সাকিব-তামিম হওয়ার স্বপ্ন তাদের
>

ক্রিকেট নিয়ে উন্মাদনা ছুঁয়ে যায় সব বয়সীকেই। তবে কিশোর-তরুণদের মধ্যে এই উন্মাদনার পারদ ঊর্ধ্বমুখী। কারও কারও মনে জেঁকে বসে ক্রিকেটার হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছে ক্রিকেট একাডেমিগুলো। এখানেই তারা শিখছে ক্রিকেটের অ আ ক খ
এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠ। চারদিকে কিশোর-তরুণদের কোলাহল। কেউ প্যাড-হেলমেট চাপিয়ে নেটে ব্যাটিং করছে। কারও বোলিং অ্যাকশন ঠিক করতে গলদঘর্ম অবস্থা। আবার ছোট ছোট দল ব্যস্ত শরীর চর্চায়। এই চিত্র গত শুক্রবার বিকেলের।
শুধু প্রশিক্ষণ মাঠ নয়, আউটার স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বিভিন্ন মাঠে চলে ক্রিকেটের অনুশীলন। বিভিন্ন একাডেমির অধীনে কিশোর-তরুণদের দেওয়া হচ্ছে ক্রিকেটের প্রথম পাঠ। চট্টগ্রামের এ রকম ক্রিকেট একাডেমির সংখ্যা ২০–র মতো।
এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে কথা হয় নবম শ্রেণির ছাত্র ইমরান বিন সাঈদের সঙ্গে। সে জুনিয়র ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছে মাসখানেক আগে। ইমরান জানায়, সে সাকিবের মতো অলরাউন্ডার হতে চায়।
ইমরানের সঙ্গে কথা বলার ফাঁকে পাশের দাঁড়ায় আরেক কিশোর প্রমিথ চক্রবর্তী। সেও পড়ে নবম শ্রেণিতে। তিন বছর ধরে অনুশীলন করছে সে। বিভিন্ন টুর্নামেন্টেও খেলেছে। সে বোলিং-ব্যাটিং দুটোই করে। তবে তার আদর্শ মাশরাফি।

ইমরান-প্রমিথের সঙ্গে কথা শেষে নেট অনুশীলনের দিকে গেলে কথা হয় তাফহিমুল ইসলামের সঙ্গে। পঞ্চম শ্রেণির ছাত্র সে। নেটে ব্যাটিংয়ের অপেক্ষা তার। ইস্পাহানি একাডেমির একটি অনূর্ধ্ব-১২ টুর্নামেন্ট খেলেছে সে। কার মতো ক্রিকেটার হতে চাও? প্রশ্ন করতে উচ্ছ্বসিত কণ্ঠে তার জবাব, ‘তামিমের মতো ব্যাটিং করব।’
এদিকে ছেলেদের প্রশিক্ষণে আনতে নিয়মিতই স্টেডিয়ামপাড়ায় আসা-যাওয়া করতে হয় অভিভাবকদের। তাঁদের একজন বেসরকারি চাকরিজীবী প্রদ্যুৎ চৌধুরী। মাঠের এক কোনায় দাঁড়িয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে শায়ন চৌধুরীর প্রশিক্ষণ দেখছিলেন। তিনি বলেন, ‘ছেলের ক্রিকেটের প্রতি ঝোঁক বেশি। তাই একাডেমিতে ভর্তি করিয়ে দিলাম।’
ক্রিকেটে বাংলাদেশের সাফল্য শিশু-কিশোর ও তরুণদের পাশাপাশি অভিভাবকদেরও ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলেছে বলে একাডেমির কোচদের অভিমত।
জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমির কোচ তপন দত্ত বলেন, এখন বিভিন্ন বয়সী অনেক ছেলে ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণের জন্য আসে। ক্রিকেট ট্রেনিং একাডেমির প্রতিটিতে ১৫০ থেকে ২০০ ছেলে প্রশিক্ষণ নিচ্ছে। ক্রিকেটের প্রতি দিন দিন শিশু-কিশোরদের আগ্রহ বাড়ছে।
একাডেমিগুলোতে ছেলেদের বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য তৈরি করা হয়। বাছাই করা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় বয়সভিত্তিক টুর্নামেন্টের দলে। সেখান থেকে যারা ভালো করে, পর্যায়ক্রমে জেলা ও বিভাগভিত্তিক দলে তাদের জায়গা হয়।
জানা যায়, এসব একাডেমিতে আট-নয় বছর বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশু-কিশোর ও তরুণদের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয়। মাসে ৪০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় জনপ্রতি। প্রশিক্ষণ চলে সপ্তাহের প্রতিদিন। এম এ আজিজ স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে অনুশীলন করে। ওই একাডেমিতে প্রায় দেড় শতাধিক খুদে ক্রিকেটার অনুশীলন করে। এর পাশে পুরোনো টেনিস গ্রাউন্ডে অনুশীলন করে ইস্পাহানি ক্রিকেট একাডেমির শিক্ষার্থীরা। নতুন টেনিস গ্রাউন্ডের পাশের মাঠে অনুশীলন চলে চট্টগ্রাম ক্রিকেট একাডেমির শিক্ষার্থীদের। এ ছাড়া আউটার স্টেডিয়ামে ব্রাইট ক্রিকেট একাডেমিসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুশীলন করে নিয়মিত।
জানতে চাইলে ব্রাইট ক্রিকেট একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক এস এম মর্তুজা রায়হান বলেন, ‘আমাদের একাডেমিতে শতাধিক ছেলে শিখতে আসে। আমার একাডেমি থেকে অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ চট্টগ্রাম জেলা দলেও খেলছে কয়েকজন।’
চট্টগ্রামে ২০টির বেশি একাডেমি থাকলেও সবগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদিত কোচ নেই বলে অভিযোগ করেন এস এম মর্তুজা রায়হান।
তিনি বলেন, ‘বিসিবি কোচদের প্রশিক্ষণ করায়। আমরা কয়েকজন বিভিন্ন বয়সভিত্তিক দলের জন্য বিসিবির অনুমোদিত কোচ।’
এদিকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ তাঁর নিজের নামে চট্টগ্রামে ক্রিকেট একাডেমি গড়ে তুলেছেন বছর খানেক আগে। তিনি অনুশীলন করান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।
বিসিবির চট্টগ্রাম বিভাগীয় কোচ মোমিনুল হকের ব্রাদার্স একাডেমি অনুশীলন করে আউটার স্টেডিয়ামে। নিয়মিত দুই শতাধিক কিশোর ও তরুণ এই একাডেমিতে প্রশিক্ষণ করে। মোমিনুল হক বলেন, ‘আমার একাডেমি থেকে নিয়মিতভাবে বিভিন্ন জেলা ও বিভাগীয় দলে খেলছে। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ জাতীয় দলেও আমার একাডেমির নাইম হাসান ও সাখাওয়াত হোসেন রয়েছে।’
কিশোর-তরুণেরা কেউ সাকিব, কেউ মাশরাফি বা সাব্বির হওয়ার স্বপ্ন নিয়ে ক্রিকেট একাডেমিতে যাওয়া-আসা করছে। স্বপ্ন পূরণে বিভিন্ন ধাপ পাড়ি দিচ্ছে তারা। কিন্তু একটা আক্ষেপ তো থেকেই যায়, এত ক্রিকেট একাডেমি চট্টগ্রামে কিন্তু তামিমের পর আর কোনো ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেলেন না!