সাইবার অপরাধীদের 'অস্ত্র' ফেসবুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মুজিবুল হক
অলংকরণ: মুজিবুল হক

চট্টগ্রাম নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা গৃহবধূ শাহীন আকতার (ছদ্মনাম)। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন না। কিন্তু তাঁর নাম ও ঠিকানা ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে কে বা কারা। ওই আইডি থেকে পোস্ট করা হয় একের পর এক অশ্লীল ছবি। পরে বিষয়টি তিনি জানতে পারেন। নগরের একটি নামী বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মিথিলারও (ছদ্মনাম) একই অবস্থা। ফেসবুক ব্যবহার না করলেও তার নাম ও ছবি দিয়ে ফেসবুক আইডি খোলা হয়। সেখান থেকেও পোস্ট করা হয় আপত্তিকর ছবি।
গত জুন মাসে বিষয় দুটি লিখিতভাবে পুলিশকে জানানোর পর ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে আইডি দুটি বন্ধ করা হয়। কিন্তু শনাক্ত হয়নি কারা এসব আইডি খোলার সঙ্গে জড়িত।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধ, প্রেমে প্রত্যাখ্যান, পূর্বশত্রুতার জের ধরে ফেসবুকে অপপ্রচারের শিকার হচ্ছেন ব্যবসায়ী থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। গত সাত মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে চারটি মামলা হয়েছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে শতাধিক। আর পারিবারিক ও সামাজিক মানসন্মানের ভয়ে অনেকেই পুলিশকে লিখিতভাবে অভিযোগ দেন না। মৌখিকভাবে প্রতিদিনই নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অভিযোগ দিতে আসছেন অসংখ্য ভুক্তভোগী ও তাঁদের অভিভাবকেরা।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিশোধ নিতে ব্যবহার করা হচ্ছে ফেসবুককে। ফেসবুকে ভুয়া আইডি খুলে চালানো হচ্ছে আপত্তিকর অপপ্রচার। এসব ভুয়া আইডি থেকে পরিচিত জনদের কাছে পাঠানো হচ্ছে অশ্লীল খুদেবার্তা। অভিযোগ পাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় ইতিমধ্যে অনেক ভুয়া আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কয়েকজনকে। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সঠিক পর্যবেক্ষণের অভাবে এ অপরাধ বাড়ছে বলে বিশেষজ্ঞদের অভিমত। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সভাপতি কৌশিক দেব বলেন, ‘সাইবার অপরাধের জন্য সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে ফেসবুক। ই-মেইল কিংবা ফেসবুক খুলতে কর্তৃপক্ষ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করলে সহজে যে কেউ এটা করতে পারত না। আর কোনো অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহজে ধরতে পারত। এতে অপরাধ অনেকটা কমে যেত।’
ফেসবুক অপপ্রচারের শিকার হয়ে আবদুল সাত্তার নামে এক ব্যবসায়ী নগরের পতেঙ্গা থানায় একটি অভিযোগ দেন। তা তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের কাছে পাঠানো হয়। নগর ও জেলার থানাগুলোতে প্রতিদিন অসংখ্য অভিযোগ দিলেও ভুক্তভোগীরা কোনো প্রতিকার পান না। কারণ, থানায় থাকা সব কর্মকর্তা সাইবার অপরাধ বিষয়ে অভিজ্ঞ না। নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অপরাধ দমন দলের ওপর নির্ভর করতে হয় ভুক্তভোগীদের। আর ডিবি পুলিশের ভরসা ফেসবুক কর্তৃপক্ষ ও বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। এ দুই সংস্থা থেকে সহযোগিতা পেলে অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারে ডিবি পুলিশ। এক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় প্রথমে আইডিটা বন্ধ করে দেওয়া হয়। পরে আইপি (ইন্টারনেট প্রটোকল) নম্বর নিয়ে বিটিআরসির মাধ্যমে ভুয়া আইডিধারীদের শনাক্ত করে থাকে পুলিশ।
অপপ্রচারের শিকার আবদুল সাত্তার প্রথম আলোকে জানান, গত মে মাসের মাঝামাঝি সময় থেকে ‘সুশীল সমাজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে তাঁর নামে আপত্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। ফেসবুক অপপ্রচার থেকে রক্ষা পেতে পতেঙ্গা থানায় তিনি অভিযোগ দেন। তা ডিবি পুলিশকে তদন্তের জন্য দেওয়া হয়। পুলিশ ওই আইডি বন্ধের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু তা বন্ধ করা হয়নি। কে বা কারা অপপ্রচার চালিয়েছে, তাদের খু‌েঁজ বের করা যায়নি।
সাবরিনা শাওন নামের আইডি ব্যবহার করে গত জুন মাসে ফেসবুকে চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, কয়েকজন ছাত্রকে জড়িয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য তুলে ধরা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিক্ষানবিশ আইনজীবী শোয়েব আলী চৌধুরী বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী২০১৩) এর ৫৭ (২) ধারায় ইচ্ছাকৃতভাবে ইলেকট্রনিকস বিন্যাসে ফেসবুকের মাধ্যমে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রকাশ করে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সম্মানহানি করার অপরাধে নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। শোয়েব আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, থানায় মামলা হওয়ার পর আইডিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এটা কে করেছে, তাকে শনাক্ত করা যায়নি। সাইবার অপরাধ নিয়ে কাজ করা নগর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, ‘প্রতিদিনই অসংখ্য অভিযোগ পাচ্ছি। পারিবারিক মানসম্মানের ভয়ে অনেকেই লিখিত অভিযোগ করেন না। লিখিত কিংবা মৌখিক অভিযোগের ভিত্তিতে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তা নিয়ে কয়েকটি ভুয়া আইডি বন্ধ করে দেওয়া হয়েছে। বিটিআরটিসির মাধ্যমে অপরাধীদের শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।’
ফেসবুক অপপ্রচারের শিকার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রথম আলোকে জানান, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তাঁর ছবি দিয়ে তিনটি আইডি খোলে কে বা কারা। পরে পুলিশকে জানানো হলে আইডিগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সেই দুঃসহ স্মৃতি তাঁকে তাড়িয়ে বেড়ায় প্রতিনিয়ত। এ রকম হয়রানির শিকার হচ্ছেন অসংখ্য নারী ও পুরুষ।