সাউদার্নের আলোর রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে ঢোকার আগেই কানে এল সুরের গর্জন, কান পাততেই স্পষ্ট হলো শব্দগুলো—‘ভালো থাকি কেমনে বলো/অন্যের হাত ধরে যখন চলো...।’ কাছে গিয়ে মনোযোগ দিয়ে শোনা হলো গানটা—‘দিছো আমায় সিস্টেম কইরা/এখন আমার কী উপায়/আমার মাথাটা চুলকায়/ চুলগুলো পড়ে যায়/ পড়ছি আমি মাইনকা চিপায়।’ আসলে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত ‘ভালো আছি ভালো থেকো’ গানের প্যারোডি গাইছিলেন একদল ছাত্র। তাঁদের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন ছাত্রীরাও। স্বাভাবিকভাবে প্রশ্নটা এল—কে কার হাত ধরে চলে গেল? প্রশ্নের জবাব পাওয়া গেল হাসিতে।একজন শুধু এটুকু বললেন, ‘আমরা সবাই দিলদরিয়া। নিজের কথা না বলে অন্যের কথা ভালো বলতে পারি।’ বোঝা গেল, বিষয়টা প্রেমঘটিত।সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আড্ডাবাজদের নাম জানা হলো—তানজিনা আহমেদ, সোহেল মাহমুদ, নুসরাত সুলতানা, আতিকুর রহমান ও আবদুল্লাহ আল নাইম আলী। তাঁরা ফার্মেসিতে পড়েন। টুকটাক কথায় শুরু হলো আড্ডা। এরই মধ্যে যোগ দিলেন আইনের শিক্ষার্থী নিশিতা রক্ষিত ও ফাহিমা আহমেদ। তাঁরা জানান, ক্যাম্পাসের ক্যান্টিন, সিঁড়ি, ১ নম্বর ভবন, বিজনেস ক্লাব বা ল ক্লাবে বসে আড্ডা দেন শিক্ষার্থীরা।কয়েকটি ভবন নিয়ে বিশ্ববিদ্যালয়—এ নিয়ে আপনাদের আনন্দ-বেদনা কিছুটা আছে নিশ্চয়? প্রশ্ন করলে উত্তেজনায় আসন থেকে উঠে পড়েন তানজিনা আহমেদ। ‘আমাদের সবই আছে শুধু শাটল ট্রেন ছাড়া।’ বলেন তিনি। আরও বললেন, বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা হয় তা নয়, সহশিক্ষায় খুব গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি বিভাগে আলাদা ক্লাব আছে, এগুলো বছরজুড়ে নানা আয়োজন করে। বছরে তিনবার রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ২০০৩ সাল থেকে বিএনসিসিতে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। আইন পরামর্শকেন্দ্রে দেওয়া হয় বিনা মূল্যে পরামর্শ। বিশ্ববিদ্যালয় নিয়ে তানজিনার আনন্দের কথা শেষই হয় না। আইনের ফাহিমা আহমেদ পরামর্শের বিষয়টি আরও খোলাসা করলেন, ‘আইন বিভাগের প্রধান মহিউদ্দিন খালেকের পরিচালনায় এ কেন্দ্রে আইনের শিক্ষার্থীরা শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। এ ছাড়া আছে স্পিড (সাউদার্নস প্রফেশনাল এডুকেশন ফর এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট) যেখানে বিভিন্ন পেশার লোকদের মাসে এক দিন বা তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়।’আড্ডায় এবার যোগ দিলেন বিবিএর সাদ্দাম হোসেন, মাহমুদ হোসেন, রেহনুমা ইকবাল, মুমতাহিনী রহমান, জয়নাব সামিয়া, সাইদুল করিম, সোনিয়া আকতার, আনিস, অলিক মুখার্জী, কাউসার আলম ও এসএম আলী হায়দার।সহশিক্ষার বিষয়ে জানতে চাইলে মাহমুদ হোসেন বলেন, ‘ক্যাম্পাসে জাতীয় দিবসগুলো জমজমাট করে পালন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্কের আয়োজন করা হয়। প্রতিবছর পালিত হয় পয়লা বৈশাখ। সারা বছর এ মেলার জন্য অপেক্ষা করি আমরা।’ সামিয়া বললেন, ‘মেলায় নিজেরা স্টল দিই। পান্তা-ইলিশ, খিচুড়ি, তরমুজের শরবত বেচি। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে চলে নাচ।’ যোগ করেন রেহনুমা—‘বিভিন্ন বিভাগ মেলার আয়োজন করে। দেশি পণ্য নিয়ে আমরা নতুন কিছু করার চেষ্টা করি। গতবার মেলায় দুধ দিয়ে দইবড়া, ছানার লাড্ডু, ক্ষিরের সন্দেশ তৈরি করেছিলেন অনিক।’ এবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম সম্পর্কে জানতে শরণাপন্ন হই প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান ও ইসরাত জাহানের। তাঁরা জানান, ‘শিক্ষার্থীদের জন্য উত্তর আমেরিকার মতো উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে ১৯৯৮ সালে সাউদার্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৯ এ তিনজন শিক্ষার্থী নিয়ে বিবিএ চালু হয়, বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী আছেন এ বিভাগে। চট্টগ্রামে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ই প্রথম এমবিএ চালু করে। ওই বছর মাত্র একজন শিক্ষার্থী নিয়ে এমবিএ কোর্স চালু করতে চেয়েছিলেন কিন্তু সম্ভব হয়নি। ২০০০ সালে ২৮ জনকে নিয়ে এমবিএ শুরু হয়। এখন ৬০০ জন শিক্ষার্থী আছেন। গত ২৭ মার্চ অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে ৪৫ জনকে ‘রোল অব অনার’ দেওয়া হয়েছে। সহকারী রেজিস্ট্রার মো. সাখায়াত উল্লাহ চৌধুরী জানান, ‘বর্তমানে সাউদার্নের আট বিভাগে দুই হাজার ৮০০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। এ বিশ্ববিদ্যালয়কে চট্টগ্রামে এক নম্বর বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।’বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় মানেই বিশাল ক্যাম্পাস, এ ধারণা ঠিক নয়। বিদেশে কয়েকটি কক্ষ নিয়েও বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। মেধা আর পড়াশোনাটাই আসল।’ আরও কয়েকজন শিক্ষক জানান, লেখাপড়া শেষ করে শিক্ষার্থীরা যাতে ভালো চাকরি পায় সেদিকেও বিশ্ববিদ্যালয় খেয়াল রাখে। ৪০-৬০ শতাংশ শিক্ষার্থীদের নানাভাবে আর্থিক সাহায্য দেওয়া হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষকেরা সাহায্য করেন। চাকরির ক্ষেত্র সম্পর্কেও তাঁদের ধারণা দেওয়া হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য উপযোগী করে তোলা হয়। আবার আড্ডার বন্ধুরা। পড়াশোনা শেষে কে কী হতে চান? সামিয়া—‘আমি পাটকে কাজে লাগিয়ে নতুন কিছু করতে চাই। তবে আইডিয়াটা এখনই বলে দেব না, কারণ হাইজাক হয়ে যেতে পারে।’মাহমুদ—‘আমি পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত হতে চাই। বাংলাদেশে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। দেশে দেখার অনেক কিছু আছে। তার মাত্র এক শতাংশ আমরা কাজে লাগাই। আমরা শুধু কক্সবাজার ও সুন্দরবন নিয়ে কথা বলি। বাকি স্থানগুলোর খবর রাখি না।’ খুলনার মেয়ে সোনিয়া বললেন—‘খুলনায় ইপিজেড হলে সেখানকার মানুষগুলোকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব।’ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা পড়ানো হয় না। আপনারা কী মনে করেন?এ নিয়ে পাওয়া গেল দুই ধরনের মতামত।নিশিতা বললেন, স্নাতক পর্যায়ে এসে বাংলায় পড়ার দরকার নেই। তবে ফাহিমার মতে, ইংরেজির পাশাপাশি বাংলা জানা দরকার। তিনি বলেন, সাধারণ মানুষ যখন আইনি সাহায্যের জন্য আসেন তখন তাঁদের বাংলায় বুঝিয়ে দিতে হবে। তুহিন—যাঁরা ইংরেজি ভালো জানেন তাঁরা বাংলাও ভালো জানেন। কিন্তু যাঁরা বাংলায় ভালো তাঁরা ইংরেজিতে ভালো নাও হতে পারেন। সাদ্দাম বলেন, দেশ শুধু দেশের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাই কর্মচারীদের ইংরেজিতে ভালো দক্ষতা থাকা দরকার। বর্তমানে একজন পিয়নকেও ইংরেজি পড়তে বা লিখতে জানতে হয়। নুসরাত বলেন, ‘কিন্তু কেউ বাংলায় পিএইচডি করে এলেও আমরা তাঁকে সম্মান করি না। আমাদের মানসিকতার পরিবর্তন করা উচিত। আনিসের কথাটা সবার মন ছুঁয়ে গেল—‘পৃথিবীতে একটি মাত্র জাতি বাঙালি, ভাষার জন্য প্রাণ দিয়েছে। ভাষার কারণে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। সুতরাং বিদেশি ভাষা জানা দরকার, তবে তারও আগে দরকার মায়ের ভাষাটা শুদ্ধভাবে লিখতে ও পড়তে জানা।’ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে তাঁদের অশেষ আগ্রহ। বিবিএতে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয়। আর পুরাকীর্তি শিক্ষার্থীদের দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। মুক্তিযুদ্ধ নিয়ে আরও জানতে চাইলে প্রাণের আবেগ দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে।নুসরাত বলেন, ‘আমরা যুদ্ধ দেখিনি তবে হূদয় দিয়ে অনুভব করি।’হায়দার বলেন, ‘আমাদের সঠিক ইতিহাস জানানো উচিত। ইতিহাস নিয়ে ঝগড়া না করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা করা উচিত।’ তানজিনা বলেন, ‘আমরা এখনো মীমাংসিত বিষয় স্বাধীনতার ঘোষক নিয়ে ঝগড়া করি। অথচ আমাদের ভাবনার মূল বিষয় হওয়া উচিত বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ।’তবে সবাই সমস্বরে বললেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। যারা এ দেশের জন্মের বিরুদ্ধে কাজ করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে তাঁদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।’এবার ছাত্ররাজনীতি প্রসঙ্গ।সোহেল—ছাত্রদের উচিত নিজেদের অধিকার নিয়ে আন্দোলন করা। তাঁরা শিক্ষাঙ্গনের সমস্যা সমাধানের চেষ্টা করবে অন্য কিছু নয়। ফাহিমা—এমন রাজনীতি করা উচিত যাতে সাধারণ মানুষের সমস্যা না হয়। আনিস—ছাত্ররা দেশের সম্পদ। তাঁরা রাজনীতিতে না এলে মেধাবী রাজনীতিবিদ তৈরি হবে না। দেশ পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব দরকার। কিন্তু ছাত্ররাজনীতির নামে নোংরামি আর চাই না।