২১ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল-প্রথম আলো পুরস্কারের ১৯তম আসর। বরাবরের মতো এবারও এই অনুষ্ঠানে এসে কোনোরকম বৈদ্যুতিক সংযোগ ছাড়াই আলো ছড়িয়েছেন বিনোদনজগতের তারকারা। একসঙ্গে এত তারকাকে কাছে পেয়ে হাত গুটিয়ে বসে থাকেনি রস+আলো। নিয়েছে রস সাক্ষাৎকার। পড়ুন এবং আলোকিত হোন।
সাক্ষাৎকারগুলো নিয়েছেন: মো. মিকসেতু, আবদুল্লাহ মামুর, সঞ্জয় সরকার, মাহবুব আলম ও রাফি আদনান

এটিএম শামসুজ্জামান
প্রশ্ন: এটিএম বুথ আর এটিএম শামসুজ্জামানের মধ্যে পার্থক্য কী?
উত্তর: একটা টাকার গোলা, আরেকটা ফহিন্নির পোলা।

চঞ্চল চৌধুরী
প্রশ্ন: পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে কেন?
উত্তর: ঘুরে ঘুরে রোদ পোহায়।
প্রশ্ন: কোন ব্যাপারটা বোঝেন নাই?
উত্তর: আরে, বোঝো নাই ব্যাপারটা?

নাদিয়া
প্রশ্ন: জীবনে কোন বইটি পড়ে খুব কেঁদেছেন?
উত্তর: ইকোনমিকস বই।

পড়শী
প্রশ্ন: মানুষ দুই হাতে তালি বাজায় কেন?
উত্তর: মানুষের যে দুইটা হাত আছে, সেটা তো একটা কাজে লাগাতে হবে!
প্রশ্ন: জীবনে বড় হতে হলে কী করতে হবে?
উত্তর: দড়ি নিয়ে লাফালাফি করতে হবে।

ফজলুর রহমান বাবু
প্রশ্ন: দেশে দিন দিন সিনেমা হলগুলো বন্ধ হচ্ছে কেন?
উত্তর: কারণ, সিনেমা হলে ভারতীয় সিরিয়াল দেখানো হয় না।
প্রশ্ন: অস্কার পেলে কেমন লাগবে?
উত্তর: মেরিল-প্রথম আলো পুরস্কারই পাচ্ছি না, আবার অস্কার!

মেহজাবিন
প্রশ্ন: সকালে উঠে কী খেতে ইচ্ছে করে, যা এখনো খাননি?
উত্তর: ডিনার।

শহীদুজ্জামান সেলিম
প্রশ্ন: নাটকের মাঝে বিজ্ঞাপন না থাকলে কেমন লাগত?
উত্তর: লবণ ছাড়া তরকারি যেমন লাগে, তেমন লাগত।

আসিফ আকবর
প্রশ্ন: ‘ও প্রিয়া তুমি কোথায়’, প্রিয়াকে কি এখনো খুঁজছেন?
উত্তর: আমি খুঁজি না, এটা গীতিকার আর শ্রোতারা খোঁজেন।
প্রশ্ন: ফেসবুকে ঢুকতে গিয়ে দেখলেন, আপনার আইডি ডিজঅ্যাবল হয়ে গেছে, কী করবেন?
উত্তর: আমার আইডি ডিজঅ্যাবল করার ক্ষমতা জাকারবার্গেরও নেই।

অমিতাভ রেজা
প্রশ্ন: রুপালি পর্দা আর জানালার পর্দার মধ্যে পার্থক্য কী?
উত্তর: একটাতে নিজের পছন্দমতো নায়িকা দেখা যায়, আরেকটায় শুধু পাশের বাড়ির মেয়ে দেখা যায়।

জান্নাতুল পিয়া
প্রশ্ন: ক্যাটওয়াক আর মুনওয়াকের মধ্যে পার্থক্য কী?
উত্তর: আমি একটা পারি, আরেকটা পারি না।

আফসানা মিমি
প্রশ্ন: নিজের কোন ছবিটা দেখে ভয় পেয়েছিলেন?
উত্তর: এইমাত্র যেটা তুললেন।

অনন্ত জলিল
প্রশ্ন: আমরা রস+আলো থেকে এসেছি। কিছু যদি বলতেন...
উত্তর: কী বলব, সবই তো রস!

