সাইকেলে দেশ ভ্রমণে বেরোলেন ৫০ বছরের ফরাজি
সাইকেলে দেশ ভ্রমণে বেরিয়েছেন জাফর ফরাজি। মাথায় লম্বা চুল, মুখভর্তি সফেদ লম্বা দাড়ি, গলায় গামছা, পরনে সাদামাটা লুঙ্গি ও শখের বাহন সাইকেল নিয়ে ৫০ বছর বয়সী ফরাজি ১৯টি জেলা ভ্রমণ ইতিমধ্যে শেষ করেছেন। ফরাজির গ্রামের বাড়ি মাদারীপুর জেলার পূর্ব কমলাপুর ইউনিয়নের কালকিনি গ্রামে। এলাকায় তিনি সমাজসেবক দর্জি জাফর হিসেবে বেশ পরিচিত। সাইকেলে ভ্রমণ করতে করতে গত ২৮ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসে পৌঁছেছেন। পাঁচ সন্তানের জনক জাফর প্রায় পাঁচ বছর আগে নিজের সব জায়গা-জমি ও দর্জির দোকানটি বিক্রি করে দিয়ে নিজের গ্রামের রাস্তাঘাট উন্নয়নে এবং কালভার্ট নির্মাণের জন্য ব্যয় করেছেন। এতে গ্রামের মানুষের উপকার হলেও তাঁকে হারাতে হয়েছে সব কিছু। এখন রাতে থাকেন তাঁর গ্রামেরই কমলাপুর বাজারে মুজামের তরকারির দোকানে। ঝড়বৃষ্টিতে কষ্ট হলেও মানুষের উপকার করতে পেরে তিনি খুশি। খুশি তাঁর সন্তানেরাও। সব কিছু হারালেও তাঁরা তাঁদের বাবার কাজে সন্তুষ্ট। জাফর ফরাজির ছেলেমেয়েরা নারায়ণগঞ্জে তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরি করেন। তাঁরা সেখানেই থাকেন। ফরাজির মেয়ে মর্জিনা আক্তার মুঠোফোনে জানান, একসময় তাঁদের ঘরবাড়ি, বাবার টেইলারিং ব্যবসা সবই ছিল। বাবা সব বিক্রি করে দেওয়ার পর প্রথম প্রথম খারাপ লাগলেও এখন বুঝতে পারছেন দেশের প্রতি টান এবং দায়িত্ববোধ থেকে তিনি এসব করেছেন। এলাকার মানুষ তাঁদের বাবাকে ভালো বললে বুকটা ভরে যায়। গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ৬৪ জেলার অলি আউলিয়ার মাজার জিয়ারতে সাইকেল নিয়ে বের হয়ে পড়েন। ভ্রমণের সময় যদি তাঁর মৃত্যু হয়, তাহলে যাঁরা তাঁর দাফন করবেন, তাঁদের সুবিধার জন্য তিনি কাফনের কাপড়ও সঙ্গে রেখেছেন।ফরাজি জানান, বাংলাদেশের মাজারগুলো জিয়ারত শেষে সাইকেল চালিয়ে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাবেন। ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, ফিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, ঝালকাঠি, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলার প্রায় ৪৫টি মাজার জিয়ারত শেষ করেছেন।ফরাজি বাংলাদেশের অলি-আউলিয়ার মাজার জিয়ারত শেষে সাইকেল চালিয়ে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে বাংলাদেশ সরকার ও সৌদি আরবের দূতাবাসে সহযোগিতা চাইবেন বলে তিনি জানান।