সাইবার জগতে সচেতন তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বব্যাপী প্রতিবছর অক্টোবর মাসকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। মূলত এটি উদ্‌যাপন করার মূল কারণ হচ্ছে সাইবার ব্যবহারকারীদের সচেতন করে তোলা। বিশ্বব্যাপী সাইবার অপরাধ দিন দিন বাড়ছে। বাংলাদেশেও এ অপরাধ সংঘটনের পরিসংখ্যান নেহাত কম নয়। একটু অসচেতন হলেই যে কেউ সাইবার অপরাধের শিকার হয়ে যেতে পারে। আবার নিজের অজান্তেই সাইবার অপরাধীর তালিকায় নিজের নামটিও চলে আসতে পারে।
থামুন, ভাবুন এবং প্রবেশ করুন
১ অক্টোবর সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ) আয়োজিত ‘সাইবার নিরাপত্তা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তথ্যপ্রযুক্তিবিদ এম পান্না প্রত্যেক সাইবার ব্যবহারকারীকে এ সূত্রটি মেনে চলতে অনুরোধ করেছেন ‘থামুন, ভাবুন এবং প্রবেশ করুন’। এর মানে হচ্ছে কোনো ওয়েবসাইট বা যেকোনো সার্ভারে প্রবেশের আগে ভাবতে হবে এখানে কোনো অঘটন অপেক্ষা করছে না তো! ইন্টারনেটে সাধারণত যেসব অপরাধ সংঘটিত হয় এর মধ্যে রয়েছে অন্যের ওয়েবসাইট হ্যাক করা, তথ্য চুরি করা, ই-মেইলে বিভ্রান্তমূলক তথ্য প্রেরণ করা এবং হ্যাক করে ব্লাকমেইলিং করা, যোগাযোগমাধ্যমে মানহানিকর ছবি ও তথ্য দেওয়া, হয়রানি করা, ভুয়া আইডি খুলে মিথ্যাভাবে ফাঁসানো ক্রেডিট কার্ডের নম্বর চুরি, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রভৃতি। তাই অবাধ ইন্টারনেট ব্যবহারের যুগে সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

যদি অপরাধের শিকার হন বা ফেঁসে যান

ধরুন আপনার ফেসবুকের আইডি হ্যাক করে ভুয়া একটি আইডি খুলে নানা বিভ্রান্তমূলক ছবি এবং তথ্য পোস্ট করছে কেউ। আপনার নজরে আসা মাত্রই আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি অবগত করে রাখতে পারেন। প্রয়োজনে সাধারণ ডায়েরি (জিডি) করে রাখতে পারেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনেও (বিটিআরসি) লিখিতভাবে জানিয়ে রাখতে পারেন। এতে করে কেউ আপনাকে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করলে আপনি কিছুটা সুরক্ষা পেতে পারেন। ওয়েবসাইট কেউ হ্যাক করলে এবং আপনার ব্যক্তিগত তথ্য কেউ চুরি করলে যদি নির্দিষ্টভাবে বলতে পারেন যে কে এই অপরাধ করেছেন, তাহলে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর আশ্রয় নিতে পারেন। এ আইনের আওতায় থানায় এজাহার দায়ের করতে পারেন। আর যদি মিথ্যাভাবে ফেঁসেই যান তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বুঝিয়ে বলতে হবে যে আপনি পরিস্থিতির শিকার। যদি আদালতে আপনাকে প্রেরণ করা হয় তাহলে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে যেতে হবে। যদিও দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশের আইনে অনেক ফাঁকফোকর রয়েছে; যার ফলে এ আইনের অপব্যবহারও ঘটছে। বিশেষ করে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ৫৭ ধারার অপপ্রয়োগ হতে দেখা যাচ্ছে। তাই আইনের আশ্রয় নেওয়ার আগে সচেতন হওয়া জরুরি বেশি।

কী আছে আইনে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ৫৪ ধারা অনুযায়ী, কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি, অনিষ্ট সাধন যেমন ই-মেইল পাঠানো, ভাইরাস ছড়ানো, সিস্টেমে অনধিকার প্রবেশ বা সিস্টেমের ক্ষতি করা ইত্যাদি অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড বা ১০ লাখÿ টাকা পর্যন্ত জরিমানা। ৫৬ ধারায় বলা হয়েছে, কেউ যদি ক্ষতি করার উদ্দেশ্যে এমন কোনো কাজ করেন, যার ফলে কোনো কম্পিউটার রিসোর্সের কোনো তথ্য বিনাশ, বাতিল বা পরিবর্তিত হয় বা এর উপযোগিতা হ্রাস পায় অথবা কোনো কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক বা কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করেন, তবে এটি হবে হ্যাকিং অপরাধ। যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড বা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা।

৫৭ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে কোনো মিথ্যা বা অশ্লীল কিছু প্রকাশ বা সম্প্রচার করে, যার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি হয় অথবা রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় তাহলে এগুলো হবে অপরাধ। যার শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ৭ বছর কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা।

ধারা ৬৩-তে বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো ইলেকট্রনিক রেকর্ড, বই, রেজিস্ট্রার, পত্র যোগাযোগ, তথ্য, দলিল বা অন্য কোনো বিষয়বস্তুতে প্রবেশাধিকার প্রাপ্ত হয়ে, সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে প্রকাশ করেন তাহলে তিনি অনধিক দুই বছর কারাদণ্ডে বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া ধারা ৬৬ পর্যন্ত অন্যান্য অপরাধের সাজার কথা বলা হয়েছে।

লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট