প্রতিদিনের মতোই বের হয়েছেন রাস্তায়। বাসের হুড়োহুড়ি কিংবা রিকশা খোঁজার দুঃসহ বিরক্তির মধ্য দিয়ে যেতে গিয়ে সকাল সকাল মেজাজটাই বিগড়ে গেছে। অথবা বসে আছেন গাড়িতে, রাস্তাজুড়ে যতদূর তাকানো যায়, সব গাড়ি থেমে আছে যানজটে। যদি আপনি মালিক হন একটি দ্বিচক্রযান বা বাইসাইকেলের, তাহলে চিত্রটা হতে পারে অন্য রকম। যানজটের ফাঁক গলে হয়তো বেরিয়ে যাবেন খুব সহজেই, কিংবা বিকল্প রাস্তায় গিয়ে গন্তব্যে পৌঁছবেন ঠিক সময়ে। সঙ্গে খোলা বাতাস আর রাইডের উত্তেজনা তো রয়েছেই। অনেকেরই শখের বসে সাইকেলে কেনা হলেও এখন প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে এটি। যখন-তখন যানবাহনে অল্প দূরত্বের কিন্তু হাঁটাপথে বেশ দূর—এমন সব জায়গায় যেতে চায় না রিকশা কিংবা অটোরিকশাগুলো। এমন সময়ে সাইকেলের চেয়ে প্রয়োজনীয় আর কী হতে পারে! পরিবেশবান্ধব, তার ওপর বাড়তি খরচ যেমন নেই; তেমনি যখন যেদিকে ইচ্ছা যাওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রছাত্রী অথবা তরুণেরাই শুধু নন, কর্মজীবীরাও দৈনন্দিন যাতায়াতে প্যাডেল মেরেই বেরিয়ে পড়ছেন রাজপথে। যেমনটা জানালেন বেসরকারি ব্যাংকে কর্মরত আফসার চৌধুরী, যিনি সাইকেলে চেপেই পাড়ি জমান এখন অফিসের পথে। ‘শুরুটা হয়েছিল শখ থেকেই, ওজন নিয়ন্ত্রণে রাখার শরীরচর্চা হিসেবে সাইকেল চালাতেই কেনা। এখন অফিসে যাওয়া বা প্রয়োজনে একটু কম দূরত্বের পথে সাইকেল ছাড়া চলাফেরা করাই হয় না বলতে গেলে। আর ব্যায়ামের জন্য অতিরিক্ত সময়ও দিতে হচ্ছে না।’ আরেকটি বিষয় হলো, ছেলেমেয়ে উভয়েই এখন সাইকেল চালাতে সমান দক্ষ। রাজপথে প্রায়ই দেখবেন, নানা বয়সের নারীরা সাইকেলে যাতায়াত করছেন। লালমাটিয়া মহিলা কলেজে স্নাতক শ্রেণীর শিক্ষার্থী হাবিবা সুলতানার মতে, সাইকেল হলো স্বাধীনভাবে চলাচলের মাধ্যম। বাড়তি ঝামেলা ছাড়াই এটি চালানো যায়।
যেমনটা মনে করেন মডেল জামশেদ। তাঁর সব জায়গায় চলাচলের মাধ্যম হলো সাইকেল। প্রিয় সঙ্গী বললে ভুল হবে না। জামশেদ বলেন, মাউন্টেন বাইক বা সাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরা উচিত।
শখের পাশাপাশি সাইকেলকে যাতায়াতের বাহন হিসেবে জনপ্রিয় করতে সাইক্লিস্টদের সংগঠনগুলোর ভূমিকার কথা বলতেই হয়। তরুণদের মধ্যে সাইকেলের জনপ্রিয়তা বাড়াতে যে দলগুলো এগিয়ে রয়েছে, বিডি সাইক্লিস্ট তাদের মধ্যে অন্যতম। বিডি সাইক্লিস্টের সমন্বয়ক মাইনুল ইসলাম জানান সাইকেল ও সাইকেলের ব্যবহার নিয়ে তাঁর অভিজ্ঞতা। ‘তিন বছর আগে মাত্র ১০ থেকে ১৫ জন নিয়ে এই দলের যাত্রা শুরু। এখন প্রায় ৩৩ হাজার তরুণ আছেন এর সঙ্গে। এতেই বোঝা যায়, সাইকেলের ব্যবহার নিয়ে তরুণেরা সময়ের সঙ্গে সঙ্গে কতটা উৎসাহিত হচ্ছেন। সাইকেলকে সব স্তরের সবার কাছে নিত্যপ্রয়োজনীয় ুকরে তোলা আমাদের একটা প্রধান লক্ষ্য।’