সাইবার নিপীড়নের বিরুদ্ধে মনিকা লিওনিস্কি

নিজেকে সাইবার নিপীড়নের অন্যতম প্রথম শিকার হিসেবে উল্লেখ করে দুনিয়াজুড়ে সাইবার নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন মনিকা লিওনিস্কি। ১৯৯৮ সালের দিকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হোয়াইট হাউসের ইন্টার্ন লিওনিস্কির সম্পর্ক নিয়ে দুনিয়াজুড়ে তোলপাড় শুরু হয়। হালের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে সাইবার নিপীড়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত ১০ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো জনসমক্ষে নিজের অতীত নিয়ে মুখ খুললেন লিওনিস্কি। খবর বিবিসির।
কানাডার ভ্যানকুভারে টেড (টেকনোলজি, এন্টারটেইনমেন্ট ও ডিজাইন) সম্মেলনে বৃহস্পতিবার ‘জাস্ট অ্যান্ড আনজাস্ট’ শিরোনামের এক সেশনে বক্তব্য রাখতে গিয়ে মনিকা লিওনিস্কি সাইবার নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সম্মেলনে লিওনিস্কির বক্তব্যকে স্বাগত জানিয়ে মুহুর্মুহু করতালিসহ দাঁড়িয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত দর্শক শ্রোতারা।
২০০৫ সালের পর জনজীবন থেকে এক প্রকার নির্বাসিত জীবন যাপন করছিলেন লিওনিস্কি। প্রায় এক দশকের নীরবতার পর গত বছরের অক্টোবরে ‘ফোর্বস আন্ডার থার্টি’ সম্মেলনে প্রথমবারের মতো নিজের অতীত জীবনের বিতর্ক নিয়ে মুখ খোলেন তিনি। এরপর ভ্যানকুভারের টেড সম্মেলনই লিওনিস্কির জন্য জন পরিসরে বড় উপস্থিতি।
‘আমি ৪০ বছর পেরোনো একমাত্র মানুষ যে ২২ বছর বয়সে ফিরে যেতে চায় না’ বলে নিজেকে নিয়ে কৌতুক করে বক্তব্য শুরু করেন লিওনিস্কি। তিনি বলেন, ‘২২ বছর বয়সে আমি আমার বসের প্রেমে পড়েছিলাম। ২৪ বছর বয়সে আমি তার ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হয়েছি।’
ইন্টারনেট তাঁর ব্যক্তিগত লজ্জাকে ভয়ংকর পর্যায়ে নিয়ে গিয়েছিল বলে জানান লিওনিস্কি। তিনি বলেন, ১৯৯৮ সালের দিকে ক্লিনটনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গন, আইনি পরিসর ও গণমাধ্যমে যে ঝড় উঠেছিল, তা এর আগে আর কখনো দেখা যায়নি। তিনি বলেন, ‘আর এসবই আপনাদের সবার কাছে পৌঁছে গিয়েছিল ডিজিটাল বিপ্লবের মধ্য দিয়ে।’
১৯৯৮ সালের দিকে এখনকার মতো অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলেও কালো টুপি (ব্যারেট) পরিহিত মনিকা লিওনিস্কির ছবি অনলাইনে ভাইরাল আকারে ছড়িয়ে পড়েছিল। ক্লিনটন-মনিকা কেলেঙ্কারি নিয়ে অনলাইনে নানা গণমাধ্যমের অগণিত প্রতিবেদনের পাশাপাশি বিভিন্ন ওয়েব পোর্টালে বিস্তর লেখালেখির সঙ্গে ছড়িয়ে পড়েছিল নানা আদি-রসাত্মক কৌতুক। দুনিয়াজুড়ে ই-মেইলে ছড়িয়ে গিয়েছিল ক্লিনটন-মনিকা কেলেঙ্কারির খবর।
সে সময়ের কথা স্মরণ করে লিওনিস্কি বলেন, ‘একজন ব্যক্তি থেকে রাতারাতি আমি দুনিয়াজুড়ে জনসমক্ষে নিপীড়িত এক জনব্যক্তিত্বে পরিণত হয়েছিলাম। আমাকে যৌনাবেদন ছড়ানো মেয়েমানুষ, মেধাহীন শরীরসর্বস্ব নারী ও বেশ্যা বলে ডাকা শুরু হলো। পাথর ছোঁড়ার মানসিকতা সম্পন্ন লোকে ভরা ছিল পুরো ভাচুর্য়াল দুনিয়া।’
লিওনিস্কি বলেন, ‘১৭ বছর আগে এর কোনো নাম ছিল না। কিন্তু আমরা এখন জানি একে সাইবারবুলিয়িং বা অনলাইন নিপীড়ন বলে।’
যুক্তরাজ্যের দাতব্য সংস্থা চাইল্ডলাইন জানিয়েছে, গত বছর সাইবারবুলিয়িং বা সাইবার নিপীড়ন সংক্রান্ত বিষয়ে অভিযোগের হার ৮৭ শতাংশ বেড়েছে। শিশুদের জন্য কাজ করা আরেক দাতব্য সংস্থা এনএসপিসিসি-এর হিসেব অনুযায়ী দেশটিতে প্রতি পাঁচ জন শিশুর একজন সাইবার নিপীড়নের শিকার। গত বছর নেদারল্যান্ডসের এক গবেষণায় বলা হয়েছে, তরুণ-তরুণীদের মধ্যে সাইবার নিপীড়ন থেকে আহত হয়ে আত্মহত্যার প্রবণতা অন্য ঘটনাগুলোর তুলনায় বেশি।
মনিকা লিওনিস্কি বলেন, প্রযুক্তি এখন লজ্জা বা বিব্রত হওয়ার বিষয়টাকে ধ্বনি-প্রতিধ্বনিতে আকাশে বাতাসে ছড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ‘একসময় এসব কেবল নিজের পরিবার, নিজের স্কুল, নিজের গ্রাম বা মহল্লায় সীমিত ছিল কিন্তু এটা এখন পুরো অনলাইন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে যায়। যত বেশি লজ্জা, তত বেশি ক্লিক এবং তত বেশি বিজ্ঞাপনের ডলার। আমরা মানুষের দুর্দশা নিয়ে পয়সা বানাচ্ছি।’
সম্প্রতি জেনিফার লরেন্সের মতো হলিউড তারকাদের নগ্ন ছবি হ্যাক করে সেসব অনলাইনে ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন লিওনিস্কি। এগুলোর ব্যাপকতা বোঝাতে তিনি জানান, একটা ওয়েবসাইটেই এসব ছবির জন্য ৫০ লাখ হিট পড়েছিল। ইন্টারনেট মানুষকে অন্য মানুষের দুর্দশা ও বেদনার প্রতি সংবেদনহীন করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি। সবশেষে নিজের ব্যক্তিজীবন নিয়ে আবারও মুখ খোলার ব্যাখ্যা দিয়ে তিনি এই বক্তব্য শেষ করেন। লিওনিস্কি বলেন, ‘এখন নিজের অতীত নিয়ে চুপিচুপি হাঁটা বন্ধ করার সময়, এখন আমার নিজের ব্যাখ্যাটা তুলে ধরা এবং অন্যদের এটা জানানোর সময় যে, আপনারাও (এই নিপীড়ন পেরিয়ে) বাঁচতে পারবেন।’