সাইবার জগতে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট যুগ আসার আগেই বিশ্বময় আলোর দ্যুতি ছড়িয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ফেসবুক ও ইউটিউবের এই যুগে ইন্টারনেটের কল্যাণে রবীন্দ্রনাথ সাইবার-বিশ্বেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছেন। রবীন্দ্রনাথ সবার তাই তো গুগলে রবীন্দ্রনাথ লিখে সার্চ দিলেই হাজার হাজার ওয়েবসাইটের ঠিকানা পাওয়া যায়। সেগুলোতে তাঁর সাহিত্যকর্মের পাশাপাশি তাঁর জীবনী, কর্ম, চিন্তাধারা, তথ্যচিত্র, গান ইত্যাদি নানা কিছু নিয়ে অগণিত লেখা, ছবি, গান, ভিডিও রয়েছে। যার বর্ণনা ছোট পরিসরে দেওয়া অসম্ভব।পরশু ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে সাইবার জগতে রবীন্দ্রনাথের উপস্থিতিবিষয়ক এই লেখাকে বড়জোর তাঁর প্রতি ভালোবাসার ক্ষুদ্র নিদর্শন বা টোকেন বলা যায়।ইন্টারনেটে রবীন্দ্রনাথের উপস্থিতি নিয়ে একটি সমৃদ্ধ ওয়েবসাইট হলো ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠিত ভাষাপ্রযুক্তি ও গবেষণা পরিষদের তৈরি করা ওয়েবসাইট (http://rabindra.rachanabali.nltr.org/node/1)। পরিষদ বাংলা ভাষা ও ভাষা গবেষণার লক্ষ্যে বাংলা সাহিত্যসম্ভার ইউনিকোড তৈরির প্রথম প্রয়াস হিসেবে গত বছরের ২ ফেব্রুয়ারিতে রবীন্দ্র রচনাবলী প্রকাশ করেছে। ওয়েবসাইটে জানানো হয়েছে যে এই অনলাইন প্রকাশনা দিয়েই পশ্চিমবঙ্গের সরকার রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উদ্যাপনের সূচনা করতে চেয়েছে। এখানে রবীন্দ্রনাথের মুদ্রিত সব রচনা ছাড়াও ১০০টি গানের স্বরলিপি দেওয়া হয়েছে, যা আরও বাড়ানো হবে। পাঠকের প্রস্তাব, সংশোধন, সুপারিশ ইত্যাদি পাঠানোর সুযোগও রাখা হয়েছে।বাংলায় সাইবার জগতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানার জন্য বাংলা উইকিপিডিয়া (http://bn.wikipedia.org/) দেখা যেতে পারে। অনুসন্ধান খোপে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’ কিংবা শুধুই ‘রবীন্দ্রনাথ’ লিখলেও মেনুতে রবীন্দ্রনাথকে নিয়ে বিষয়ভিত্তিক অনেক নিবন্ধ দেখা যাবে। প্রথম নিবন্ধটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবন নিয়ে। এই প্রবন্ধের শুরুতেই বলে দেওয়া হয়েছে, ‘এই নিবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুর নামক ব্যক্তি সংক্রান্ত’। ‘নামক’ শব্দটিতে চমকে উঠলেও বলব সেই চমক ধরে রেখে পুরো লেখাটা পড়তে। কারণ, প্রায় সাড়ে পাঁচ হাজার শব্দের নিবন্ধটিতে খুব সংক্ষেপে রবীন্দ্রনাথের জীবন, সৃষ্টিকর্ম, রাজনীতি, শিক্ষাবিষয়ক চিন্তাধারা ইত্যাদি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেখানে আরও অনেক চমক আছে। যেমন বাংলাদেশে রবীন্দ্রনাথের কর্মকাণ্ড ও জীবন প্রায় অনুপস্থিত। শিলাইদহের কুঠিবাড়ির একটি ছবি ও কয়েকটি লাইন ছাড়া বাংলাদেশ প্রসঙ্গ নেই। অথচ আমরা জানি সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর, খুলনার দক্ষিণডিহিসহ বাংলাদেশের আরও কিছু স্থানে