সাকিবের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণে অসাধারণ। সাদামাটা থাকতেই পছন্দ করেন সাকিব। ব্যতিক্রম হয় না ঈদেও। সকালে ঘুম থেকে উঠেই গোসল। এরপর ঈদের জন্য কেনা নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যান। ‘ঈদ নিয়ে আগাম কোনো পরিকল্পনা নেই। দেশে ঈদ করতে পারব, এতেই আমি খুশি। খেলার কারণে গত তিনটি ঈদ দেশের বাইরে কাটিয়েছি। তখন মন খারাপ লাগত। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দ অন্য রকম। ঈদে অনেক উপহার পাই এখন। তবে শপিংয়ে গেলে নিজের জন্য কিছু পছন্দ হলে কিনে ফেলি। নিজের কেনা পোশাকও পরি। আবার কেউ দিলে সেটাও পরা হয়। আগে থেকে ঠিক করা থাকে না। অবশ্য ঈদের দিনের জন্য দুটি পাঞ্জাবি বেছে রাখি। একটা সকালে পরলে আরেকটা সন্ধ্যায়।’ক্যাজুয়াল সাকিব‘সারা বছর জিন্স, টি-শার্ট, খাটো হাতার শার্ট পরলেও রোজার ঈদে পরি না। তবে কোরবানির ঈদে আবার টি-শার্ট, শার্ট পরি।’ বললেন সাকিব। সন্ধ্যার পর থেকে সাকিবের পুরো সময়টা বন্ধুদের জন্য। আড্ডাও চলে রাত পর্যন্ত। ‘ঈদের আগে চুল কাটাতে হবে। চুল কাটানোর সময় পাচ্ছি না।’ নিজের চুলে হাত বুলিয়ে বলেন সাকিব। সাকিব আরও বললেন, ‘চুলে মাঝেমধ্যে হেয়ার জেল ব্যবহার করি। হেয়ার জেল যেকোনো ব্র্যান্ডের হলেও সুগন্ধি হতে হবে প্রিয় ব্র্যান্ডের। আরমানি, বুলগেরি, না হয় হুগো বস। পর্যায়ক্রমে এসবই ব্যবহার করি। কানে-হাতে-গলায় কোনো গয়না পরি না। সব মিলিয়ে আমি সাধারণ।’পাঞ্জাবিতে ঈদের দিনহালকা কাজের পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাদা, লাল, কালো, নীল ও সবুজ রঙের পোশাকই বেশি পরা হয়। ঈদের দিন সকালে হয়তো সাদা বা হালকা যেকোনো রঙের পাঞ্জাবি পরবেন। যেহেতু গরম থাকবে এবার তাই সুতির পাঞ্জাবি বেছে নেবেন দিনের বেলায়। ‘নামাজ পরে এসে সবাইকে সালামি দিতে হয়। ছোটবেলায় সালামি পেতাম। এখন দিই। আরেকটা পার্থক্য টের পাই আগের ঈদের সঙ্গে। আগে নিজের ইচ্ছামতো ঈদে সব করতে পারতাম। মন চাইলে কারও বাসায় যেতাম। না ইচ্ছা করলে যেতাম না। কেউ সেটা খেয়াল করত না। এখন সবার বাসায় যেতে হয়। দেখা করতে হয়। কারও বাসায় যেতে খুব একটা ভালো লাগে না আমার। সেই ইচ্ছামতো চলায় খানিকটা ছেদ পড়েছে। সবার সঙ্গে দেখা করতেই তো দিনের বেশির ভাগ সময় চলে যায়।’ বললেন সাকিব আল হাসান।সাকিব বলেন, ‘পাঞ্জাবি পরলে সাধারণত পাজামা পরি। অনেক সময় জিন্সও পরা হয়। ‘রাতে সিল্ক, অ্যান্ডি বা সুতির যেকোনো উজ্জ্বল রঙের পাঞ্জাবি পরার ইচ্ছা আছে। রঙের পাঞ্জাবি পরা হবে। তবে কখনো স্ট্রাইপ, জিগজাগ ধরনের পাঞ্জাবি পরি না। হালকা কাজের এক রঙের পাঞ্জাবি ভালো লাগে।’ সকালে নামাজ পড়ে এসে মায়ের রান্না করা খিচুড়ি, গরুর গোশত, খাসির গোশত খাই। এর সঙ্গে ডিম ভাজি বা অমলেট খাই। মায়ের হাতের পোলাও আমার ভীষণ প্রিয়। আরেকটা খাবার ছাড়া ঈদ পূর্ণ হয় না সেটা হলো নানির হাতের পায়েস। বাড়িতে খাওয়া শেষে চলে যাই নানি-মামাদের বাড়িতে। সেখানে কিছু সময় থেকে ফুপু, আত্মীয়স্বজনের বাড়িতে যাই। প্রত্যেকের বাসায় কিছু না-কিছু খাওয়া হয়। এরপর বাড়িতে এসে কিছুক্ষণ বিশ্রাম।