবি ক্যারিয়ারে বেল্ট দিয়ে বেঁধে এবং মেয়েকে বেবি সিটে বসিয়ে জাপানি মায়েদের মতো সাইকেল চালাতাম।
সাইকেল সময় বাঁচিয়ে, খরচ কমিয়ে, ফিটনেস বাড়িয়ে জাপানি ব্যয়বহুল জীবনযাত্রাকে অনেকটা সহজ করে দিল। জাপানে প্রায় প্রতি মাসে ‘মাতসুরি’ নামের একটি উৎসব হয়। ছুটির দিনে বড় বড় পার্কে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হতো। আমরা সাইকেলে সপরিবারে এসব জায়গায় উপস্থিত হতাম।
বাংলাদেশে ফিরেও আমার বাড়ির সামনে হাতিরঝিলে প্রতিদিন সকালে নিয়মিত ৩০ থেকে ৪০ মিনিট সাইকেল চালাই। কাছাকাছি কোথাও যেতে হলে সাইকেলে যাই। আমার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নেই এবং আমার ওজন নিয়ন্ত্রণে আছে।

সাইক্লিংয়ের জন্য
 সাইকেল আরোহীর নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের ফুটপাতগুলোকে একটানা সাইক্লিংয়ের উপযোগী করতে হবে।
 বিভিন্ন প্রতিষ্ঠান ও শপিং মলে সাইকেল নিরাপদে পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।
 জাপানের মতো মালিকের নামে স্থানীয় থানায় নিবন্ধন করতে হবে।
 শিশু সিটে শিশু নিয়ে সাইকেল চালানো যাবে, কখনই বড় দুজন আরোহী নয়।
 হেলমেট অবশ্যই পরতে হবে।

সাইকেল চালানোর আগে
 চিকিৎসকের পরামর্শ নিন।
 সপ্তাহে দু-তিন দিন, তারপর আস্তে আস্তে পাঁচ-সাত দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন।
 ধীরে ধীরে আপনার গতি বাড়ান।
 নিরাপত্তার কথা খেয়াল রেখে হেলমেট, নিপ্যাড, এলবোপ্যাড পরুন এবং সঠিক আকারের সাইকেল বেছে নিন। প্রতিদিন বের হওয়ার আগে সাইকেলের টায়ার, পাম্প, গিয়ার ও নাটবল্টু দেখে বের হন।

কেন দরকার সাইকেল চালানো
 সাইক্লিং শক্তি বাড়ায়। মনকে ফুরফুরে রাখে।
 প্রতিদিন আধা ঘণ্টা সাইকেল চালালে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদ্রোগের ঝুঁকি কমে। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, যাঁরা সপ্তাহে কমপক্ষে তিন দিন আধা ঘণ্টা করে ভালো গতিতে সাইক্লিং করেন, তাঁদের উচ্চ রক্তচাপ কমেছে।
 নিয়মিত সাইক্লিং হজমক্ষমতা (মেটাবলিক রেট) বাড়িয়ে ক্যালরি দহনে সাহায্য করে। প্রতি ঘণ্টায় ৩০০ ক্যালরি পুড়ে বছরে ১১ পাউন্ড চর্বি ঝরায়। জগিং করলে যত ক্যালরি পোড়ে, প্রায় একই পরিমাণ ক্যালরি সাইক্লিংয়ে পোড়ে। তবে জগিং বা হাঁটায় জয়েন্টের ওপর চাপ পড়ে, সাইকেল চালালে হাঁটু, পায়ের গোড়ালি বা স্পাইনে তার চেয়ে কম চাপ পড়ে। যাঁদের বয়স চল্লিশের কাছে এবং হাঁটু বা স্পাইনের সমস্যা আছে, তাঁরা সাইক্লিং করলে উপকার পাবেন।
 শারীরিক শক্তি এবং পেশি মজবুত করতে সাহায্য করে। বাহু থেকে পা, পা থেকে হাত এবং শরীর ও চোখের উন্নতি ঘটায়।
 সাইক্লিং ওজন কমাতে সাহায্য করে। যাঁরা সপ্তাহে দুই দিন সাইকেলে চেপে কাজে যান, তাঁরা মাসে ৩০০০ ক্যালরি অতিরিক্ত ঝরাতে পারেন।
 সাইক্লিং মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিয়মিত সাইক্লিং চাপ ও বিষণ্নতা দূর করে।
ডা. লুৎফুন নাহার: চর্ম, অ্যালার্জি ও লেজার বিশেষজ্ঞ