সাইবার জগতে থাকব নিরাপদ

খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষটা বেশ বড়। সেই বড় হলঘরে ঠাঁই নাই, ঠাঁই নাই অবস্থা। সাইবার জগতে মানে ইন্টারনেটে মেয়েদের ঝুঁকিগুলো কোথায় আর বিপদে পড়লে কী করতে হবে, কোথায় যেতে হবে তা-ই হাতেকলমে শিখছে স্কুলের ৪৫০ জন ছাত্রী। এই দৃশ্য গতকাল সোমবারের।
‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক কর্মসূচির আওতায় দেশের আট বিভাগের ৪০টি স্কুলের নবম-দশম শ্রেণির প্রায় ১০ হাজার শিক্ষার্থী এই প্রশিক্ষণ পাচ্ছে। কর্মশালাগুলো বাস্তবায়ন করবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ)। কর্মকর্তারা বলছেন, সাইবার জগতে মেয়েরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। সেই চিন্তা থেকেই স্কুলের ওপরের দিকের ছাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় গল্পচ্ছলে প্রশিক্ষকদের কাছ থেকে ছাত্রীরা শিখেছে কী করে ফেসবুক, ই-মেইল আইডি সুরক্ষিত রাখা যায়। আর নিজের সুবিধার জন্য ১২৩ বা abcd না দিয়ে কঠিন পাসওয়ার্ড দিতে হবে। ভুলেও কাউকে ‘পাসওয়ার্ড’ দেওয়া যাবে না এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত ছবি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
কর্মশালা শেষে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আফরিন বলেছে, নিজেকে সে সুরক্ষিত রাখার কৌশল শিখেছে। কিছুতেই প্রলুব্ধ হওয়া যাবে না।
আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবুল মনসুর মো. শারফুদ্দিন বলেন, ‘কর্মসূচিতে শিক্ষার্থীরা যেন সাইবার আক্রমণ বা অপরাধের শিকার না হয় সে বিষয়ে প্রশিক্ষণ পাবে। অপরাধের শিকার হলে মেয়েটি কোথায়, কার কাছে যাবে সে ব্যাপারেও এ কার্যক্রম থেকে জানবে ও প্রয়োগ করবে—এমনটাই আশা করা হচ্ছে।’ তিনি জানালেন পরীক্ষামূলকভাবে ৯৯৯ নম্বর চালু করা হয়েছে। সাইবার অপরাধের শিকার যে কেউ এই নম্বরে ফোন করলে সহযোগিতা পাবে।
কর্মসূচিটি শুরুর আগে পুলিশ ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসেছিল আইসিটি বিভাগ।
কী ধরনের বিপদ হতে পারে
স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নারী নির্যাতনের হারও বেড়েছে। পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যের ছবিতে ছবি জুড়ে দেওয়া, ইউটিউবসহ বিভিন্ন সাইটে পর্নোগ্রাফি ও ছবি ‘আপ’ করে মেয়েদের ব্ল্যাকমেল করা হয়। কখনো কখনো অপরাধীরা অল্পবয়সী মেয়েদের চ্যাট অপশনে গিয়ে ব্যক্তিগত ছবি এবং ভিডিও ফুটেজ আপলোড করতে প্রলুব্ধ করেন। তারপর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
তদন্তে যুক্ত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি তাঁকে এমন একটি মামলার করতে তদন্ত হয়েছে, যেখানে ঘটনার শিকারও স্কুলশিক্ষার্থী, ঘটনা ঘটিয়েছেও স্কুলশিক্ষার্থী। নিছক ঠাট্টাচ্ছলে তারা অন্তরঙ্গ সময়ের কিছু ভিডিও ধারণ করে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছেলেটি ওই ক্লিপ অনলাইনে ছেড়ে দেয়। ছেলেটি কিশোর উন্নয়ন কেন্দ্রে, মেয়েটি দেশ ছেড়ে চলে গেছে।
পুলিশ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কর্মকর্তারা বলছেন, দু-একদিনের মধ্যে এ ধরনের ভিডিও কয়েক হাজারবার শেয়ার হয়ে যায়। ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে৷
কত মেয়ে হয়রানির শিকার
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত মার্চে ‘ডিজিটাল বাংলাদেশ: সাইবার ক্রাইম, ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড’ শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি মেয়েদের ঝুঁকির প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি বলেন, যত মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন তাঁদের ৭৩ ভাগই নারী। কিন্তু বড় অংশই হয়রানির বিষয়টি চেপে যাচ্ছে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম সম্প্রতি সাংবাদিকদের বলেন, প্রথম যখন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ সাইবার ইউনিট চালু করে, তখন এত অভিযোগ জমা পড়বে তা তাঁদের কল্পনায় ছিল না। যাঁরা অভিযোগ করছেন তাঁদের বড় অংশই নারী।
২০১৩ সালে বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ট্রায়াল কোর্ট চালু হয়। এখন পর্যন্ত ওই কোর্টে ৪৫০ মামলার শুনানি হয়েছে বলে জানান সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম।