সাইকেলে ব্রেক ফেল
বর্ষাকালে একহাঁটু কাদা মাড়িয়ে স্কুলে যেতাম। স্কুলে যাওয়ার পথে আমার প্রতিদিনকার সঙ্গী ছিল বন্ধু সোহান। তখন অষ্টম বা নবম শ্রেণিতে পড়ি। একদিন স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির তোড়জোড় দেখে মনে হচ্ছিল না যে আজকে এই বৃষ্টি আর থামবে। আমি সোহানকে বললাম, চল, এর মধ্যেই রওনা দিই।’ সোহান বলল, ‘ছাতা তো নেই। ভিজে গেলে জ্বর আসবে।’ আমি বললাম, ‘তাহলে তো আরও সুবিধা হবে। জ্বর এলে নিশ্চিন্তে এক সপ্তাহ ছুটি কাটাতে পারবি। স্কুলে আসতে হবে না।’
সোহান মহানন্দে রাজি হয়ে গেল। আমি আর সোহান আমার বাইসাইকেলে করে আষাঢ়ে বৃষ্টি মাথায় নিয়ে রওনা হলাম। আমাদের বাড়ি ফেরার পথে অনেক উঁচু একটি ব্রিজ আছে। অনেক বেশি ঢালু হওয়ার কারণে ছোটখাটো গাড়ি বা সাইকেল নিয়ে ওঠানামা করা এমনিতেই বিপজ্জনক। তার ওপর বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল। আমি সাইকেল চালাচ্ছি। ব্রিজের ওপর ওঠার পর সোহানকে বললাম, ‘শক্ত হয়ে বসে থাক।’ ব্রিজে উঠলাম ঠিকঠাক। কিন্তু বিপত্তি বাধল নিচে নামার সময়। দেখি সাইকেলের ব্রেক কাজ করছে না। রাস্তা বরাবর না গিয়ে আমরা যাচ্ছি পাশেই খালের দিকে। মনে হচ্ছিল এভারেস্ট থেকে পড়ছি। এদিকে সাইকেলের গতি বাড়ছে। হঠাৎ একটা ছোট গাছ পেয়ে আঁকড়ে ধরলাম। সোহান আমার নিচে পা ধরে ঝুলে থাকল। সাইকেল উল্টেপাল্টে ঝপাৎ করে পানিতে গিয়ে পড়ল। আমাদের চিৎকারে অন্য বন্ধুরা ছুটে এল ততক্ষণে। উদ্ধার কার্যক্রম সমাপ্ত হলো। শরীরের ছোটখাটো কাটাছেঁড়া চোখেই পড়ল না। আমরা খুশিমনেই আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরেছিলাম।
সোয়েব আল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।