সাইবার ক্যাফেতে তরুণদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সাইবার ক্যাফেগুলোতে অন্তর্জালের (ইন্টারনেট) অপব্যবহার বাড়ছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সাইবার ক্যাফেতে সময় কাটান। বিটিআরসির বিধিনিষেধ না মানায় যে কেউ আপত্তিকর সাইটে ঢুকতে পারছেন। কর্তৃপক্ষও অনেকটা নীরব। লিখেছেন রুবেল আশরাফনগরের চকবাজার কলেজ সড়কে টুইন প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনের নিচতলায় রয়েছে আটটি সাইবার ক্যাফে। টুইন প্লাজার ১০০ গজের মধ্যে আছে আরও ১৩টি। জিইসির মোড়, গোলপাহাড়, মেহেদিবাগ এলাকায় এমন প্রতিষ্ঠানের ৩০টি পরিচিতিফলক (সাইনবোর্ড) দেখা গেছে। এ ছাড়াও নগরের প্রায় সব মোড়ে সাইবার ক্যাফে রয়েছে, অলিগলিও বাদ নেই।প্রতিষ্ঠানের মালিক ও ব্যবহারকারী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাইবার ক্যাফে বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জমজমাট থাকে। এ সময়ে আসন পেতে অপেক্ষায় থাকতে হয়। চকবাজার, জিইসি মোড়সহ কিছু এলাকায় সকাল-বিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড় থাকে বেশি। গ্রাহকদের অনেকেই উঠতি বয়সের বলে স্বীকার করেন মালিকেরা।অন্তর্জালের (ইন্টারনেট) সহজলভ্যতার সময়েও সাইবার ক্যাফের রমরমা অবস্থার কারণ অনুসন্ধানে জানা গেছে নানা তথ্য। তরুণেরা বিভিন্ন আপত্তিকর সাইটে মজে থাকে। পর্নো, ফেসবুক, গেমসসহ নানা মিউজিক ওয়েবসাইটে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান তাঁরা।নগরের সাইবার ক্যাফেগুলোতে অন্তর্জালের অপব্যবহার বাড়ছে। সম্ভাবনাময় এই ব্যবসাপ্রতিষ্ঠান এখন অপরাধের আখড়ায় পরিণত হচ্ছে বলে অভিযোগ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সাইবার ক্যাফেতে সময় কাটান। অভিভাবকদের অভিযোগ, ঘরে বসে কম্পিউটারে যে কাজ করা সম্ভব নয় তা-ই সাইবার ক্যাফেতে করা যায়। মালিকেরা নিয়ম মানেন না বলে সহজে যে কেউ অন্তর্জালের অপব্যবহার করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) সূত্র জানায়, সাইবার ক্যাফের মালিককে বিটিআরসি থেকে যে অনুমতি (লাইসেন্স) দেওয়া হয় তাতে আপত্তিকর সাইটে ঢোকার (পর্নোগ্রাফি) ব্যাপারে কঠোর বিধিনিষেধ থাকে। ব্যবহারকারীর নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংরক্ষণ করার নিয়ম থাকলেও সাইবার ক্যাফেতে তা মানা হয় না। চট্টগ্রামে বিটিআরসির শাখা না থাকায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘সাইবার অপরাধসংক্রান্ত অনেক অভিযোগ আমরা পাচ্ছি। সাইবার ক্যাফেগুলো থেকেও এ ধরনের অপরাধ হচ্ছে। উঠতি বয়সের তরুণ-তরুণী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও এসবের সঙ্গে জড়িত বলে আমাদের কাছে অভিযোগ আছে। সম্প্রতি এক তরুণীর নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হয়। এ ব্যাপারে অভিযোগ তদন্ত করে আমরা রহস্য উদ্ঘাটন করেছি, যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক তরুণ শিক্ষক জড়িত ছিলেন। আসলে বিকৃত রুচির লোকজন এসব করছে, যা নিয়ন্ত্রণের জন্য আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। ভুক্তভোগী লোকজনের উচিত আইনের আশ্রয় নেওয়া। আমরা তাঁদের পরিচয় গোপন রেখে অপরাধীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব।’ সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, নগরে সাইবার ক্যাফের সঠিক পরিসংখ্যান নেই। চট্টগ্রামে সংগঠনের কার্যক্রম চলছে সীমিত আকারে। এ ছাড়া সব সাইবার ক্যাফে সংগঠনের সদস্যও নয়। নতুন অনেক প্রতিষ্ঠান বিটিআরসির অনুমতিপত্রও নিচ্ছে না। শুধু সিটি করপোরেশনের ব্যবসা শুরুর অনুমতিপত্র (ট্রেড লাইসেন্স) নিয়ে ক্যাফে চালাচ্ছে। চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক দেব বলেন, ‘সাইবার ক্যাফেতে ইন্টারনেটের অপব্যবহার রোধে বড় ভূমিকা রাখতে পারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)। তারা চাইলে কিছু সাইটে ঢোকা নিয়ন্ত্রণ করতে পারে। বিটিআরসির একটি শাখা চট্টগ্রামে থাকলে এ ধরনের কর্মকাণ্ড হতো না।’ জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজায় নেট পয়েন্ট সাইবার ক্যাফেতে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের এক ছাত্রী নাম প্রকাশ না করে বলেন, ‘ফেসবুকে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে সাইবার ক্যাফেতে আসি। বাসায় করতে পারি না, নানা ঝামেলা হয়।’চকবাজার টুইন প্লাজায় ফ্রেনজ সাইবার ক্যাফেতে কথা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ছাত্র নাহিদ হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘ইন্টারনেটে সবসময় পড়ালেখার কাজ করতে হবে—এমন কোনো কথা নেই। এখানে বিনোদনেরও অনেক মাধ্যম আছে। এগুলো ব্যবহার করলে ক্ষতি কী?’সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রথম আলোকে বলেন, ‘সাইবার ক্যাফেতে অন্তর্জালের অপব্যবহারের কারণে উঠতি বয়সের ছেলেমেয়েরা মানসিকভাবে বিকৃত রুচির হয়ে বেড়ে উঠছে। নৈতিকভাবে তারা খুব দুর্বল হবে। আমি মনে করি, ১৮ বছরের নিচে ছেলেমেয়েদের জন্য সাইবার ক্যাফে ব্যবহারের ব্যাপারে আলাদা নীতিমালা থাকা দরকার। তাদের জন্য কম্পিউটারের মনিটর উন্মুক্ত থাকতে হবে। কোনো ধরনের বেড়া (পার্টিশন) থাকতে পারবে না।’জিইসি মোড়ের একটি সাইবার ক্যাফের কর্মচারী বলেন, ‘ব্যবহাকারীরা সব ওয়েবসাইটে ঢুকতে না পারলে তো ব্যবসাই বন্ধ হয়ে যাবে। অবশ্য এর জন্য ঝামেলাও পোহাতে হয়। প্রতিদিন কম্পিউটারগুলো আজব সব ভাইরাসে আক্রান্ত হয়, সেগুলো মুছে দিতে (রিমোভ) হিমশিম খেতে হয়। অনেক সময় কম্পিউটার নষ্ট হয়ে যায়।’ নাসিরাবাদ আবাসিক এলাকার বাসিন্দা, ব্যবসায়ী আবিদ হোসেন বলেন, ‘মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কারণে ইন্টারনেট এখন খুবই সহজলভ্য। এরপরও সাইবার ক্যাফেতে এত ভিড় কেন? এটা একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে এখানে ইন্টারনেটের অপব্যবহার হচ্ছে।’মোহাম্মদপুর ইসমাইল কলোনি এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ‘ছেলেমেয়েদের সবসময় চোখে চোখে রাখা সম্ভব নয়। তারা কলেজে যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে। এক ফাঁকে সাইবার ক্যাফেতে ঢুকে পড়লে আমরা তো দেখব না। এ জন্য প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে।’সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য ইয়াকুব হোসেন বলেন, ‘ইন্টারনেটের অপব্যবহার ঘরে বসে করা যায়। সাইবার ক্যাফেতেও অপব্যবহার হচ্ছে। তবে অপব্যবহারকারীদের সংখ্যা খুবই কম। বিটিআরসি চাইলে পর্নো সাইটগুলো বন্ধ করে দিতে পারে। এ ছাড়া অপব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। অভিভাবকদেরও উচিত সন্তানদের শাসন করা।’