সাইকেলচালকদের 'ব্যাটম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের নাম প্রকাশ না করলেও ‘বাইক ব্যাটম্যান’ তাঁর ছবি প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে।
নিজের নাম প্রকাশ না করলেও ‘বাইক ব্যাটম্যান’ তাঁর ছবি প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের কাছে।

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের এক প্রকৌশলী। বয়স ৩০। প্রকৌশলবিদ্যার পাশাপাশি আরও একটা ‘কৌশলের’ প্রতি তাঁর ঝোঁক আছে । চুরি হওয়া সাইকেল উদ্ধার করে তিনি পৌঁছে দেন মালিকের হাতে। কখনো পুলিশের সাহায্য নিয়ে, কখনোবা একাই বুদ্ধি খাটিয়ে এখন পর্যন্ত ২২টি সাইকেল উদ্ধার করেছেন ‘বাইক ব্যাটম্যান’ নামে পরিচিত এই তরুণ।
সুপারহিরোদের মতোই নিরাপত্তার স্বার্থে নিজের নামটা অবশ্য গোপনই রাখতে চান তিনি। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের দ্য গার্ডিয়ান পত্রিকায় এক সাক্ষাৎকারে বাইক ব্যাটম্যান বলেছেন, ‘একজন পুলিশ অফিসার আমার নাম দিয়েছিলেন “রবিনহুড”। রবিনহুড নামে আমার খানিকটা আপত্তি আছে। আমি তো আর ধনীর সম্পদ ছিনিয়ে নিয়ে গরিবের হাতে দিচ্ছি না। তার চেয়ে “ব্যাটম্যান” নামটাই ভালো।’
সাইকেল উদ্ধারের এই কাজকে অত বড় করে দেখতে নারাজ তিনি। জানিয়েছেন, এটা তাঁর কাছে স্রেফ ‘মজা’। মজা করতে গিয়েই অবশ্য জীবনের ঝুঁকি নিয়ে ফেলছেন শহরের ‘সাইক্লিস্ট কমিউনিটি’র পরিচিত এই মুখ। নিজে সাইক্লিস্ট বলেই সাইকেল চুরি যাওয়ার কষ্টটা তিনি বোঝেন। নাম প্রকাশ করতে না চাইলেও নিজের প্রিয় দুই চাকার বাহনটির সঙ্গে একটা ছবি দিতে রাজি হয়েছেন তিনি।

২০১৫ সালের বসন্তে অনলাইনে একটা সাইকেলের বিজ্ঞাপন দেখেছিলেন। কাছাকাছি সময়েই চোখে পড়েছিল একটা সাইকেল হারানোর বিজ্ঞপ্তি। সিয়াটল শহরের এই বাসিন্দা আবিষ্কার করলেন, দুটি ছবিতেই সাইকেলটা হুবহু এক। এরপর ক্রেতা সেজে চোরের সঙ্গে দেখা করলেন। বললেন, ‘তোমার সামনে দুইটা পথ খোলা আছে। তুমি পুলিশের জন্য অপেক্ষা করতে পারো। অথবা যাঁর সাইকেল তাঁকে ফিরিয়ে দিতে পারো।’ এভাবেই হয়েছিল শুরু। এরপর থেকেই তিনি চুরি যাওয়া সাইকেল খোঁজ করতে শুরু করেন। সিয়াটল শহরের পুলিশ এ কাজে তাঁকে সাহায্য করে। বাইক ব্যাটম্যান বলেন, ‘শহরের অপরাধ দমন কিংবা মারপিট করা আমার কাজ নয়। আমি শুধু চোরকে বলি, যে জিনিসটা তোমার নয়, সেটা তুমি রাখতে পারো না।’
শহরটির পুলিশ বলেছে, গত বছর দেড় হাজারের বেশি সাইকেল চুরির অভিযোগ পেয়েছে তারা। বাইক ব্যাটম্যানের স্বেচ্ছাসেবা তাদের অনুপ্রাণিত করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান