সাইকেলের মহাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসে বিডি সাইক্লিস্টের সাইকেল র‌্যালি
বিজয় দিবসে বিডি সাইক্লিস্টের সাইকেল র‌্যালি

বিজয় দিবসে সকাল হতে না হতেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সরগরম। সাইকেল বেলের ক্রিং ক্রিং শব্দে যেন দুনিয়া কাঁপছে! কিন্তু এ আওয়াজে কেউ বিরক্ত হচ্ছেন না; বরং সবাই উৎসবের আমেজে প্রস্তুতি নিচ্ছিলেন সাইকেল শোভাযাত্রার জন্য। সেদিন ঢাকা মহানগরের প্রায় পাঁচ হাজার কিশোর-তরুণ সাইকেল নিয়ে হাজির হয়েছিলেন এই আয়োজনে। সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছিল বিডি সাইক্লিস্ট গ্রুপ। বিজয় দিবসের অনেক আগে থেকেই ফেসবুকে প্রচারণা চালায় গ্রুপটি। ফেসবুক ইভেন্টে সবাইকে উৎসাহিত করা হয়েছিল লাল-সবুজ বা বাংলাদেশকে উপস্থাপন করে—এমন পোশাক পরে আসতে। শোভাযাত্রায় অংশ নিয়ে উচ্ছ্বসিত বেহরুজ নওয়াজ খান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘চারদিকে খালি লাল-সবুজে মোড়ানো সাইকেল আর সাইকেল। ঢাকার রাজপথ অবাক বিস্ময়ে বিস্মিত।’ আরেক সাইক্লিস্ট মাইনুল ইসলাম তাঁর অনুভূতি জানান এভাবেই, ‘আমি বিজয় দেখিনি, তবে আমি মাইলের পর মাইল লাল-সবুজ রঙের বন্যা দেখেছি। এ এক অপরূপ দৃশ্য, এ এক অভূতপূর্ব অনুভূতি, এ এক অবিশ্বাস্য দিন!’

সকাল আটটায় শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডি, কারওয়ান বাজার, হাতিরঝিল, গুলশান-১ ও মহাখালী হয়ে আবার মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ হয়।