
বাইসাইকেলের জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছু নেই। তবে বাইসাইকেল মেলা নিয়ে নতুন করে বলার আছে। কারণ, ২৪ অক্টোবর রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ মাঠে বসেছিল এমন এক মেলা। বাইসাইকেল চালান, পছন্দ করেন বা ভবিষ্যতে কিনতে চান—এমন মানুষের আনাগোনা হয়েছিল সেখানে।
যানজটের শহরে ঝক্কি এড়াতে আসিফ আহমেদ মেলা থেকে যাচাই-বাছাই করে কিনেছেন পছন্দের সাইকেলটি। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা ফেরদৌস মেলা ঘুরে সাইকেল পছন্দ করে রেখেছেন। পরে কিনবেন বলেই স্থির করেছেন।
এ তো গেল কেনার খবর, পছন্দের বাইসাইকেলের সারাই যত্ন-আত্তি করাতেও মেলায় আসেন অনেকে। চাকা বদলানো, টিউব সারানো, হাওয়া দেওয়া থেকে শুরু করে টুকটাক সারাইয়ের কাজ করানো গেছে মেলায়। প্রশিক্ষণের নানা তথ্য নিয়েছেন বাইসাইকেলপ্রেমীরা। এ যেন ক্রেতা-বিক্রেতার মিলনমেলা।
পাশাপাশি হরেক নাম আর রঙের সাইকেল নিয়ে হাজির হয়েছিল বিক্রেতাপ্রতিষ্ঠানগুলো। সেগুলোর দাম ছিল আট হাজার থেকে দেড় লাখ টাকা। মেলায় বিভিন্ন পণ্য, সেবা নিয়ে অংশ নেয় সাইকেলের দোকান, সাইকেলপণ্য এবং সাইকেল মেরামতবিষয়ক নানা প্রতিষ্ঠান।
দেশের অভিজ্ঞ সাইক্লিস্টরা মেলায় সাইকেল ও সাইক্লিংয়ের বিভিন্ন বিষয় ও সাইকেল ভ্রমণকাহিনির অভিজ্ঞতা-বিনিময় করেন। পাশাপাশি সাইক্লিস্ট ও দর্শনার্থীদের সাইকেল ও সাইক্লিং-সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিডিসাইক্লিস্টের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন বলেন, সাইকেলে যাতায়াতের সঙ্গে সঙ্গে আজকাল অনেকেই সাইকেলে ভ্রমণও করছেন। দেশের নানা প্রান্তে সাইকেল চালিয়ে ভ্রমণ করেছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। সাইকেল নিয়ে মানুষের এমন আগ্রহ থেকেই মেলা আয়োজন করা হয়েছে।