সাইকেলে পুরো রংপুর
ওরা তরুণ। ওরা কিশোর। মানুষকে জাগিয়ে তুলতে ওরা এ বয়সেই সোচ্চার। ওরা ছুটে চলে অবিরাম। আলোর সন্ধানে, আলো ছড়িয়ে দিতে।সাদা গেঞ্জিতে ‘মাদককে না বলুন’ স্ল্লোগান লিখে ওরা ঘুরে বেরিয়েছে। রংপুরের প্রত্যন্ত গ্রাম ও শহরের বিভিন্ন জনপদে করেছে সভা-সমাবেশ। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ওরা এগিয়ে চলেছে। সেই সঙ্গে রংপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ওরা শিখছে। এই শেখা যে শুধু নিজের জন্যই, তা কিন্তু নয়। নিজে শিখে অন্যকেও শিখিয়ে চলেছে তারা। রংপুর সদর উপজেলার উত্তম বানিয়াপাড়ার ‘চলন্তিকা সমাজকল্যাণ সংস্থা’। ৭ ফেব্রুয়ারি এ সংগঠনের একদল কিশোর শহর থেকে পীরগঞ্জ উপজেলা পর্যন্ত ১৪০ কিলোমিটার সাইকেলে করে ঘুরে বেরিয়েছে। মিঠাপুকুর, পীরগঞ্জ, ভেণ্ডাবাড়ি, শুকুরের হাট, মোসলেম বাজার, ঝাড়বিশলা, গোপালপুর, আনন্দনগর, ধাপের হাট, শঠিবাড়ী, পায়রাবন্দসহ আরও অনেক স্থানে দাঁড়িয়ে মাদকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এই কিশোরেরাই। করেছে সমাবেশ। বিলি করেছে লিফলেট।মাদকবিরোধী এ সাইকেল শোভাযাত্রায় অংশ নেয় ২৪ কিশোর। তারা সবাই অষ্টম শ্রেণী থেকে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। কিশোরদের নেতৃত্ব দিয়েছেন মঞ্জুরুল ইসলাম নামের এক যুবক। তিনি বললেন, এই কিশোরেরা টিফিনের টাকা বাঁচিয়ে ১০০ টাকা করে চাঁদা দিয়ে এই আয়োজন করে।মাদকবিরোধী শোভাযাত্রায় অংশ নেওয়া কিশোরদের সঙ্গে কথা হয়। রাশেদ বলে, ‘আমাদের চারপাশের পরিবেশ বিপন্ন হয়ে উঠছে। আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। তাই ছুটে চলা।’ সংগঠনের সাধারণ সম্পাদক কারমাইকেল কলেজের সম্মান শ্রেণীর শিক্ষার্থী আসিফ নেওয়াজ বলেন, মূলত কিশোরদের নিয়ে এ সংগঠনটি নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।