সাইকেল পরিবেশের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। প্রকৃতি সামান্য বেরসিকতা করেছে তাঁদের সঙ্গে। কিন্তু বৃষ্টিকে তুড়ি মেরে সাইকেলচালকেরা শুরু করলেন তাঁদের যাত্রা। সংখ্যাটা ৫০০-এর কম নয়।২৪ মে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাস্তায় দেখা গেল অন্য রকম দৃশ্য। সারি সারি সাইকেল নিয়ে প্রস্তুত ছোট-বড় সাইক্লিস্টরা। সাইকেলচালকদের চোখ তখন গুলশানের দিকে। বিডি সাইক্লিস্টের দুই বছর পূর্তিতেই এমন আয়োজন। বৈরী প্রকৃতিকে পাত্তা না দিয়ে চালকেরা তাঁদের সাইকেলের প্যাডেলে পা চালালেন। সাঁই সাঁই করে সাইকেলগুলো এগিয়ে চলল গুলশানের দিকে। গুলশান ২ নম্বরের ন্যানদোস রেস্টুরেন্টে গিয়ে থামলেন সাইক্লিস্টরা। সাইক্লিস্টরা আবার রেস্তোরাঁর দিকে কেন? বিডি সাইক্লিস্টের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক বলেন, ‘পরিবেশই মূল কারণ। আমরা শুরু থেকেই পরিবেশ বাঁচানোর কথা বলে আসছি। ন্যানদোস রেস্তোরাঁ একটি পরিবেশবান্ধব পণ্য বাজারজাত করছে। এ কারণেই তাদের সঙ্গে একাত্ম হওয়া। আমরা চাই আরও মানুষ সাইকেল চালাতে আগ্রহী হোক।’ গুলশানেই শেষ হয়নি সাইকেলচালকদের আয়োজন। সেখান থেকে তাঁরা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাঁরা কয়েক শ গাছের চারা রোপণ করলেন।সাইকেলচালকদের এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল ন্যানদোস, ব্র্যাক কানন ও কোকোকোলা ফারইস্ট লিমিটেড।