সাইকেলে চড়ে পাহাড়ি পথে

চা–বাগানের বুক চিরে সাপের মতো এঁকেবেঁকে চলে গেছে সরু ইটের রাস্তা। ৩০ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি উঁচু–নিচু পথের দুপাশে চোখজুড়ানো চা–গাছের সারি। সে পথে সাইকেল নিয়ে ছুটছেন একদল তরুণ। সবার পরনে লাল–কালো টি–শার্ট, মাথায় হেলমেট।
বিশ্ব পানি এবং মৃত্তিকা দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির হালদা ভ্যালি চা–বাগানে বসেছিল অভিযাত্রীদের মেলা। পাহাড়ি পথে ট্র্যাকিং, সাইকেল প্রতিযোগিতা—কী ছিল না আয়োজনে। ১০ ও ১১ এপ্রিল পরিবেশসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযানের আয়োজন করে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব। সহযোগী ছিল পেডরোলো এনকে লিমিটেড, উত্তরা মোটরস, বাজাজ, এয়ারটেলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কর্মসূচিতে অংশ নিয়েছিল দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিক্ষার্থী। রোমাঞ্চের টানে ছুটে এসেছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার। কেবল ট্র্যাকিং আর সাইক্লিং নয়, ছিল জমজমাট গানের আসর। কলকাতার ব্যান্ড দল উড়ান, ফাল্গুনী মজুমদার ও প্রেমসুন্দর বৈষ্ণবের গানে জমে উঠেছিল সান্ধ্য আসর।
১০ এপ্রিল বেলা ১১টায় শুরু হয় দুদিনের কর্মসূচি। প্রথমেই ছিল সাইকেল প্রতিযোগিতা। এতে অংশ নেন ৩০ জন প্রতিযোগী। চা–শ্রমিক, চা–পাতা সংগ্রহকারী লোকজন, চা–বাগানের বাসিন্দা ও বাগান–সংশ্লিষ্ট সবার মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরিতে এই প্রতিযোগিতার আয়োজন। আয়োজকেরা জানান, বিশেষ করে পানি ও মাটির সঠিক ব্যবহার ও দূষণ রোধ করতেই প্রচারণায় নেমেছেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টার সাইকেল প্রতিযোগিতায় প্রথম হন মিজানুল জামিল, দ্বিতীয় আবুল বাশার ও তৃতীয় হন জাহিদুল ইসলাম।
সাইকেল প্রতিযোগিতার পাশাপাশি চলছিল পরিচ্ছন্নতা অভিযান। হালদা ভ্যালি চা–বাগান এলাকার কয়েকটি বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। চা–বাগানে পড়ে থাকা ময়লা–আবর্জনা পরিষ্কার করে তারা।
সব দেখেশুনে মুগ্ধ অতিথি হিসেবে কর্মসূচিতে যোগ দেওয়া এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। তিনি বলেন, ‘চা–বাগানের পাহাড়ি পথ ধরে সাইকেল চালানো ও ট্র্যাকিংয়ে অংশ নেওয়া সত্যিই রোমাঞ্চকর। এতে অংশ নেওয়া প্রতিযোগীরা অন্য রকম একটি আমেজ পেল। আশা করি ভবিষ্যতেও এ রকম প্রতিযোগিতা আয়োজন করা হবে।’
নিশাতের সঙ্গে গলা মেলালেন অনুষ্ঠানের উদ্যোক্তা বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর খন্দকার। তিনি বলেন, ভবিষ্যতে পরিবেশ রক্ষায় এমন আয়োজন আরও বড় পরিসরেই করা হবে।
চা–বাগানের পড়ন্ত বিকেলের মায়াময় পরিবেশে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্ব। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পেডরোলো এনকে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান।
বিশেষ অতিথি ছিলেন ইতালির এসপিএ কোম্পানির আমদানিবিষয়ক কর্মকর্তা আ্যালিসিও ফ্রাংকিত্তো, এয়ারটেল বাংলাদেশের কর্মকর্তা আশরাফুল হক চৌধুরী, উত্তরা মোটরসের নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম, শপ বিডির ব্যবস্থাপনা পরিচালক সাদাত মোনেম।
পুরস্কার বিতরণের পর সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দিতে শুরু হয় গানের আসর। গানে গানে চা–বাগান মাতান ফাল্গুনী মজুমদার ও প্রেমসুন্দর বৈষ্ণব। তবে আসর জমিয়ে তুলেছিলেন কলকাতার ব্যান্ড দল উড়ানের সদস্যরা।
পরদিন ১১ এপ্রিল ছিল অনুষ্ঠানের সমাপনী দিন। দিনের কর্মসূচি শুরু হয় ‘রান ফর ওয়াটার’ শিরোনামের পদযাত্রা বা ট্র্যাকিংয়ের মধ্য দিয়ে। এতে ছেলে ও মেয়েদের দুটো আলাদা বিভাগে ৪৫ জন অংশ নেন। পাহাড়ি পথে ছেলেরা ১২ কিলোমিটার ও মেয়েরা ৭ কিলোমিটার হাঁটেন। প্রতিযোগীরা আশপাশের বাসিন্দাদের পানির ব্যবহার বিষয়ে সচেতনও করেছেন। পদযাত্রায় ছেলেদের বিভাগে ফয়সাল মোহাম্মদ চ্যাম্পিয়ন এবং মাহমুদুল হাসান রানারআপ হন। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হন শাহারিয়ার শম্পা। আর এ বিভাগে রানারআপ হন মৌসুমি চৌধুরী।
বিকেল চারটায় পদযাত্রা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আর এর সঙ্গে সঙ্গে শেষ হয় দুদিনের আয়োজন।