রবীন্দ্রনাথের জীবনের, বিশেষ করে যৌবনের, গুরুত্বপূর্ণ সময় কেটেছে। অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। তিনি অনেকগুলো বিখ্যাত রচনা বাংলাদেশে বসে লিখেছেন। ধারণা করছি, নিবন্ধটির রচয়িতাদের মধ্যে বাংলাদেশি কেউ নেই। কিংবা যাঁরা লিখেছেন তাঁরা বাংলাদেশে রবীন্দ্রনাথের কর্মকাণ্ড নিয়ে খোঁজ রাখেন না। এ অবস্থায় শিল্পকলা একাডেমী, বাংলা একাডেমী ও ছায়ানটসহ রবীন্দ্রনাথকে নিয়ে কর্মকাণ্ড করে এমন সংগঠন ও ব্যক্তিরা প্রবন্ধটি সমৃদ্ধ করতে এগিয়ে আসতে পারেন।সাইবার জগতে রবীন্দ্রনাথ বিষয়ে আগ্রহী যে কেউ ফেসবুকে (www.facebook.com) পাবেন বিশ্বকবিকে নিয়ে অসংখ্য গ্রুপ ও পেইজ। এগুলোর কোনোটা শুধু গান নিয়ে, কোনোটা কবিতা নিয়ে। ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে (www.youtube.com) আছে অসংখ্য রবীন্দ্রসংগীত। রবীন্দ্রনাথের জীবনদর্শন ব্যাপক ও বিস্তৃত। তাঁর জীবনের এক-একটি দিককে তুলে ধরে শত শত পৃষ্ঠার ওয়েবসাইট তৈরি হতে পারে। কিন্তু ইন্টারনেটে খোঁজাখুঁজি করে এ ধরনের বিশেষায়িত ওয়েবসাইট পাওয়া গেল না।কেউ হয়তো কোথাও একটি প্রবন্ধ লিখেছেন, সেটার লিঙ্ক আছে। যেমন ধরুন, গান্ধী-দর্শনের সঙ্গে রবীন্দ্র-দর্শনের যে পার্থক্য ছিল—এটি একটি ওয়েবসাইটের বিষয়বস্তু হতে পারে। আইনস্টাইন ও রদেনস্টাইনের সঙ্গে তাঁর যে সখ্য সেটিও হতে পারে ওয়েবসাইটের বিষয়বস্তু। আবার দক্ষিণডিহিতে রবীন্দ্রনাথের যে বাড়ি ও সেখানকার যে জীবন তা নিয়েও একটি পৃথক ওয়েবসাইট হতে পারে। মানুষ রবীন্দ্রনাথ সম্পর্কে জানতে চায়। অজানা কিছু শুনতে চায়। বিশ্লেষণ চায়। তিনি যে এলাকাগুলোতে বসবাস করেছেন সেগুলোর বর্তমান অবস্থাও জানতে চায়। সেখানকার মানুষ রবীন্দ্রনাথকে নিয়ে কী ভাবেন তাও হতে পারে ওয়েবসাইটের বিষয়বস্তু। মোদ্দা কথা, রবীন্দ্রনাথ যে একটি চলমান বিষয় সেটি ওয়েবসাইটে ফুটে ওঠা দরকার। রবীন্দ্রনাথের প্রকাশিত কর্মগুলোর মধ্যে রয়েছে ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন, ৯৫টি ছোটগল্প, ১৯১৫টি গান [সূত্র: উইকিপিডিয়া]। এ ছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁঁকেছিলেন। এই সবকিছুই মুদ্রিত মাধ্যমে বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত হয়েছে। এমনকি তাঁর যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। এগুলো এখনো একটিমাত্র ওয়েবসাইটে পাওয়া যায় না। এই কাজই এখন হওয়া দরকার। কারণ, রবীন্দ্রনাথ নতুন করে কোনো কিছু লিখবেন না কিংবা তাঁর নতুন কোনো কর্ম তৈরি হবে না। এ কারণেই রবীন্দ্র কর্মসমগ্র একটিমাত্র ওয়েবসাইটে একত্র হওয়া দরকার। আর এই কাজ বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর পক্ষে বাংলাদেশ ও ভারত সরকারের (পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের) যৌথভাবে করা উচিত। আমরা পরশু এ রকম একটি ঘোষণা পেলে সেটি হবে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষের সবচেয়ে বড় পাওয়া। ই-মেইল: [email protected]