সাক্ষাৎকার
চট্টগ্রামের ১৫টি থানায় ১৭৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গত মঙ্গলবার বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় ভোট গ্রহণের মাধ্যমে শেষ হয়েছে। নির্বাচনী ফলাফলে দেখা যায়, বিএনপির চেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা দ্বিগুণের চেয়ে বেশি ইউনিয়নে জিতেছেন। এ নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ও বিএনপির সাধারণ সম্পাদক যথাক্রমে এম এ সালাম এবং আসলাম চৌধুরী কথা বলেন প্রথম আলোর সঙ্গে। এটা সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির প্রমাণ: সালামপ্রথম আলো: সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানের সংখ্যাই বেশি—বিষয়টিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? এম এ সালাম: আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি দেশের মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এ কারণে এবারের নির্বাচনে আমাদের দলীয়-সমর্থক চেয়ারম্যানরা বেশি জিতেছেন।প্রথম আলো: বিএনপির অভিযোগ, প্রশাসনিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ দলীয় সমর্থকদের জিতিয়ে আনা হয়েছে—এটা কি সত্যি?এম এ সালাম: অভিযোগ ভিত্তিহীন। ১৯৯৬ সালেও আওয়ামী লীগ সরকারের আমলে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও সেটাই প্রমাণিত হলো। চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা যে সুদৃঢ়, তা নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হয়েছে।প্রথম আলো: তৃণমূল পর্যায়ের এই স্থানীয় সরকারের নির্বাচন ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে কোনো প্রভাব ফেলবে কী?এম এ সালাম: ইউপি নির্বাচন একান্তই স্থানীয়ভাবে অনুষ্ঠিত নির্বাচন। এই নির্বাচনে বিজয়ীরা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে বেশি সম্পৃক্ত। এঁরা জাতীয় রাজনীতিতে তেমন কোনো প্রভাব সৃষ্টি করবে বলে মনে হয় না।আন্দোলন নিয়ন্ত্রণের কৌশল নিয়েছে সরকার: আসলামপ্রথম আলো: সাধারণ মানুষ মনে করেন, এবারের ইউপি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে। আপনিও কি তা মনে করেন? আসলাম চৌধুরী: নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হলেও অবাধ ও নিরপেক্ষ হয়নি। অবাধ হলে বিএনপির সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থীরা আরও বেশি হারে বিজয়ী হতেন। প্রথম আলো: কীভাবে সরকার এ নির্বাচনকে প্রভাবিত করেছে বলে আপনাদের ধারণা?আসলাম চৌধুরী: হামলা চালিয়ে এবং মামলা দিয়ে আমাদের অনেক দলীয় নেতাকে কৌশলে নির্বাচন থেকে বিরত রাখা হয়। আবার নির্বাচনের সময় দলের লোকজন যাতে প্রার্থীর পক্ষে ভালোভাবে কাজ করতে না পারে, সে ব্যবস্থা করেছে প্রশাসন। এ ছাড়া নির্বাচনের দিন ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।প্রথম আলো: সরকারের এটা করার উদ্দেশ্য কী?আসলাম চৌধুরী: সরকার মনে করেছে, তৃণমূল পর্যায়ের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হলে এটা করা দরকার। দেখুন দক্ষিণ জেলার চেয়ে উত্তর জেলায় বিএনপি-সমর্থিত ইউপি চেয়ারম্যান কম জিতেছেন। উত্তর জেলার রাজনৈতিক গুরুত্ব বেশি। রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের সরাসরি যোগাযোগব্যবস্থা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার বিষয়টিকে মাথায় রেখে সরকার প্রশাসনকে ব্যবহার করে এই অঞ্চলে বেশি হারে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের জিতিয়ে এনেছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে উত্তর জেলায় বিএনপি-সমর্থক আরও বেশি ইউপি চেয়ারম্যান বিজয়ী হতেন। সরকারবিরোধী তুমুল আন্দোলন শুরু হলে এখান থেকে আন্দোলন জোরদার হতে পারে।