সাইজ জিরো ল্যাপটপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকাল ‘সাইজ জিরো’ বলে একটা কথা শোনা যাচ্ছে হরহামেশাই। এর আমদানি হলিউড-বলিউডের তারকা নায়িকাদের কাছ থেকে, এটি নিশ্চয়ই আপনার জানা। তবে এই ‘জিরো সাইজ’ শুধু রুপালি পর্দার ওই নায়িকাদের বৃত্তেই আটকে থাকছে না। প্রযুক্তির বাজারেও এই শব্দবন্ধটি বেশ জুতসই। জুতসই সব সময়ের জন্যই। কেননা, খেয়াল করে থাকবেন, আপনার চারপাশের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো ক্রমশ ওজন হারাচ্ছে, হচ্ছে ‘স্মার্ট’! গেল মাসের ২০ তারিখ সেটি ফের প্রমাণ করল বিখ্যাত কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল। ওই দিন তারা বাজারে এনেছে সবচেয়ে হালকা ও পাতলা ল্যাপটপ কম্পিউটার। অ্যাপলের ম্যাকবুক সিরিজের এই ল্যাপটপে আছে আইফোন ও আইপ্যাডের সব সুবিধা। আর এর নাম অ্যাপল ম্যাকবুক এয়ার।নতুন এই ল্যাপটপগুলোর পর্দা ১১ দশমিক ৬ ইঞ্চি, ওজন মোটে ১ দশমিক ০৪ কিলোগ্রাম ! মজার ব্যাপার হলো, ভাঁজ করা অবস্থায় কাগজের ফাইলের মতো দেখতে এই ল্যাপটপের প্রস্থ দশমিক ১১ ইঞ্চি, আর সবচেয়ে পাতলা অংশটি দশমিক ৭ ইঞ্চির কম! ১.৪ গিগাহার্টজের ইনটেল কোর টু ডুয়ো প্রসেসরের এই ল্যাপটপগুলোতে আছে ইউএসবি ২ দশমিক শূন্য, হেডফোন ও মাইকের সংযোগব্যবস্থা। ব্যাটারি চলবে টানা পাঁচ ঘণ্টার বেশি। মাল্টি-টাচ ট্র্যাকপ্যাডের মতো সুবিধাও আছে এতে। ফলে আইফোন কিংবা আইপ্যাডের মতোই পিঞ্চিং, রোটেটিং, সোয়াইপিং এবং ডবল-ট্যাপিং করে নিয়ন্ত্রণ করা যাবে সবকিছু। এ ছাড়া ফেসটাইম ভিডিও সম্মেলনের প্রযুক্তি জুড়ে দেওয়া হয়েছে ম্যাকবুক এয়ারে। তবে হার্ডডিস্ক ড্রাইভের কোনো বালাই নেই এই ল্যাপটপে। তথ্য রাখার জন্য আছে ফ্ল্যাশড্রাইভ। ৬৪ থেকে ১২৮ গিগাবাইট পর্যন্ত জায়গা পাওয়া যাবে তাতে। ফ্ল্যাশ স্টোরেজের সুবিধা থাকায় ল্যাপটপগুলো স্ট্যান্ডবাই অবস্থা থেকে প্রায় মুহূর্তেই চালু হবে। এবং হার্ডডিস্কের তুলনায় দ্বিগুণ তথ্য জমা করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। অ্যাপলের অন্যান্য ল্যাপটপের তুলনায় এই ল্যাপটপে প্রসেসিং পাওয়ারের খরচটাও হবে যৎসামান্য।ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে নিজেদের এই নতুন প্রযুক্তি বাজারে আনার মুহূর্তে উপস্থিত ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস। বললেন, ‘আমরা নিজেরা নিজেদের প্রশ্ন করেছিলাম, ম্যাকবুকের সঙ্গে আইপ্যাড জুড়ে দিলে কী হতে পারে? সেই উত্তর এখন আপনাদের সামনে, অর্থাৎ নতুন এই ল্যাপটপ। আইফোন ও আইপ্যাডের জনপ্রিয়তা এখন আকাশচুম্বি। এ বছর প্রায় দুই হাজার ২০০ কোটি ডলার আয় করেছি আমরা এই পণ্যগুলো থেকে। যা কিনা আমাদের মোট আয়ের এক-তৃতীয়াংশ। নতুন ল্যাপটপগুলোও নিশ্চয়ই বাজারে আলোড়ন ফেলবে।’ অনুষ্ঠানে স্টিভ জবস নতুন ল্যাপটপের পাশাপাশি ম্যাকের নতুন আরেকটি অপারেটিং সিস্টেমের ব্যাপারেও আলোকপাত করেন। ‘লায়ন’ নামের নতুন অপারেটিং সিস্টেমটি সামনের গ্রীষ্মেই বাজারে আসবে বলে জানান তিনি। যাতে থাকবে আগের থেকে আরও উন্নত ‘আইলাইফ’ মাল্টিমিডিয়া স্যুইট। পাশাপাশি ফেসটাইম ভিডিও চ্যাটের সুবিধা।অ্যাপল নতুন ম্যাকবুক এয়ারের দুটি মডেল বাজারে ছেড়েছে। দুই মডেলের পার্থক্য আকার ও দামে। একটির কথা তো আগেই জেনেছেন। আরেকটির আকার খানিকটা বড়, পর্দার আকার ১৩ দশমিক ৩ ইঞ্চি। ওজন ১ দশমিক ৩২ কিলোগ্রাম । এর ব্যাটারি চলবে সাত ঘণ্টা পর্যন্ত। এ ছাড়া লো-ভোল্টেজ প্রসেসরের গুণে সাধারণ কম্পিউটারের তুলনায় খুব কম ভোল্টেজেও তা কার্যকর থাকবে। ১১ ইঞ্চি মডেলটির দাম পড়বে ৮৯৯ পাউন্ড। আর ১৩ ইঞ্চিটি কিনতে হলে গুনতে হবে এক হাজার ৩৪৯ পাউন্ড।ওয়েবসাইট অবলম্বনে