সাকসেস কিডের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা–মার সঙ্গে স্যামি গ্রিনার এখন
বাবা–মার সঙ্গে স্যামি গ্রিনার এখন

স্যামি গ্রিনারের বয়স এখন ১০ বছর। নাম শুনে হয়তো ঠাওর করতে পারবেন না শিশুটি আপনার পরিচিত! কারণ, আপনি চেনেন এক বছর বয়সী স্যামি গ্রিনারকে। খোলাসা করেই বলা যাক, ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে একটি শিশুর ছবি আমরা প্রায়ই ব্যবহার করি। মুঠোবদ্ধ হাত আর মুখের অভিব্যক্তির কারণে ছবির শিশুটি পরিচিতি পেয়েছে ‘সাকসেস কিড’ হিসেবে। এই সাকসেস কিড হচ্ছে স্যামি গ্রিনার।
সম্প্রতি নিউজ স্টেটসমেন্টডটকমের একটি খবরে স্যামিকে উদ্ধৃত করা হয়েছে। এই ছবি ও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছে স্যামি ও তার মা ল্যানি রবার্টসন গ্রিনার। ছবি সম্পর্কে স্যামি গ্রিনার বলেছে, ‘আমি যখন ছোট ছিলাম, তখন ভাবতাম এটা বড় কিছু নয়।’ তবে গত বছরের একটি ঘটনায় তার সেই ধারণার পরিবর্তন হয়েছে।
স্যামির বাবা জাস্টিন গ্রিনার ২০০৯ সাল থেকে কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। তবে ২০১৫ সালে কিডনি প্রতিস্থাপনের কথা বলেন চিকিৎসক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্যামি গ্রিনারের পরিবার আর্থিক অবস্থার কারণে অসহায় হয়ে পড়ে। একসময় স্যামির মা ফেসবুকে ‘গো ফান্ড মি’ নামের একটি পেজ তৈরি করে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে চিকিৎসার জন্য সাহায্য চান। মানুষ যখন বুঝতে পারলেন, যাঁর জন্য সাহায্য চাওয়া হয়েছে তিনি ‘সাকসেস কিডের’ বাবা, কয়েক দিন পেরোতেই তহবিলে জমা হলো প্রায় এক লাখ ডলার। এ ছাড়া অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারী স্যামির পরিবারকে শুভকামনা জানিয়েছেন। এমনকি অনেকে কিডনি দেওয়ারও আগ্রহ দেখিয়েছেন। সেই অর্থ দিয়েই গত বছরের আগস্ট মাসে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হয় স্যামির বাবার। এ ঘটনা স্যামিকে হতবাক করে দিয়েছিল। সে বলে, ‘আমি কখনো চিন্তাও করতে পারিনি এটা আমার বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে।’

ছবির গল্প বলতে গিয়ে ল্যানি রবার্টসন গ্রিনার ফিরে গেছেন নয় বছর আগে। স্যামির সাফল্যের প্রতীক হওয়া ছবিটি যে তিনিই তুলেছিলেন। ল্যানি রবার্টসন জানিয়েছেন, ছবিতে স্যামি আসলে মুঠোভর্তি বালু নিয়ে মুখে পুড়ছিল!

 সূত্র: ডেইলিমেইলও নিউজ স্টেটসমেন্ট