অনিমেষ আইচ
প্রশ্ন: সাধারণ আইস আর অনিমেষ আইচের মধ্যে মিল কোথায়?
উত্তর: দুটিই খুব ঠান্ডা স্বভাবের।

ঈশিতা
প্রশ্ন: কী জিজ্ঞেস করলে বেশি খুশি হবেন?
উত্তর: কিছু না জিজ্ঞেস করলেই বেশি খুশি হব।

কুসুম শিকদার
প্রশ্ন: জীবনে কার মতো হতে চান?
উত্তর: কুসুম শিকদারের বেটার ভার্সন।

নাবিলা
প্রশ্ন: আপনার ঘরবাড়ি দুলছে, ভূমিকম্প হচ্ছে কি না, কীভাবে বুঝবেন?
উত্তর: ফেসবুকে ঢুকে দেখব।

সাফা কবির
প্রশ্ন: কী পেলে বেশি খুশি হন?
উত্তর: শুটিংয়ে ভালো খাবার পেলে।

মোশাররফ করিম
প্রশ্ন: এই অনুষ্ঠানে এসে রস+আলোকে সাক্ষাৎকার দিতে হচ্ছে, কেমন লাগছে?
উত্তর: ভালো লাগছে না। না না, লেখেন, ভালো লাগছে।
প্রশ্ন: পর্দায় মোশাররফ করিম ‘সেই রকম ঝালখোর, চা খোর...’, বাস্তবে তিনি কী খোর?
উত্তর: বাস্তবে আমি ‘নো’ খোর মানে কোনো কিছুর খোর নই।

আফরান নিশো
প্রশ্ন: কল্পনা করুন, আপনি একটা নৌকায়। নৌকা ডুবে গেল। হাঙর আপনাকে আক্রমণ করছে। কী করবেন?
উত্তর: কল্পনা করা বন্ধ করে দেব।

অরুণা বিশ্বাস
প্রশ্ন: বাসা থেকে বের হওয়ার সময় জুতা ছিঁড়ে গেল, কী করবেন?
উত্তর: আরেক জোড়া জুতা পরে বের হব।
প্রশ্ন: ক্রিকেট বল এত ছোট কেন?
উত্তর: ছোটদের পিটিয়ে পার পাওয়া যায় বলে।

টয়া
প্রশ্ন: ছোটবেলায় কী হতে চেয়েছিলেন কিন্তু যা এখন হতে চান না?
উত্তর: বড় হতে চেয়েছিলাম। এখন চাই না।

মিথিলা
প্রশ্ন: জীবনে কার মতো হতে চেয়েছিলেন, আর কার মতো হয়েছেন?
উত্তর: মিথিলার মতো হতে চেয়েছিলাম, কিন্তু মিথিলার মতো হয়েছি!

সিয়াম
প্রশ্ন: ফেসবুকে আপনার স্ক্রিনশট ফাঁস হওয়ার আশঙ্কা কতটুকু?
উত্তর: কোনো আশঙ্কা নেই। প্রশ্ন ছাড়া এখন কিছু ফাঁস হয় না।

নাদিয়া নদী
প্রশ্ন: আপনি টানা আট দিন না ঘুমিয়ে থাকতে পারবেন? পারলে কীভাবে?
উত্তর: খুব সহজ, তখন শুধু রাতে ঘুমাব।

জোভান
প্রশ্ন: পুরস্কার পেলে কী করবেন?
উত্তর: বাসায় নিয়ে যাব।
প্রশ্ন: ভালো হতে পয়সা লাগে না, তবু সব মানুষ ভালো হয় না কেন?
উত্তর: ফ্রি জিনিসের মূল্য কম।

শেহতাজ
প্রশ্ন: কখন বুঝলেন আপনি অভিনয়শিল্পী?
উত্তর: যেদিন গ্লিসারিন ছাড়াই কাঁদতে পারলাম।